এ সময়ে ব্যায়াম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যায়াম করলে শরীর সুস্থ থাকার পাশাপাশি দেহের গঠন সুন্দর হয়। ছবি: অধুনা
ব্যায়াম করলে শরীর সুস্থ থাকার পাশাপাশি দেহের গঠন সুন্দর হয়। ছবি: অধুনা

আবহাওয়ায় তাপমাত্রার তারতম্য হচ্ছে। শরীরের রোগ প্রতিরোধব্যবস্থা কখনো এতে ভেঙে পড়ে। এ সময়ে সুস্থ থাকতে চাইলে করতে হবে ব্যায়াম। নিয়মিত ব্যায়াম শরীরের রোগ প্রতিরোধব্যবস্থাকে চাঙা রাখে। সর্দি, কাশি, জ্বরের মতো রোগবালাই আর সহজে কাবু করতে পারে না শরীরকে। এমন দিনগুলো উপভোগ করতে চাইলে ব্যায়াম ও পুষ্টিকর খাবারের বিকল্প নেই। বারডেম জেনারেল হাসপাতালের জ্যেষ্ঠ পুষ্টিবিদ শামছুন্নাহার নাহিদ বলেন, খাবারদাবারে এ সময়টায় যত্নবান হতে হবে, দিনে অত্যন্ত একটি ফল খেতে হবে। এতে রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়বে, শরীরের ক্ষয় পূরণও হবে।
প্রতিদিন সকাল কিংবা সন্ধ্যায় একটানা ২০ থেকে ৩০ মিনিট করে জোরে হাঁটুন, যেন ঘাম ঝরে শরীর থেকে। শরীর সুস্থ রাখতে আর মেদ ঝরাতে সাইক্লিং খুব ভালো ব্যায়াম। দড়ি লাফানোর অভ্যাস গড়তে পারেন। কিংবা ফুটবল নিয়ে নেমে পড়ুন মাঠে। ব্যায়াম করলে শরীর সুস্থ থাকার পাশাপাশি দেহের গঠন সুন্দর হয়। এ ছাড়া নিয়মমাফিক ব্যায়ামে ওজন কমে। শাহবাগের ফিটনেস ওয়ার্ল্ড হেলথ ক্লাবের প্রধান প্রশিক্ষক মো. মনিরুজ্জামানের কাছ থেকে জেনে নেওয়া যাক কিছু খালি হাতের ব্যায়ামের নমুনা।
সোজা হয়ে দাঁড়িয়ে দুই হাত দুই পাশে পাখির ডানার মতো ছড়িয়ে দিন। এবার চাকতির মতো হাত দুটো ঘোরানো শুরু করুন সামনের দিকে। গুনে গুনে ১০ বার। তিন সেটে মোট ৩০ বার করুন। এবার একই নিয়মে হাত দুটো পেছনের দিকে ঘোরান।
দুই পা বেশ খানিকটা ফাঁকা করে দাঁড়ান। দুই হাত দুই পাশে ছড়িয়ে দিন ডানার মতো। এবার নিচু হয়ে ডান হাত দিয়ে বাঁ পায়ের পাতা এবং বাঁ হাত দিয়ে ডান পায়ের পাতা স্পর্শ করার চেষ্টা করুন। এটি দ্রুত করতে হবে কমপক্ষে ৫০ বার।
সোজা হয়ে দাঁড়ান, হাত দুটি মাথার উপরে সোজা করে ধরে রাখুন। এবার সামনের দিকে ঝুঁকে পড়ে পায়ের পাতা স্পর্শ করার চেষ্টা করুন। ২৫ বার করুন টানা। শেষ হলে আরও ২৫ বার। দুই সেট মিলিয়ে ৫০ বার করুন।
শক্ত বিছানায় সোজা হয়ে শুয়ে পড়ুন। দুই হাত মাথার পেছনে সোজা করে বিছানার সঙ্গে স্পর্শ করে রাখুন। এবার কোমর ও পা না নাড়িয়ে ধীরে ধীরে দেহের ওপরের অংশটা তুলে বসুন। এবার বসে সামনের দিকে ঝুঁকে হাত দিয়ে পা ছোঁয়ার চেষ্টা করুন। এভাবে ১৫ বার করুন। দুই সেট মিলিয়ে মোট হবে ৩০ বার।
শুয়ে থেকেই দুই হাত দিয়ে মাথার পেছনটা ধরে রাখুন। এবং মাথাটা মেঝে থেকে খানিকটা ওপরে তুলুন। এবার দুই পা একসঙ্গে জোড়া লগিয়ে ধীরে ধীরে ওপরে তুলুন যতটা পারা যায়। এভাবে ১৫ বার করে মোট ৩০ বার হবে।
দুই হাত আগের মতোই মাথার পেছনে থাকবে। কনুই দুটি থাকবে কিছুটা সামনের দিকে। এবার বাঁ পায়ের হাঁটু দিয়ে ডান কনুই স্পর্শ কারার চেষ্টা করতে হবে এবং ডান পায়ের হাঁটু দিয়ে স্পর্শ করতে হবে বাম কনুই। এটিও করতে হবে ১৫ বার করে মোট ৩০ বার।
ব্যায়াম করলে কিংবা শারীরিক পরিশ্রমে দেহ থেকে ঘামের সঙ্গে পানি বেরিয়ে যাওয়ার মাত্রাটা দ্রুত হয়। তাই এদিনগুলোতে পর্যাপ্ত পানি খাবার অভ্যাস গড়ুন।