এ মাসে হচ্ছে না 'ডোর টু ডোর' বর্জ্য সংগ্রহ
চট্টগ্রাম সিটি করপোরেশনের সাতটি ওয়ার্ডে ঘরে ঘরে গিয়ে (ডোর টু ডোর) সরাসরি বর্জ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করা হয় ১ আগস্ট। কথা ছিল ওই দিন থেকেই বর্জ্য সংগ্রহ করা হবে। কিন্তু ১৭ দিন পার হলেও এখনো বিন (ময়লা সংগ্রহের পাত্র) বিতরণ শেষ হয়নি। ফলে চলতি মাসেও এ কার্যক্রম শুরু করা যাবে না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এ দিকে ডোর টু ডোর কার্যক্রম সম্পন্ন করার জন্য দুই হাজার শ্রমিক ও ৪৫ জন কর্মচারী নিয়োগের প্রক্রিয়া শুরু করলেও তা গত ৩১ জুলাই স্থগিত করে দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। অনুমোদন না নিয়ে এই প্রক্রিয়া শুরু করায় ব্যাখ্যাও চায় মন্ত্রণালয়। সিটি করপোরেশন তার জবাব দেয়। এখন মন্ত্রণালয়ের সিদ্ধান্তের ওপর অনেকটাই নির্ভর করছে বর্জ্য সংগ্রহ কার্যক্রমের বিষয়টি।
সিটি করপোরেশনের সচিব মোহাম্মদ আবুল হোসেন প্রথম আলোকে বলেন, এখনো সব বিন আসেনি। আর ডোর টু ডোর বর্জ্য সংগ্রহ কার্যক্রমের নিয়োগ প্রক্রিয়ার ব্যাপারে মন্ত্রণালয় একটি ব্যাখ্যা চেয়েছে। কোন প্রেক্ষাপটে জনবল নেওয়া হচ্ছে তা ব্যাখ্যা করে সিটি করপোরেশনের পক্ষ থেকে মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘মেয়র এ ব্যাপারে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে আলাপ করেছেন। মন্ত্রণালয়ের কাছ থেকে জনবল নিয়োগের অনুমোদন পেলে বর্জ্য সংগ্রহ কার্যক্রম শুরু হবে।’
সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি শৈবাল দাশ প্রথম আলোকে বলেন, জনবল নিয়োগে মন্ত্রণালয় নিষেধাজ্ঞা দিয়েছে। আর প্রথমবারের মতো এই ধরনের কার্যক্রম হওয়ায় কিছুটা ঘাত-প্রতিঘাত এসেছে। এসব কারণে ১ আগস্ট থেকে বর্জ্য সংগ্রহের কাজ শুরু করা যায়নি। তবে এখন সাতটি ওয়ার্ডে বিন বিতরণের কাজ চলছে। আগামী ১ সেপ্টেম্বর থেকেই সরাসরি বর্জ্য সংগ্রহ করা হবে। পরবর্তী সময়ে ওয়ার্ডগুলোতে এই কার্যক্রম পরিচালনায় তেমন কোনো সমস্যা হবে না বলে জানান তিনি।
গত ১৫ মার্চ করপোরেশনের অষ্টম সাধারণ সভায় ডোর টু ডোর সরাসরি বর্জ্য সংগ্রহ কার্যক্রমের ব্যাপারে সিদ্ধান্ত হয়। প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়, নগরের পশ্চিম ষোলোশহর, শুলকবহর, বাগমনিরাম, এনায়েত বাজার, উত্তর পাঠানটুলী, আলকরণ ও গোসাইলডাঙা ওয়ার্ডে এই কর্মসূচি শুরু হবে। ১ আগস্ট বিকেলে নগরের গোসাইলডাঙার বারিক মিঞা বহুমুখী উচ্চবিদ্যালয়ের মাঠে দুজন নারীর হাতে একটি করে বিন তুলে দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন মেয়র আ জ ম নাছির উদ্দীন।
সিটি করপোরেশনের প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা শফিকুল মান্নান সিদ্দিকী প্রথম আলোকে বলেন, নগরের সাতটি ওয়ার্ডে বিন দরকার প্রায় ১ লাখ ৯৫ হাজার। ইতিমধ্যে সিটি করপোরেশন ৮০ হাজার বিন সংগ্রহ করেছে এবং সেগুলো ওয়ার্ডে ওয়ার্ডে বিতরণ করা হচ্ছে। বিনগুলো তৈরি করতে কিছুটা সময় লাগছে। যার কারণে পেতে একটু দেরি হচ্ছে। আগস্টের মধ্যে বিন বিতরণের কাজ শেষ হলে বর্জ্য সংগ্রহ শুরু করা হবে।
সিটি করপোরেশন সূত্র জানায়, ১ আগস্ট থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে পাঁচ ধাপে নগরের ৪১টি ওয়ার্ডে ডোর টু ডোর বর্জ্য সংগ্রহ করার সিদ্ধান্ত নেওয়া হয়। এই কর্মসূচি বাস্তবায়নে অতিরিক্ত ২ হাজার সেবকের প্রয়োজন রয়েছে। আর দরকার হবে ১০ লাখ বিন এবং ২ হাজার রিকশাভ্যান। এতে বেতন-ভাতা খাতে প্রায় ২৪ কোটি টাকা এবং বিন ও ভ্যান বাবদ ৬০ থেকে ৬৫ কোটি টাকার প্রয়োজন। এই কার্যক্রমে বিন ও ভ্যান দিয়ে সহায়তা করার জন্য ব্যবসায়ী, শিল্পপতি, দানশীল ব্যক্তি ও নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তিও প্রকাশ করে সিটি করপোরেশন। তবে এতে পর্যাপ্ত সাড়া পাননি বলে বিভিন্ন অনুষ্ঠানে আক্ষেপ করেছেন মেয়র আ জ ম নাছির উদ্দীন।
এখনো অনেক বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে সিটি করপোরেশনের বিন পৌঁছায়নি বলে জানা গেছে। নগরের নাসিরাবাদ এলাকার বাসিন্দা মেহেদী হাসান, আতুরার ডিপো এলাকার বাসিন্দা মোহাম্মদ মহিউদ্দিন জানান, তাঁরা এখনো সিটি করপোরেশনের বিন বুঝে পাননি।
সিটি করপোরেশনের শুলকবহর ওয়ার্ডের কাউন্সিলর মো. মোরশেদ আলম প্রথম আলোকে বলেন, বিন পৌঁছাতে একটু সময় লাগছে। তবে এখন সরাসরি বর্জ্য সংগ্রহের ব্যাপারে স্থানীয় বাসিন্দাদের সচেতন ও উদ্বুদ্ধকরণের কাজ চলছে। তিনি জানান, তাঁর ওয়ার্ডে ৭৫ হাজার বিনের মধ্যে ইতিমধ্যে ১০ হাজার বিতরণ করা হয়েছে। বাকিগুলো এই মাসের মধ্যে বিতরণ করা হবে।