এ সপ্তাহের নায়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাহবুবুর রহমান
মাহবুবুর রহমান

মাহবুবুর রহমান
কারাতে কোচ, যশোর মহিলা কলেজ
বাংলাদেশ জুডো কারাতে ফেডারেশন থেকে ব্ল্যাক বেল্ট পেয়েছেন মাহবুবুর রহমান। যশোরে প্রতিষ্ঠা করেছেন মোহন কারাতে একাডেমি। একই সঙ্গে যশোর মহিলা কলেজে প্রায় ৭০ জন মেয়েকে মাসব্যাপী কারাতে প্রশিক্ষণ দিয়েছেন।

মেয়েদের কারাতে শেখানোর ব্যাপারে আগ্রহী হলেন কেন?
আমাদের সমাজে মেয়েরা সবচেয়ে বেশি দুর্ঘটনার শিকার হয়। বিশেষ করে ইভ টিজিংয়ে। এতে তারা মানসিকভাবে খারাপ অবস্থায় চলে যায়। কিন্তু তারা যদি অন্তত নিজেকে রক্ষার করার মতো ক্ষমতা অর্জন করে, তাহলে যত বাধাই আসুক, দমে যাবে না। অন্তত মানসিকভাবে তারা শক্তিশালী হবে এটা ভেবে যে, আমারও প্রতিরোধ করার ক্ষমতা আছে।

শুরুটা কীভাবে?

আমি বিষয়টি নিয়ে যশোরে বেসরকারি সংস্থা রিলিফ ইন্টারন্যাশনালের সঙ্গে আলাপ করি। পরে সেখান থেকে ইতিবাচক সাড়া পাই। তারপর যশোর সরকারি মহিলা কলেজের অধ্যাপকের সঙ্গে আলাপ করি। তিনিও উৎসাহ দেন।

এখন মেয়েরা কি নিজেদের নিরাপদ ভাবতে পারে?

আমি এক মাস প্রশিক্ষণ দিয়েছি—সপ্তাহে তিন দিন প্রায় দেড় ঘণ্টা করে। পূর্ণাঙ্গ কারাতে শেখার জন্য সময়টা যথেষ্ট নয়। তবে এই সময়ের মধ্যে তারা নিজেদের বিপদমুক্ত হওয়ার মতো কৌশল শিখেছে। এ কারণে তারা নিজেদের নিরাপদ ভাববে বলেই আমার বিশ্বাস।

ভবিষ্যৎ পরিকল্পনা কী?

যশোরে আমার একটি কারাতে প্রশিক্ষণ স্কুল আছে। ২০০৪ সালে সমাজসেবা অধিদপ্তর থেকে স্কুলটি নিবন্ধন করা হয়। এটা নিয়ে এগিয়ে যেতে চাই। এ ছাড়া যশোরের স্কুল-কলেজে কারাতে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করতে চাই। বিশেষ করে মেয়েদের জন্য।

সাক্ষাৎকার: মো. রুবেল