এ যেন এক মিলনমেলা
সন্ধ্যা নেমেছে। বাইরে হালকা শীত। ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঢোকার মুখ থেকেই বেশ ভিড়। কারও কারও দুই হাতভর্তি ব্যাগ আর কাপড়। বেশ তৃপ্তিসহকারে কেনাকাটা করেছেন, চোখমুখে তা স্পষ্ট। কোথাও ছোট-বড় জটলা। দলে দলে লোকজন আসছেন। উৎসবমুখর আমেজ পুরো পরিবেশে। এ যেন সত্যিই মিলনমেলা। সৌহার্দ্যের উষ্ণতায় বাইরের শীতটা এখানে মনে হয় অনুভূত হচ্ছে না। ২ ডিসেম্বর ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হওয়া ‘সাংস্কৃতিক বৈচিত্র্য উৎসব ১০’-এর কথাই বলছিলাম। পাবর্ত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির যৌথ আয়োজনে চার দিনের এ সাংস্কৃতিক উৎসব শুরু হয়। এবারের উৎসবের স্লোগান ‘বৈচিত্র্যের বিকাশেই ঐক্যের বন্ধন’। যার প্রতিফলন দেখা গেছে এখানে। পার্বত্য অঞ্চলের বিভিন্ন আদিবাসী গোষ্ঠীর পণ্য, তাঁদের কৃষ্টি-সংস্কৃতিকে তাঁরা তুলে ধরেছেন। রাঙামাটির রূপা জানান, তিনি নিজেই নিয়মিত তাঁতে কাপড় বোনেন। সেসব পণ্য এই হস্তশিল্প প্রদর্শনীতে নিয়ে এসেছেন। এগুলো হলো নেটের শাল, উলের মাফলার, তাঁতের কামিজ। একটু এগিয়ে দেখা গেল, নানা মুখোশের সম্ভার। বাঁশ দিয়েই তৈরি হয়েছে এসব মুখোশ। এ ছাড়া বাঁশের কলমদানি, মোমদানি তো রয়েছেই। মনোরম নকশা সবার নজর একবার হলেও কেড়ে নিয়েছিল। বান্দরবানের রোরার তৈরি এসব গৃহসজ্জার সরঞ্জামাদি কেনার প্রতিও আগ্রহ ছিল ক্রেতাদের। এ দোকানের বিক্রেতা জানান, পানির ব্যবহারে এসব জিনিসের কোনো ক্ষতি হবে না। আর এগুলো পরিবেশবান্ধব। আদিবাসীরা ছাড়াও অনেক সাধারণ মানুষের উপস্থিতি ছিল। লাউ কেটে পানি রাখার পাত্র, কাঠ দিয়ে নানা আকারের মগ দেখা গেল। এ ছাড়া বাঁশের ট্রে, বাস্কেট, পেপার হোল্ডার পাওয়া গেছে। তবে রাঙামাটি থেকে আসা কাজলা চাকমা বলেন, ‘এবারের বিক্রি তুলনামূলক কম। প্রচুর লোকসমাগম হলেও তেমন একটা জিনিসপত্র কেউ কিনছে না।’ মেলার মধ্যে বিছানার চাদর, শাল ও কম্বলের দোকানগুলোয় ভিড় একটু বেশি ছিল। এসবও আদিবাসীরা নিজেরা বুনে থাকেন। শুধু কি পোশাক! বাদ যায়নি খাবার সামগ্রীও। আছে নারকেল, চিনি আর ময়দা দিয়ে তৈরি বিশেষ পিঠা হলো ‘সাইন্যা পিঠা’। বাঁশের মধ্যে রান্না করা মাছ, মাংস রান্না। কেউ কেউ তা কিনছেন। হরেক রকম মাছের শুঁটকি, আচারও ছিল এ প্রদর্শনীতে। রাঙামাটির কাজুবাদাম খেতে অনেকেই এসেছিলেন। ‘রেয়নের সুতা দিয়ে কাপড় বুনি। মেলাতে এলেও বিক্রি হয়নি পণ্য। পাইকারি দরে একটি দোকানে দিয়ে যাব এসব। প্রতিবারই ভাবি, আর আসব না। এবারও তাই ভেবেছি। কিন্তু দেখবেন, পরের বছর ঠিকই চলে আসব।’ বলেন, ৭০ বছর বয়সী রাঙামাটির বিমলিনী। শ্রীমঙ্গলের ব্যাগ, মাফলার, খাসিয়াদের বিশেষ ধরনের পোশাক পাওয়া যায় এখানে। খাগড়াছড়ি, বান্দরবান বা রাঙামাটির স্টলে পোশাকের ভিন্নতা খুব একটা দেখা যায়নি। ‘পিনন’ হলো আদিবাসীদের তাঁত দিয়ে তৈরি বিশেষ কাপড়। এর চাহিদা দেখা গেছে। নানা রঙের শাল কিনেছেন বিভিন্ন বয়সের নারীরা। নান্দনিক নকশা করা কম্বল, বিছানার চাদরও কেনার লোকের সংখ্যা কম হবে না। এর মধ্যে চোখে পড়ল ওলের মতো একটা খাবারের দিকে। গিয়ে শুনলাম, ওটি শিমুল আলু। সবজি হিসেবে এটি খাওয়া হয়। তিতি ঢাকায় বড় হলেও জন্মেছেন রাঙামাটিতে। তাই তো এ উৎসবে প্রতিবার আসেন। আত্মার টান অনুভব করেন। তিনি বলেন, ‘আদিবাসীদের কাছে এটি বড় উৎসব। এখানে এলে পরিচিতদের সঙ্গে দেখা হয়। শত ব্যস্ততার মধ্যেও এখানে আসি। এভাবেই তো ঐক্য বাড়ে।’ ভুল বলেননি তিনি। কেনাকাটার পাশাপাশি কুশলাদি বিনিময় করেছেন তাঁরা। আদিবাসী তরুণীরা তাঁদের নিজস্ব পোশাক ও গয়না পরে এসেছিলেন। প্রসাধন সামগ্রী বিশেষ করে চন্দনের গুঁড়া, মুলতানি মাটি, সাবান কিনেছেন কেউ কেউ। হরিণের মাথা, ছোট ছাতা, পাখা, দেয়ালে টাঙানোর জন্য চিত্রকর্ম প্রদর্শিত হয়েছে। এর মধ্যে হল অব ফেমে শুরু হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। জনতার একটি অংশ প্রবেশ করার জন্য লম্বা লাইনে দাঁড়ান। হস্তশিল্পের এ প্রদর্শনীতে সুতি ও রেয়নের ওড়না, গয়না, মাফলার, গামছা, রুমাল, লুঙ্গিও ছিল। এমনকি আদিবাসীদের নিয়ে বিভিন্ন গবেষণাপত্র ও বই উৎসবে প্রদর্শিত হয়েছে। এ সাংস্কৃতিক বৈচিত্র্য উৎসব ৫ ডিসেম্বর শেষ হয়। মেলায় একটি বিষয় বেশ লক্ষণীয় ছিল। প্রায় প্রতিটি জিনিসই প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি। ফলে এসবের ব্যবহার পরিবেশের ক্ষতি করবে না। পাহাড়ের মানুষেরা সমতলে নেমে তা-ই যেন শিখিয়ে গেল।