এ পথে অনেক রোদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: নিয়াজ চৌধুরী
অলংকরণ: নিয়াজ চৌধুরী

মিলির আজ জন্মদিন। তবে বাসায় তেমন কোনো আয়োজন নেই। তা নিয়ে মিলির কোনো মাথাব্যথাও নেই। মিলির জন্মদিন বরাবরই অন্য দিনগুলোর মতো সাধারণভাবেই কাটে।
মিলির বাবা মুক্তাদির শেখ কর্মব্যস্ত মানুষ। তা ছাড়া জন্মদিন উদ্যাপনে তার একটু অনিচ্ছাও আছে। কেন? তা কখনো জানার প্রয়োজন মনে করেনি মিলি ও লিলি। লিলি, মিলির ছোট বোন। ক্লাস সেভেনে পড়ে; এর মধ্যেই পাকনামি দেখানোর জন্য বন্ধু ও আত্মীয় মহলে ভালোই খ্যাতি পেয়েছে লিলি। আর মিলি ইন্টারমিডিয়েটের ছাত্রী। সেকেন্ড ইয়ার।
সকাল থেকেই মিলি হালকা সাজগোজ করছে। যদিও কলেজে যাওয়ার সময় মিলি সাধারণত সাজগোজ করে না। কলেজ ফাংশন থাকলেও না। তবে আজকের সাজগোজের একটা কারণ আছে। কলেজের নাম করে মিলি আজ ঘুরতে যাবে রিয়াদের সঙ্গে। বিষয়টা অনেক গোপন। বাসায় জানলে কুরুক্ষেত্র লেগে যাবে। কিন্তু ইতোমধ্যে কারণটা বুলবুলি জেনে ফেলেছে। বুলবুলি মিলিদের কাজের মেয়ে। বুলবুলিদের বাড়ি নরসিংদীর আফতাবনগর, মিলিদের গ্রাম। বিছানা ঝাড়ু দেওয়ার সময় মিলির বালিশের নিচে একটি চিঠি পেয়েছে বুলবুলি আর সেখান থেকেই সব জেনে গেছে। অবশ্য ৩০ টাকার বিনিময়ে বুলবুলির মুখ বন্ধ করা গেছে।
রিয়াদ মিলিদের পাশের ফ্ল্যাটে থাকে, একটা এনজিওতে চাকরি করে। কয় দিন আগে রিয়াদ একটা চিঠি দিয়েছে মিলিকে। মিলি খুব গোপনে পড়েছে চিঠিটা। সে ভেবে পায় না এই অনলাইনের যুগে কীভাবে একটা মানুষ চিঠি লিখতে পারে। তবে চিঠি পড়ে মিলির খারাপ লাগেনি। রিয়াদের চিঠি লেখার হাত অনেক সুন্দর। মানুষ কীভাবে এত সুন্দর করে প্রেমের কথা বলতে পারে ভেবে পায় না মিলি। মিলিরও ইচ্ছে করে রিয়াদ ভাইকে চিঠি লিখতে। কিন্তু মিলি লজ্জা পায়। ভয়ও হয়।
রিকশা থেকে নেমে একটা দোকানের সামনে দাঁড়াল রিয়াদ। এখানেই মিলির আসার কথা রয়েছে। পাশেই অনেকগুলো ফুলের দোকান। রিয়াদের ইচ্ছা হচ্ছে কিছু গোলাপ কিনতে। মিলি হয়তো খুব খুশি হবে। কিন্তু রিয়াদের লজ্জা করছে। হাত–পা শক্ত হয়ে আসছে। মিলির সামনে গেলে এমনভাবেই হাত–পা শক্ত হয়ে যায় রিয়াদের। বুক ধড়ফড় করে। কিন্তু মিলি তো এখন রিয়াদের সামনে নেই। তবু বুক ধড়ফড় করছে। কারণ কী ভেবে পায় না রিয়াদ। কিন্তু মিলি আসতে কেন দেরি করছে। অবশ্য রাস্তাঘাটে কোনো কারণে দেরি হতে পারে। তার মধ্যে কদিন থেকে ঢাকার অবস্থা বেশি ভালো না। একটা না একটা হাঙ্গামা লেগেই আছে। রিয়াদ এদিক–সেদিক হাঁটাহাঁটি করছে। একটু সামনে একটা বড় ভিড় তৈরি হয়েছে। কী যেন বলে স্লোগান দিচ্ছে কয়েকজন যুবক। অল্প কিছুক্ষণের মধ্যেই পুলিশের গাড়ি চলে এল। পরিবেশটা ভালো লাগছে না রিয়াদের। অন্যদিকে চলে যাওয়া দরকার। হঠাৎ শব্দ। পরপর চারবার। সম্ভবত বিস্ফোরণের। আশপাশের লোকজন দিগ্বিদিক ভুলে যে যেদিকে পারছে ছোটাছুটি শুরু করেছে। পাশের দোকানে শুধু শাটার নামানোর আওয়াজ শোনা যাচ্ছে। কেউ একজন স্বপ্রণোদিত হয়ে রিয়াদকে টেনে দোকানের ভেতরে ঢোকানোর চেষ্টা করল। কিন্তু রিয়াদের পা যেন থেমে গেছে। কী করবে বুঝতে পারছে না রিয়াদ। সামনে একটা ছোটখাটো জটলা দেখা যাচ্ছে। কী মনে করে রিয়াদ একটু সামনে এগিয়ে গেল। দুজন মানুষ আহত হয়ে পড়ে আছে। ভিড় ঠেলে একটু সামনে যেতেই রিয়াদের বুকটা কেঁপে উঠল। মিলি অচেতন পড়ে আছে। মিলিকে দ্রুত হাসপাতালে নিতে হবে।
শাহজাহানপুর রেলওয়ে কলোনি, ঢাকা।