এ যুগের অঙ্গুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্যাশনের ক্ষেত্রে কানের দুল বা গলায় কিছু একটা পরা এখন আর তেমন কোনো উল্লেখযোগ্য কিছু নয়। এটা আলাদা কোনো ফ্যাশন নয়, বরং নিত্যদিনের ব্যবহারে আমরা যেসব অনুষঙ্গ ব্যবহার করি তার মধ্যে এগুলো এখন অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে। বরং নতুন করে যোগ হয়েছে আংটি পরার ফ্যাশন। একসময় বিয়ের আগে তরুণীদের খুব একটা আংটি পরতে দেখা যেত না। কিন্তু এখন যেন এটাই ফ্যাশন। সেই আংটিতে আবার এসেছে নানা বৈচিত্র্য। সোনা-রুপার পাশাপাশি ইমিটেশন, পাথর এমনকি কাঠের আংটিও চলে এসেছে এখনকার ফ্যাশনে। সেসব আংটি আবার ছোটখাটো নয়, এখন বড় বড় আংটি পরছে তরুণী-মহিলা সবাই। শাড়ি বা কামিজ অথবা পাশ্চাত্য পোশাক যা-ই বলি না কেন, যেকোনো পোশাকের সঙ্গে মানানসই এখনকার বড় বড় আংটির ফ্যাশন। ফ্যাশন ডিজাইনার মাহিন খান মনে করেন, এখনকার এ ধরনের ফ্যাশন হলো স্টেটমেন্ট পিস। একটাই আংটি হতে পারে ভীষণ ফ্যাশনেবল—যেকোনো আকৃতির; গোল চারকোনা, ত্রিভুজাকৃতি যা-ই হোক। এই ফ্যাশন চলতে পারে কোনো জমকালো আয়োজনে, ঘরোয়া দাওয়াতে এমনকি অফিসেও। সে ক্ষেত্রে ব্যবহারকারীকে বুঝে নিতে হবে তার অনুষ্ঠানের গুরুত্ব। মাহিন খান বলেন, এ ধরনের আংটি বড় আকারের হলে এক হাতে একটি পরাই যথেষ্ট। আর যদি মাঝারি আকারের হয় তাহলে দুটো পরা যেতে পারে। সেই সঙ্গে অন্যান্য অনুষঙ্গের ক্ষেত্রেও লক্ষ রাখা উচিত। যেমন আংটি যদি শুধুই রুপার হয় তাহলে রুপার বালা ও ছোট্ট নকশার রুপার দুল পরা যেতে পারে। আবার যদি একদমই কস্টিউম জুয়েলারি হয়, তাহলে সে ক্ষেত্রে পাথর বা উপকরণের সঙ্গে মিলিয়ে অন্যান্য অনুুষঙ্গ পরতে হবে। তবে একটু অন্য রকম পরতে চাইলে ভিন্ন ধরনের নকশা করে বা উপাদানগুলো একটু অন্য রকমের আংটিই বেছে নেওয়া উচিত। হতে পারে সেটা রুপায় বাঁধানো দামি কোনো পাথরের বা রুপার মধ্যে মিনা করা, অক্সিডাইজ করা আংটি এমনকি কাঠ ও রুপার নকশা। যেকোনো কিছুই চলতে পারে। চাইলে নিজেও নকশা করে নিতে পারেন পরিচিত কারিগরকে দিয়ে। মায়াসীরে পাওয়া যায় বড় বড় কাঠের ও রুপায় মোড়ানো আংটি। এগুলোর সঙ্গে আবার মিলিয়ে পরতে পারেন রুপার বালা। আড়ংয়ে পাবেন রুপার তৈরি এ ধরনের আংটি। পিরান, অরণ্য, যাত্রা, মাদুলিতে খোঁজ করলে পেতে পারেন এ রকম ফিউশনধর্মী আংটি। ছোট-বড়-মাঝারি—যেকোনো ধরনের। হতে পারে গোল, চারকোনা, তেকোনা, ডিম্বাকৃতি—নানা ধরনের। এসব আংটি পাওয়া যাবে ১৫০-৩৫০ টাকায়। মাহিন খান বলেন, এসব আংটির সঙ্গে পোশাকটা যেন মানানসই হয়, সেদিকে লক্ষ রাখতে হবে। পার্টিতে যাওয়ার সময় অবশ্যই একটু জমকালো পোশাকই পরতে হবে। তবে সেই সঙ্গে পোশাক এবং আংটির মধ্যে রাখতে হবে বৈপরীত্য। যেকোনো বয়সীরাই এই আংটি পরতে পারে বলে মনে করেন তিনি। তবে পরতে ভালো লাগছে বলে হাতের সব আঙুলেই পরতে হবে এমন কোনো কথা নেই। মাঝারি আকৃতির হলে দুইটা আর বড় হলে একটি পরাই ভালো। ফ্যাশন হাউসের এক্সক্লুসিভ আংটি ছাড়াও বিভিন্ন ধরনের এবং রঙের পাথরের আংটিও এখন বেশ চলছে। এগুলো পাওয়া যায় শহরের বড় বড় শপিং মল ও সুপার শপগুলোতে। চাঁদনি চকে তো পাবেনই। জেনেটিক প্লাজা, মেট্রো শপিং মল, পিংক সিটিসহ নানা শপিং মলের গয়নার দোকানে ইমিটিশনের এসব আংটি পাবেন। তা ছাড়া আর্চিস, হলমার্কের মতো গিফট শপগুলোয়ও এসব আংটি পাওয়া যায়। যেখান থেকে যে ধরনের আংটিই কিনুন না কেন তা যেন পোশাক ও ব্যক্তিত্বের সঙ্গে মিলে যায় সেদিকে লক্ষ রাখা উচিত।