এ মাসে চালু হতে পারে দোহাজারী বিদ্যুৎ উৎ পাদনকেন্দ্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় এক হাজার ১০০ কোটি টাকা ব্যয়ে দক্ষিণ চট্টগ্রামের তৃতীয় বিদ্যুৎ উৎ পাদনকেন্দ্র দোহাজারী ১০০ মেগাওয়াট পিকিং পাওয়ার প্লান্টের কাজ প্রায় শেষ পর্যায়ে। চলতি মাসের মাঝামাঝি প্রকল্পে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎ পাদন শুরু করা যাবে বলে আশা করা হচ্ছে। প্রকল্প সূত্র জানায়, চলতি বছর জানুয়ারি মাসে প্রকল্পের কাজ শুরু হয়। কাজ শেষ হওয়ার কথা ছিল ১৭ আগস্টের মধ্যে। এ পর্যন্ত প্রায় ৯০ ভাগ কাজ শেষ হয়েছে। কিন্তু সাম্প্রতিক বৃষ্টি ও বন্যা পরিস্থিতির কারণে কাজে ব্যাঘাত সৃষ্টি হওয়ায় সংশ্লিষ্ট ঠিকাদার আরও চার সপ্তাহ সময় চেয়েছেন। এটি হবে দক্ষিণ চট্টগ্রামের তৃতীয় বিদ্যুৎ উৎ পাদন কেন্দ্র। এর আগে পটিয়ার শিকলবাহায় ৬০ মেগাওয়াট এবং ১০০ মেগাওয়াটের আরও দুটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়। নতুন প্রকল্পটি চালু হলে দক্ষিণ চট্টগ্রামসহ এ অঞ্চলে বিদ্যুতের লোড শেডিং থেকে কিছুটা মুক্তি পাওয়া যাবে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন। প্রকল্পসূত্রে জানা গেছে, প্রকল্পটির নির্মাণকাজ করছে চীনা প্রতিষ্ঠান গুয়াং ডং এবং বাংলাদেশের পান্না ট্রেডার্স অ্যান্ড ন্যাশনাল ট্রেডিং। সবকিছু ঠিকঠাক থাকলে এ মাসে পরীক্ষামূলক উৎ পাদনের পর যেকোনো দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদ্যুৎ কেন্দ্রটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। দোহাজারী বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের প্রায় ১০ একরের মতো নিজস্ব ভূমিতে নির্মাণাধীন পিকিং পাওয়ার প্লান্ট এলাকা ঘুরে দেখা গেছে, কয়েক শ শ্রমিক, কর্মকর্তা ও প্রকৌশলী কাজ করছেন। প্রকল্পটি প্রথম দিকে শুধু ফার্নেস অয়েল দিয়ে চালানোর মতো করে নির্মাণের পরিকল্পনা ছিল। পরে সিদ্ধান্ত পরিবর্তন করে বর্তমানে দ্বৈত জ্বালানিতে (গ্যাস ও ফার্নেস অয়েল) চালানোর উপযোগী করে নির্মাণ করা হচ্ছে। দোহাজারী পর্যন্ত এখনো গ্যাসলাইন না আসায় আপাতত প্রকল্পটি পুরোপুরি ফার্নেস অয়েল দিয়ে চালানো হবে। তবে পরবর্তী সময়ে গ্যাসলাইন-সংযোগ পাওয়া গেলে গ্যাসের মাধ্যমে উৎ পাদন কাজ চালানো হবে। ফার্নেস অয়েল মজুদ করার জন্য অয়েল ট্যাঙ্কার বসাতে শঙ্খ নদীর উত্তর পাড়ে দোহাজারী রেলওয়ে স্টেশনসংলগ্ন এলাকায় এক একরের মতো ভূমি রেলওয়ে থেকে অধিগ্রহণ করা হয়েছে। সেখানে নির্মাণ করা হচ্ছে অয়েল ট্যাঙ্কারসহ পাওয়ার প্লান্ট পর্যন্ত পাইপলাইন। এ বিষয়ে প্রকল্প পরিচালক স্বপন কান্তি চক্রবর্ত্তী বলেন, ‘বর্তমানে প্রকল্পের অবকাঠামোগত স্থাপনার সব কাজ প্রায় শেষ হওয়ার পথে। নির্দিষ্ট সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করে এ মাসের মাঝামাঝি সময়ে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎ পাদন করা সম্ভব হবে বলে আশা করছি।’ নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যুৎ বিভাগ-সংশ্লিষ্ট একটি সূত্রে জানা যায়, দোহাজারী পিকিং পাওয়ার প্লান্ট চালু হলে এখানে উৎ পাদিত ১০০ মেগাওয়াট বিদ্যুতের ৭৫ শতাংশ স্থানীয় চাহিদা মেটানোর কাজে ব্যবহার করা হবে। বাকি ২৫ শতাংশ সরবরাহ করা হবে জাতীয় গ্রিডে। ফলে চট্টগ্রামসহ আশপাশের এলাকায় লোড শেডিংয়ের মাত্রা সহনীয় পর্যায়ে নেমে আসবে। এ ব্যাপারে যোগাযোগ করা হলে দোহাজারী বিদ্যুৎ কেন্দ্রের সহকারী প্রকৌশলী মো. ইউসুফ বিস্তারিত জানাতে রাজি হননি।