এ বছর কথা যেন রাখি...

নতুন বছর। ভেবেছিলেন তারিখ আর দেয়ালের ক্যালেন্ডারের মতো নিজেকেও খানিকটা বদলে ফেলবেন। কেউ হয়তো প্রতিজ্ঞা করেছিলেন নতুন বছর থেকে ধূমপান ছেড়ে দেবেন, কারও সংকল্প ছিল ওজন কমানোর...এমন কত–কী। বছরের প্রথম দিন থেকেই কঠোরভাবে শুরু হলো প্রতিজ্ঞা রাখার চেষ্টা। কদিন বাদেই চেষ্টায় খানিকটা ঢিলেঢালা ভাব চলে এল কি? হতাশ হয়ে হয়তো ভাবতে শুরু করেছেন, ‘নাহ, এ বছর আর হবে না। আগামী বছর থেকে নাহয়...’
একটি জরিপে দেখা গেছে, নতুন বছরের প্রতিজ্ঞা যা–ই হোক না কেন, অধিকাংশ ক্ষেত্রে দ্বিতীয় সপ্তাহ থেকে প্রতিজ্ঞার জোর কমতে থাকে। কীভাবে নতুন বছরে নতুন মানুষ হয়ে উঠতে পারেন? কেমন করে রাখবেন নিজের কাছে করা নিজের প্রতিজ্ঞা? বিসিআর পেইন থেরাপি অ্যান্ড ওয়েলবিয়িং সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ডা. সানজিদা শাহরিয়া বলেন, ‘প্রথমেই প্রয়োজন একটা সুন্দর পরিকল্পনা। নতুন বছরে আমার যদি ইচ্ছা থাকে আমি একটা বাড়ি বানাব, আগেই পুরো কর্মপরিকল্পনাটা করে নিতে হবে। কত টাকা লাগবে, কোথা থেকে ইট কিনব, বালু কিনব, কবে প্রকৌশলীর সঙ্গে কথা বলব...প্রতিটি খুঁটিনাটি ভাবতে হবে। ঠিক তেমনি নিজেকে বদলাতে হলেও আগে পরিকল্পনা করতে হবে।’ ধাপে ধাপে নিজেকে বদলানোর কিছু কৌশলের কথা জানালেন সানজিদা শাহরিয়া।
কারণ অনুসন্ধান
ধরুন, আপনি ধূমপান ছাড়তে চান। শুরুতেই আপনাকে খুঁজে বের করতে হবে, আপনি কেন ধূমপান করেন। হয়তো বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে গিয়ে, মানসিক চাপ কিংবা অন্য কোনো কারণে। আপনি হয়তো অতিরিক্ত ফেসবুকে আসক্ত। নতুন বছরে ভেবেছিলেন, ফেসবুকে আসক্তি কমিয়ে আনবেন। আগে ভেবে বের করুন, কেন ‘অফলাইন’ থাকা আপনার জন্য কঠিন হয়ে যাচ্ছে। কারণটা জানা হলে ব্যবস্থা নেওয়া সহজ হবে।
পরিবর্তনের পরিকল্পনা
মানুষের মস্তিষ্ক ‘না’ শুনতে অভ্যস্ত না। যেমন: কাউকে ভুলে যেতে চাইলে আপনি যতই মনে মনে বলবেন, ‘আমি ওকে নিয়ে আর ভাবব না’, ততই তাকে মনে পড়বে। এক ধাক্কায় অনেক দিনের অভ্যাস পরিবর্তন করে ফেলা কঠিন। বদলাতে হবে ধাপে ধাপে, ধীরে ধীরে।
যেমন ধরুন, আপনি ধূমপান ছাড়তে চান। ‘আজ থেকে আর ধূমপান করব না’—এই ঘোষণা দিয়ে কাজ হবে না। কারণ, আপনার শরীর একটা নির্দিষ্ট পরিমাণ নিকোটিনে অভ্যস্ত হয়ে উঠেছে। প্রথমে ছোট ছোট লক্ষ্য ঠিক করতে হবে, অভ্যাস বদলাতে হবে ধীরে ধীরে। এই পরিকল্পনা নিজেকেই করতে হবে।
নিজেকে বাহবা দিন, উদ্যাপন করুন
নিজেকে অনুপ্রেরণা দেওয়াটা খুব জরুরি। ধরুন, ওজন কমানোর প্রতিজ্ঞা করেছিলেন। যখন একটুখানি ওজন কমল, নিজেই নিজেকে বাহবা দিন। উদ্যাপন করুন। তাই বলে এক কেজি ওজন কমার খুশিতে উদ্যাপন করতে গিয়ে প্রচুর খেয়ে ফেলবেন, আর তাতে দুই কেজি ওজন বেড়ে যাবে—এমনটাও যেন না হয়। নিজেই নিজেকে কিছু উপহার দিন, কিছুটা ভালো সময় কাটান।
নতুন বছরের সংকল্প কীভাবে রক্ষা করা যায়, সে সম্পর্কে কিছু পরামর্শ দিয়েছে অনলাইন সংবাদ সংস্থা ডেইলি মেইল। গবেষকদের মতে, ঠিকমতো ঘুম না হওয়া ইচ্ছাশক্তি দুর্বল হয়ে যাওয়ার অন্যতম কারণ। তাই নিজের প্রতিজ্ঞায় অটল থাকতে হলে পর্যাপ্ত ঘুম প্রয়োজন। নিয়মিত হালকা ব্যায়াম মনোবল ঠিক রাখতে সাহায্য করে। আপনার প্রতিজ্ঞা যা–ই হোক, দিনের শুরুতে হালকা ব্যায়াম করার অভ্যাস করুন।