এ বছরটা কাঠের ঘোড়ার!

গেল বছর ছিল সাপের। এ বছর কাঠের ঘোড়ার। দুনিয়াজুড়েই এবার অনেক আগুন, বিস্ফোরণ, সংঘাত-সংঘর্ষ আর অনেক কেলেঙ্কারির আশঙ্কা আছে। আর এসবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারেন ‘ঘোড়া মানবেরা’। তবে, এসব লঙ্কাকাণ্ডে নাকি ওলটপালট হয়ে যেতে পারে দুনিয়ার অনেক হিসাব-নিকাশই। চীনের চান্দ্রবর্ষের হিসাবে ২০১৪ সালকে বরণ করে নিয়ে এমনটাই বলেছেন দেশটির জ্যোতিষীরা। এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে হাফিংটন পোস্ট।
চীনা সংস্কৃতির মানুষদের জন্য এবারের নববর্ষের প্রথম দিনটি ছিল গত মাসের শেষ তারিখে, শুক্রবার, ৩১ জানুয়ারি। চীন, তাইওয়ান, সিঙ্গাপুরসহ দুনিয়ার নানা দেশ নানা প্রান্তে বসবাসকারী চীনারা জাঁকজমকপূর্ণভাবেই বর্ষবরণ করেছেন। বর্ষবরণের উত্সব তো চলবে আরও দু-এক সপ্তাহজুড়েই। কিন্তু কীভাবে কাটবে নতুন বছর? এ নিয়ে ‘ফেং সুই’ গুরুদের মতামতকেই সবচেয়ে বেশি গুরুত্বের সঙ্গে বিবেচনা করেন চীনা নাগরিকেরা।
ফেং সুই গুরুদের সতর্কবাণী
চীনের বিখ্যাত ফেং সুই গুরু আলিয়েন ইয়ো বলেছেন, ‘এ বছরটা যেহেতু কাঠের ঘোড়ার এবং কাঠ যেহেতু খুবই দাহ্যপদার্থ, তাই এ বছরে অনেক সংঘাত-সংঘর্ষ, বিস্ফোরণ আর নানা কেলেঙ্কারির আশঙ্কা আছে।’ ফেং সুই গুরুর মতে, চীনা চান্দ্রবর্ষের হিসাবে এবার প্রথম, চতুর্থ ও সপ্তম মাস অর্থাত্-ফেব্রুয়ারি, মে ও আগস্ট মাস নিয়ে অনেক আশঙ্কা আছে। কূটনৈতিক উত্তেজনা থেকে শুরু করে সশস্ত্র লড়াই—সবই ঘটতে পারে এ সময়ে।
আক্ষরিক অনুবাদে ‘ফেং সুই’ অর্থ হলো ‘বায়ু-পানি’। চীন ছাড়াও এশিয়ার নানান অংশেই এই তত্ত্ব অনুযায়ী নিজেদের ঘরবাড়ি, অফিস আর দোকানপাটের স্থাপত্য নকশা থেকে শুরু করে অনেক জীবনাচরণ খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করেন এর অনুসারীরা। এদিকে, ফেং সুই গুরুদের পাশাপাশি ভবিষ্যত্-বক্তারাও বলছেন, গেল বারের সাপের বছরের মতো এবারের কাঠের ঘোড়ার বছরটা নিয়ে সংঘাত-সহিংসতা আর উত্থান-পতনের নানা ঘটনা ঘটতে পারে।
ঘোড়া মানবেরা সাবধান!
সংখ্যাতত্ত্বের বিচারে ২০১৪ সালের মতোই ২০০২, ১৯৯০, ১৯৭৮ এবং ১৯৬৬ সালও ছিল কাঠের ঘোড়ার বছর। এসব সালে জন্মগ্রহণকারীরাই হলেন ‘ঘোড়া মানব’। ফলে এবারের বছরটায় নানান দৈব-দুর্বিপাকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় থাকবেন ঘোড়া মানবেরা। জ্যোতিষী টিং-ফুন চিক জানিয়েছেন, এবার কাঠের ঘোড়ার সঙ্গে প্রভাব থাকবে আগুনের। ফলে কাঠ ও আগুনের বিপদের কথা মাথায় রেখে বাঁধভাঙা আবেগ বা অদম্য স্পৃহাগুলোর বিষয়ে সতর্ক হতে হবে মানুষকে।
চীনা চান্দ্রবর্ষের টুকিটাকি
চান্দ্র নববর্ষের উত্সব চীনে ‘নিয়ান উত্সব’ হিসেবেও পরিচিত। বর্ষবরণের প্রস্তুতি থেকে শুরু করে প্রায় দুই সপ্তাহব্যাপী চলতে থাকে এ উত্সব। নববর্ষের উত্সব দিয়ে শুরু এবং খানিকটা বিরতি দিয়ে বসন্ত উত্সব পর্যন্ত গড়িয়ে শেষ। ফলে এ উত্সব আসলে বসন্ত আবাহনের দিকেই ধাবিত।
চীনের শাং সাম্রাজ্যের সময় থেকে এই চান্দ্রবর্ষের প্রবর্তন ঘটে। চাঁদের ১২ মাসকে ১২টি প্রাণীর প্রতীকে চিহ্নিত করা হয়েছে এই বছর গণনায়। আবার প্রতিবছরকেই একটি প্রাণীর প্রতীকে বিবেচনা করা হয়ে থাকে এই রীতিতে। সংখ্যার বিচারে নির্ধারিত প্রাণীর সঙ্গে বছরের ওপর প্রভাব থাকবে আগুন, পানি, মাটি, কাঠ ও ধাতুর যেকোনো একটির। অর্থাত্ যে প্রাণীর নামে বছরকে ডাকা হবে, তার সঙ্গে বিবেচনা করতে হবে এদের সম্পর্ককে। সেই হিসাবে ২০১৪ সাল বা কাঠের ঘোড়ার বছরে প্রভাব থাকবে আগুনের।
চীনা নববর্ষের উত্সব অত্যন্ত জাঁকজমকপূর্ণ হয়ে থাকে। বিপুল খাদ্য-পানীয় সহযোগে পরিবার-পরিজনদের সঙ্গে সময় কাটানো এ উত্সবের অন্যতম প্রধান বৈশিষ্ট্য। এই উত্সবের সময় সৌভাগ্যের প্রতীক হিসেবে লাল রঙের পোশাক-আশাক পরার প্রতি ঝোঁক থাকে মানুষের। শিশু-কিশোর ও নিকটাত্মীয়দের হাতে হাতে লাল খামে পুরেই নববর্ষের সালামি পৌঁছে দেন পরিবারের অগ্রজ সদস্যরা।