এক পাশে সরকারি দল, অন্য পাশে বিরোধী দল। সামনে স্পিকার। পুঁজিবাদের ভালো-মন্দ দিক নিয়ে চলছে সংসদীয় পদ্ধতিতে বাগিবতণ্ডা। এটি একটি বিতর্ক প্রতিযোগিতার দৃশ্য। ১৩ অক্টোবর ধানমন্ডির একটি বেসরকারি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয় স্টামফোর্ড ডিবেট ফোরাম (এসডিএফ) আয়োজিত পঞ্চম স্টামফোর্ড জাতীয় বিতর্ক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান। বিতর্ক শেষে পুরস্কার বিতরণের মাধ্যমে শেষ হয় বর্ণাঢ্য এই আয়োজন।ঘড়ির কাঁটা তখন বিকেল পাঁচটার ঘরে। স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য ড. এম মজিবুর রহমান উঠে এলেন মঞ্চে। তিনি তাঁর বক্তব্যে জানালেন, এটিই বাংলাদেশের বিতর্ক প্রতিযোগিতার ইতিহাসে সর্ববৃহৎ বিতর্ক প্রতিযোগিতা। কারণ, এ প্রতিযোগিতায় স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে মোট ১৭২টি দল অংশ নেয়, যা কিনা বিতর্ক ইতিহাসে প্রথম। তিনি বিতর্কের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে গিয়ে বলেন, গণতান্ত্রিক শাসনব্যবস্থায় বিতর্কের কোনো বিকল্প নেই।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের তথ্য ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আবুল কালাম আজাদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য মন্ত্রণালয়ের সচিব কালাম আবদুল নাসের চৌধুরী। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বিতর্ক মানুষকে জ্ঞানের কাছাকাছি নিয়ে যায়, তথ্যের কাছাকাছি নিয়ে যায়। বিতর্ক মানুষের ভেতরের শক্তিকে জাগায়। কেননা, একজন বিতার্কিককে নিয়মিত বিভিন্ন বিষয়ে পড়ালেখা করতে হয়। কামাল আবদুল নাসের ছিলেন একজন তুখোড় বিতার্কিক। বিশ্ববিদ্যালয়জীবনে তিনি একাধিকবার শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছিলেন। সেসব দিনের স্মৃতিচারণা করে তিনি বলেন, ‘বিতর্ক আমার সাফল্যের পথকে সুগম করেছে বলে আমি মনে করি।’টুং-হাই গ্রুপের সৌজন্যে অনুষ্ঠিত এ বিতর্ক প্রতিযোগিতায় বাংলা ও ইংরেজি মাধ্যমের বিতার্কিকেরা পাঁচটি চ্যাম্পিয়নশিপের জন্য বিতর্কে অবতীর্ণ হয়। এতে বাংলা মাধ্যমে স্কুলপর্যায়ে চ্যাম্পিয়ন হয় আইডিয়াল স্কুল এবং শ্রেষ্ঠ বক্তা হওয়ার গৌরব অর্জন করেন ঋভু আলম। কলেজপর্যায়ে চ্যাম্পিয়ন হয় ঢাকা কলেজ এবং শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন মুহিত হাসান। বিশ্ববিদ্যালয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিবেডিং সোসাইটির স্বোপার্জিত স্বাধীনতা গ্রুপ। এতে শ্রেষ্ঠ বক্তা হন রিয়াসাত আজিম।ইংরেজি বিতর্কের চূড়ান্ত পর্বে বিজয়ী হয় অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল। এতে শ্রেষ্ঠ বক্তার শিরোপা অর্জন করেন মোস্তফা মনোয়ারুল হক। বিশ্ববিদ্যালয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয় এলসিএলএস দল এবং এ বিভাগে শ্রেষ্ঠ বক্তা হন আনাম। ডিবেটর অব দ্য টুর্নামেন্ট হওয়ার গৌরব অর্জন করেন জাহিদুল বাকি। এ ছাড়া বারোয়ারি বিতর্ক মাধ্যমে বিজয়ী হন জেবা ফারাহ হক, নাহিয়ান বিন খালেদ ও অমিত রায়হান।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্টামফোর্ড ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টির প্রেসিডেন্ট এম এ হান্নান ফিরোজ, ফাতিনাজ ফিরোজ, এনামুল হক শামীম, জাকির হোসেন, মো. মোর্শেদ এবং টুং-হাই গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুর রহমান।উল্লেখ্য, ৩ অক্টোবর স্টামফোর্ড ইউনিভার্সিটি সিদ্ধেশ্বরী ক্যাম্পাসে পঞ্চম স্টামফোর্ড জাতীয় বিতর্ক প্রতিযোগিতা ২০১০-এর উদ্বোধন ঘোষণা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।