এ যেন জাতীয় নির্বাচনের আমেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উৎসাহ-উদ্দীপনার মধ্যে শেষ হয়েছে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র পরিষদের নির্বাচন। ভোট দিতে পেরে আনন্দে আত্মহারা খুদে শিক্ষার্থীরা। আগামী এক বছরের জন্য তারা তাদের প্রতিনিধি নির্বাচন করল।দীঘিনালা: সকাল নয়টার মধ্যে বিদ্যালয়ের খুদে শিক্ষার্থীরা তাঁদের নেতা নির্বাচনের জন্য ভোট দিতে দাঁড়িয়েছিল সুশৃঙ্খভাবে। জীবনে প্রথম ভোট দেবে, তাই উৎসাহ-উদ্দীপনার যেন শেষ নেই তাদের মধ্যে। ৪ ফেব্রুয়ারি খাগড়াছড়ির দীঘিনালার মানিকছড়ি হেডম্যানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রপরিষদ নির্বাচনে এমন দৃশ্য দেখা গেছে। এতে বিদ্যালয়ের নির্বাচিত সাত শিক্ষার্থীর মধ্যে পাঁচজনই ছাত্রী। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করে পঞ্চম শ্রেণীর ছাত্র মো. ইসমাইল হোসেন। অনুভূতি প্রকাশ করে সে বলে, ‘কয়েক দিন ধরে নির্বাচন সুষুম করার জন্য খুব টেনশনে ছিলাম। নির্বাচন সুষুম হওয়ায় মনে হচ্ছে যেন একটি জাতীয় নির্বাচনের দায়িত্ব পালন করেছি।’ চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী ভোটার নাসরিন আক্তার, সাকিব হোসেন, পঞ্চম শ্রেণীর জুলেখা আক্তার, বাপ্পরাজ চাকমা, অকুল ত্রিপুরা ও তৃতীয় শ্রেণীর শহীদুল আলম ভোট দেওয়ার অনুভূতি জানায় এভাবে-‘জীবনের প্রথম ভোট দিয়েছি নিজ বিদ্যালয়ের নেতৃত্ব বাছাইয়ের জন্য। ভোটের জন্য প্রার্থীরা কী রকম সমাদর করে, ভোটারের কী দাম তা এই নির্বাচনে বুঝতে পারলাম।’ প্রার্থী চতুর্থ শেণীর ছাত্র মনতোষ চাকমা, ফাতেমা তুজ জোহরা, পঞ্চম শ্রেণীর শ্রাবণী বড়ুয়া, মো. হেলাল ও তৃতীয় শ্রেণীর শাহনাজ আক্তার বলল, ‘বিদ্যালয়ে সুন্দর পরিবেশ গড়ে তোলার জন্য আমাদের ভাই-বোনেরা আমাদের ভোট দিয়েছে। আমাদের দৃষ্টি থাকবে আমাদের কোনো ভাই-বোন যাতে প্রাথমিক অবস্থা থেকে ঝরে না যায়। কোনো শিক্ষার্থী এক দিন বিদ্যালয়ে না এলে তার বাড়িতে গিয়ে খোঁজ নেব। অসুস্থ হলে চিকিৎসার জন্য স্যারদের সহযোগিতা নেব।’ভোট গণনা শেষে প্রিসাইডিং কর্মকর্তারা বিজয়ীদের নাম ঘোষণা করে। নির্বাচিত নেতারা হলো: তৃতীয় শ্রেণীর শিরিন আক্তার ও শাহনাজ আক্তার, চতুর্থ শ্রেণীর মনতোষ চাকমা ও ফাতেমা তুজ জোহরা, পঞ্চম শ্রেণীর শ্রাবণী বড়ুয়া, মো. হেলাল ও আফরোজা মনি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঝরনা চৌধুরী বলেন, ‘ভোট গ্রহণ, ভোট প্রয়োগ এবং প্রার্থীদের ভোট প্রার্থনা দেখে মনে হয়েছে এটা যেন জাতীয় নির্বাচন এবং প্রার্থীরাও অনেক দিনের অভিজ্ঞ।’ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মংগ্রী মগ জানান, উপজেলার ৫৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ২০টি বিদ্যালয়ে ছাত্র পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ ব্যাপারে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ছিল দেখার মতো। টেকনাফ: টেকনাফে উৎসাহ উদ্দীপনার মধ্যে ৪ ফেব্রুয়ারি শেষ হয়েছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ছাত্র পরিষদের (স্টুডেন্ট কাউন্সিল) নির্বাচন। ভোট দেয় তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা। এতে ২০টি বিদ্যালয় থেকে সাতজন করে ১৪০ প্রতিনিধি নির্বাচিত হয়েছে। জানা যায়, টেকনাফ উপজেলায় ৩৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ২০টিতে সকাল নয়টা থেকে বেলা একটা পর্যন্ত ভোট গ্রহণ চলে। শিক্ষার্থীরা নিজেরাই নির্বাচন কমিশনার, প্রিসাইডিং কর্মকর্তা, সহকারী প্রিসাইডিং কর্মকর্তা, পোলিং কর্মকর্তা, এজেন্ট, পর্যবেক্ষকের দায়িত্ব পালন করে। শিক্ষক ও ব্যবস্থাপনা কমিটির সদস্যরা তাদের সহযোগিতা করেন। নির্বাচন উপলক্ষে বিদ্যালয়গুলোতে ছিল উৎসবের আমেজ। দলে দলে ভাগ হয়ে খুদে শিক্ষার্থীরা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছে। টেকনাফ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী তাহসিন আলম বলে, ‘আজ আমার জন্য খুবই আনন্দের দিন। এই বয়সে জীবনের প্রথম ভোট দিয়েছি।’ টেকনাফ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা নীলা সরকার বলেন, ‘দেশের গণতান্ত্রিক ব্যবস্থা সুসংহত করতে সুষ্ঠু নির্বাচন অপরিহার্য। খুদে শিশুদের মনে এ ধারণা তৈরি করাই এই নির্বাচনের উদ্দেশ্য।’ এ ব্যাপারে টেকনাফ উপজেলা শিক্ষা কর্মকর্তা মোবারক আকতার জানান, সকাল থেকে উৎসব মুখর পরিবেশে ছাত্র পরিষদ (স্টুডেন্টস কাউন্সিল) নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে শিক্ষার্থীরা স্বতঃফূর্তভাবে অংশগ্রহণ করেছে। নির্বাচিত প্রতিনিধিদের প্রথম সভায় শিক্ষকদের সহযোগিতায় স্ব স্ব দায়িত্ব বুঝে দেওয়া হবে।