এ যেন আরেক স্টেডিয়াম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ ক্রিকেটজ্বরে তখন কম্পমান পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। কয়েক হাজার দর্শক টিএসসি, ডাস সড়কদ্বীপ, রাজু ভাস্কর্য, হাকিম চত্বর আর মিলন চত্বরজুড়ে। শুরুতে দুটি, ধীরে ধীরে মোট পাঁচটি বড় পর্দায় ভেসে ওঠে স্টেডিয়াম। এ যেন স্টেডিয়ামের বাইরে আরেক স্টেডিয়াম। যদি প্রতিটি বড় পর্দায় গড়ে দর্শক হয় তিন হাজার, তবে পাঁচটি বড় পর্দা মিলিয়ে মোট দর্শক হবে প্রায় ১৫ হাজার!দেশের মাটিতে বিশ্বকাপ। দুই দিন লাইন ধরেও টিকিট পাননি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাহিম ও তাঁর তিন বন্ধু রবিন, আসাদ ও সুমিরা। এখন তাই দুধের স্বাদ ঘোলে মেটাতে হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের হলগুলো ছাড়াও শাহবাগ, নীলক্ষেত, বাংলা একাডেমী, ঢাকা মেডিকেল—চতুর্দিক থেকে সবাই এসে জড়ো হচ্ছে টিএসসিতে।একে একে দেখা মিলছে বন্ধুদের। জগন্নাথ হল থেকে এসে পড়েছেন চয়ন, সূর্য, চঞ্চল, দেব; শহীদুল্লাহ হলের রনি, রুমন, টিটু, রকি; সূর্যসেন হলের সুজান, আশিক, সন্দ্বীপ; জিয়া হলের রাকিব, এরশাদ, শামীমরা। মেয়েরাও এসেছেন অনেকে। শামসুন্নাহার হলের লিরা, রিনা, অনু, ইমা, শারমিন; রোকেয়া হলের কানন, তামান্না, নাসরিনেরাও জড়ো হলেন এই মাত্র। বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল আর ফজিলাতুন্নেসা মুজিব হলের ক্রিকেটপ্রেমী মুক্তা, লিজা, হূদয়রাও ততক্ষণে টিএসসিতে এসে হাজির। ১১ টাইগারের পাশে আজ টিএসসির কয়েক হাজার টাইগার। অনেকেই জার্সি পরে এসেছিলেন খেলা দেখতে।২৫ ফেব্রুয়ারি। বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচ। বিশাল একটা লাল-সবুজের পতাকা নিয়ে সেদিন বেলা দুইটা থেকেই জায়গা রাখারাখি চলছিল টিএসসি চত্বরে। টসে জিতল বাংলাদেশ। সাকিব ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন। ঘড়িতে দুইটা বেজে ৩০ মিনিট। উল্লাসে কম্পমান তখন পুরো টিএসসি মোড়। তামিম ইকবাল আর ইমরুল দুই ওপেনিং ব্যাটসম্যান। দর্শনের ছাত্র রাজীবের চোখে তখন তাঁর দেশি ভাই তামিমকে নিয়ে প্রত্যাশা। অবশ্য চট্টলার ছেলে তামিম হতাশ করেননি কাউকে। ৪৩ বলে উপহার দিলেন অনবদ্য ৪৪ রান। তামিমের প্রতিটি চারের মারে ‘বাংলাদেশ বাংলাদেশ’ রবে তখন মুখরিত টিএসসি এলাকা। মিরপুরের ক্রিকেট স্টেডিয়াম যেন টিএসসিতে এসে হাজির। তামিমের আউটের পর দ্রুতই ৪ উইকেটের পতন। ঝিমিয়ে গেল ‘টিএসসি-স্টেডিয়াম’। বাংলাদেশের দু শ করাই দায়। মুশফিক, রাকিবুল আর নাইমের দায়িত্বশীল ব্যাটিং ম্যাচে টিকিয়ে রাখে বাংলাদেশকে। শেষ পর্যন্ত ২০৫ রান করতে সমর্থ হলেন টাইগারেরা। কারও মুখের দিকে তাকানো যাচ্ছিল না। জসীমউদ্দীন হলের দিদার বলে উঠলেন, ‘দিনের শুরুতে ৩০০ রান খুব স্বাভাবিক মনে হলেও এখন মাত্র ২০৫।’ মুহসিন হলের রিয়াসাদ আফসোস করে বললেন, ‘ইস! আর ৩০টি রান বেশি করলেই দুশ্চিন্তা ছিল না।’ রোকেয়া হলের কানন বলে উঠলেন, ‘পরাজয়ে ডরে না বীর।’ বিরতির সময় মনমরা হয়ে চা-নাশতা। শুরু হলো পাল্টা জবাব। চারপাশে আবারও মানুষের ঢল। যাঁরা আশাহত হয়ে ফিরে গিয়েছিলেন আবার তাঁরা হাজির। ঘন ঘন ‘বাংলাদেশ বাংলাদেশ’ চিৎকার আর ভুভুজেলার শব্দ।মাটিতে পত্রিকা বিছিয়ে খেলা দেখছেন রাহনুমা, কণা, আলফিয়ারা। রোকেয়া হলের প্রাক্তন ছাত্রী তাঁরা। ক্যাম্পাসে বন্ধুদের সঙ্গে আজকের খেলাটি দেখতে ছুটে এসেছেন তিনজনই। ধীরে ধীরে বাড়ছে উত্তেজনা।অল্প রানের স্কোর নিয়েও অধিনায়ক সাকিব এক মুহূর্তের জন্য স্বস্তিতে থাকতে দেননি আয়ারল্যান্ডের খেলোয়াড়দের। দ্বিতীয় ওভার থেকেই স্পিন আক্রমণে নাস্তানাবুদ করে ছেড়েছেন। পার্টটাইম বোলার আশরাফুলকে দিয়ে পাওয়ার প্লেতেও ঝুঁকি নিয়েছেন। আশরাফুলের দুই উইকেটে নিয়ন্ত্রণ ফিরে পেয়েছে বাংলাদেশ। চার স্পিনারের আক্রমণে ব্যাকফুটে চলে যায় আয়ারল্যান্ড।সময় যত গড়াচ্ছে, বাড়ছে উৎকণ্ঠা। বাংলাদেশ জিতবে কি? সন্দিহান বৃদ্ধ চা-বিক্রেতা আবুল মিয়া। সাহস নিয়ে বলে ওঠেন, ‘আরে ভাই চিন্তা কইরেন না। জিতুমই আজ। না জিতা বাড়ি যামু না।’রাত বাড়ছে। ওভার কমছে। দুশ্চিন্তাও বাড়ছে পাল্লা দিয়ে। আমাদের দরকার আর মাত্র ৫ উইকেট। শেষ দিকে শফিউলের এক বিধ্বংসী স্পেলে আয়ারল্যান্ড কুপোকাত। আয়ারল্যান্ড ১৭৮ রানে অল আউট। শেষ পর্যন্ত পাঁচ ওভার বাকি থাকতেই এল কাঙ্ক্ষিত জয়। গর্জে উঠল পুরো টিএসসি। গগনবিদারি আনন্দ-চিৎকার, ‘বাংলাদেশ বাংলাদেশ!’ আনন্দ-উচ্ছাসে সবাই এসে জড়ো হচ্ছেন টিএসসি-স্টেডিয়ামে। ভুভুজালা, বাঁশি, থালাবাটির ঝনঝনি...এবার সত্যি কম্পমান বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ। দেখা হবে টিএসসিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪ মার্চ। প্রিয় পাঠক, আপনি তৈরি তো?