এ মর্নিং উইথ চৈতী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চৈতী আমার মামাতো বোন। সে আমার থেকে প্রায় ১০০ হাত দূরে থাকে এবং আমাকে দেখলে ভ্রু কুঁচকিয়ে তাকায়, যেন আমি একটা জেল পালানো আসামি, যদিও আমি তার থেকে ১৬ বছরের বড়। কিন্তু, এই অপছন্দটা যে কবে প্রীতিবোধে রূপান্তরিত হলো, বুঝতেই পারিনি। এক সকালে (অবশ্যই শীতের সকালে) লেপের নিচে পড়ে আছি। মামি এসে সেই পড়ে থাকাটা মাটি করে দিলেন। চৈতী নাকি বায়না ধরেছে, আমার সঙ্গে ‘জকি’কে নিয়ে হাঁটতে যাবে। জকি আমার মামার পোষা (দেশি) কুকুর। শীতের সময় মামার বাতের ব্যথা বেকায়দা রকমের বেড়ে যায়। তাই বেচারা কুকুরটারও হাঁটা হয় না। (দেশি কুকুরের বিদেশি নাম রাখার পেছনে কোনো যৌক্তিকতা খুঁজে পাইনি)। যা হোক, বেশ খুশিই হলাম। চৈতী আমার ‘জানি দুশমন’। আমার সঙ্গে ঘুরতে যাবে, নিমরাজি না হয়ে ফুলরাজি হয়ে গেলাম। ঠিক এরপর আমরা তিন মূর্তি হাজির হলাম রাস্তার ফুটপাতে। শীতে আমার অবস্থা বেগতিক। সোয়েটার, জ্যাকেটফ্যাকেটে ব্যাপক অবস্থা। দুই হাত বগলের নিচে দিয়ে যে হাঁটব, তারও উপায় নেই। জকির চেইন যে আমার হাতে। চৈতী ওদিকে জবুথবু হয়ে হাঁটছে।বেশ আয়েশে কুকুরটাও হাঁটছে ঢিমেতেতালায়। চারদিকে কুয়াশা। রাস্তায় বেঢপ সাইজের মানুষ হাঁটাহাঁটি করছে। ট্রাফিক সার্জেন্টের মতো হাত মেলে এদিক-ওদিক ঘুরছে। তাদের ভেতর আমরা মোটামুটি বেমানানই বটে। চৈতী প্রথম হাসিমুখে আমাকে বলল, ভাইয়া। : জি আপু। বলো বলো...: আমি না জানো ‘বডি ওয়ার্মিং’-এর মন্ত্র জানি। নিতান্ত ছেলেমানুষি কথা। : তাই নাকি...বাব্বা। : তুমি কি বডি ওয়ার্মআপ কত্তে চাও?: অফকোর্স। ব্যস, নিজের পাতা ফাঁদে বুঝি নিজেই পড়লাম। আমি কিছু বুঝে ওঠার আগেই চৈতী আমার হাত থেকে জকির চেইনটা নিয়ে ছেড়ে দিল। উল্লেখ্য, জকির কিছু হলে মামা আমার একটা কিছু করে দেবে। সেই ‘কামিনে’ কুকুরটাও এতক্ষণ মরা হাঁটা হেঁটে এবার মেইল ট্রেন হয়ে ছুট দিয়েছে। আমিও দৌড় দিয়েছি। চৈতীও খিকখিক করে হেসে ফেলেছে। কুকুরের গতিবেগ ঘণ্টায় ২৫ কিমি। মানুষের ১০ কিমি, আমার ৮ কিমি.। ব্যস, কিছুক্ষণের ভেতরই কুকুর হাতছাড়া হয়ে কুয়াশায় মিলে গেল। আমার তখন মাথায় বজ্রপাত ঘটল এবং আকাশ ভেঙে পড়ল। পেছনে ফিরে দেখি, চৈতী নেই। ততক্ষণে আমার জ্যাকেটটা মাজায় বাঁধা হয়ে গেছে। পাজিটাকে খুঁজতে আবার দৌড়, কুকুর গেলে যাক। চৈতী গেলে আজ বাড়িই ফেরা হবে না। আমি প্রাণপণে পাশের পার্কে ঢুকে হন্যে হয়ে খুঁজছি। কোথায় গেল বদটা। নাক দিয়ে কুয়াশা ঢুকে গলা দিয়ে পিসপিস শব্দ বের হচ্ছে। হঠাৎ একজনের ডাকে আমার কান খাড়া হয়ে গেল। এক পিঠাওয়ালা সামনে ভাপা পিঠা নিয়ে বসে আছে। আমাকে ডাকছে। : ভাইসাব, ১০ ট্যাকা। : মানে?: আপনের বুইন, হুঁ বুইনি তো....দুইডা পিঠা খাইল। আপনারে দেখাইয়া বুলল ট্যাকা নিতি। : ও কোথায়? : ওদিক গেল, আমার ট্যাকা...: ধ্যাৎ। আমি ছুটি। পেছন পেছন পিঠাওয়ালাও ছোটে। সে বেয়াড়াভাবে চিৎকার করে যাচ্ছে, ‘পালাচ্ছে, পিঠি খেইয়ি পালাচ্ছে।’আমি থামি তাই, পাগল? হঠাৎ আমার সামনে থেকে এক (বেঢপ) ভদ্রলোক ঊর্ধ্বশ্বাসে ছুটে এসে আমার গায়ের ওপর পড়ল। : ভাই, ওদিকে যাচ্ছেন কেন? গলায় চেন বাঁধা পাগলা কুকুর...ও আল্লা...সব্বাইকে খেদিয়ে বেড়াচ্ছে। ও গড...হোয়াট আ হেল। আমি আবার দৌড় ধরি। আমার ফুলহাতা গেঞ্জিটা মাজায় বাঁধা হয়ে গেছে। গায়ে স্যান্ডো গেঞ্জি। অথচ শীত লাগছে না। মিরাকল। আমি পার্কের ও মাথায় গিয়ে জকিকে কোনোমতে ধরে একটা গাছে বেঁধে রেখে আবার চৈতীর চিন্তায় ডুবলাম। পিঠাওয়ালা বোধহয় পুলিশ ডাকতে গেছে। তখনই আমার সামনেই দেখি চৈতি এক পিচ্চির বেলুন হাতে নিয়ে ছুটছে। পিচ্চিটাও তারস্বরে চিৎকার করে তার বেলুন বাঁচাতে দৌড়াচ্ছে। আমি দৌড়ে চৈতীর হাত থেকে বেলুনটা নিয়ে পিচ্চিটার হাতে দিয়ে আবার দুজন জকির কাছে ফিরে আসি। দেখি, কয়েকটা টোকাই ওর ঘাড়ে ওঠার চেষ্টা করছে। কান মলছে, অথচ জকিটা কিচ্ছু বলছে না। আজব কুত্তা! আমি ধপ করে বসে পড়ি। ফোঁস ফোঁস করে নিঃশ্বাস নিচ্ছি। আর চৈতী পাশে বসে বলছে, ‘বডি ওয়ার্ম হয়ে গেছে, ভাইয়া? মন্ত্রটা ভালো না, বলো?’ আমি কড়া একটা ধমক দিতে গিয়েও থেমে গেলাম। ওর মাথার চুলগুলো হাত দিয়ে এলোমেলো করে দিলাম। বন্ধুত্বটা বোধ হয় হয়েই গেল। কুষ্টিয়া।