এ সময়ের রূপচর্চা

ঘরোয়া যত্নে ত্বক থাকবে ভালো।কৃতজ্ঞতা: হার্বস আযুবের্দিক ক্লিনিকমডেল: রিতি, ছবি: নকশা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরতের বাতাসে এখন পূজার আমেজ। ঝিলমিল কাশফুল আর সবুজ পাতার বনে ইতিমধ্যে পড়ে গেছে সাজসাজ রব। এখনই সময় পূজার জন্য নিজের ত্বকের দিকে মনোযোগ দেওয়ার। ঘরে বসেও সৌন্দর্যচর্চাকেন্দ্রের মতো যত্ন নেওয়া সম্ভব। এতে উৎসবের আগে আগে ত্বক নিয়ে বিড়ম্বনায় পড়তে হবে না।

ত্বকের উজ্জ্বলতায়

নিয়মিত যত্ন না নিলে মৃত কোষ জমে ত্বক মলিন হয়ে ওঠে। ত্বক পরিষ্কার এবং উজ্জ্বল করতে স্কিন হোয়াইটনিং প্যাক ব্যবহার করতে পারেন। জানালেন রূপ বিশেষজ্ঞ শারমিন কচি। এই প্যাক তৈরি করতে আপনার প্রয়োজন হবে মসুর ডালে বেসন, দুধের সর, কাঁচা হলুদ এবং মধু। প্রথমে ফেসওয়াশ ও টোনার দিয়ে মুখ পরিষ্কার করে নিন। এরপর প্যাকটি মুখে, গলায় এবং ঘাড়ে ব্যবহার করুন। চাইলে হাতেও ব্যবহার করতে পারেন। শুকিয়ে এলে ভেজা তুলার প্যাড বা নরম রুমাল দিয়ে উঠিয়ে ফেলুন।

ক্লিনজিং এবং হোয়াইটনিং একসঙ্গে করতে চাইলে টমেটো এবং সমপরিমাণ টক দই ব্লেন্ড করে পাঁচ–ছয় মিনিট মুখ, গলা, ঘাড় ও হাতে মালিশ করতে পারেন। মনে রাখবেন, মুখ মুছে অবশ্যই ভালো ব্র্যান্ডের ময়েশ্চারাইজিং ক্রিম ব্যবহার করতে হবে।

চাই ঝলমলে চুল

রুক্ষ চুলে কোনো স্টাইলই ভালো দেখায় না। রুক্ষ চুল সতেজ ও নরম করতে ডিপ কন্ডিশনিং খুবই জরুরি। এ জন্য সপ্তাহে অন্তত দুই দিন চুলের প্রতিটি গোড়ায় ঘষে ঘষে গরম তেল মালিশ করুন। এরপর শ্যাম্পু করে চুলের ট্রিটমেন্ট ক্রিম ব্যবহার করুন। বাজারে ভালো মানের চুলের ট্রিটমেন্ট ক্রিম কিনতে পাওয়া যায়। চাইলে চুলের মাস্কও ব্যবহার করতে পারেন। ২৫ থেকে ৩০ মিনিট পর চুল ধুয়ে ফেলুন।

অনেকে চুল পাতলা হওয়ার কারণে ইচ্ছেমতো স্টাইলও করতে পারেন না। চুলের গোড়া মজবুত করতে প্রোটিন প্যাক ব্যবহার করুন। প্রোটিন প্যাকের জন্য পরিমাণমতো টক দই এবং ডিমের সাদা অংশ ব্লেন্ড করে নিন। তারপর চুলে গরম তেল মালিশ করে শ্যাম্পু করে নিন। স্টিমারে বা কুসুম গরম পানিতে নিংড়ানো তোয়ালে পেঁচিয়ে চুলে বাষ্প নিতে পারেন। সবশেষে তুলার প্যাড বা ব্রাশ দিয়ে চুলের গোড়া থেকে আগা পর্যন্ত টেনে টেনে প্যাক লাগান। ৩০ থেকে ৪০ মিনিট পর আবার শ্যাম্পু করে ধুয়ে ফেলুন।

পেডিকিওর, ম্যানিকিওর

হাত এবং পায়ের জন্যও চাই সমান যত্ন। নইলে সাজ অসম্পূর্ণ থেকে যায়। নখ এবং কিউটিকল পরিষ্কার করতে পেডিকিওর কিট কিনতে পারেন। তারপর একটি বালতিতে নিন কুসুম গরম পানি, শ্যাম্পু, লবণ এবং লেবুর রস। ১৫ থেকে ২০ মিনিট হাঁটু পর্যন্ত ভিজিয়ে রাখুন, তারপর ঠান্ডা পানিতে ধুয়ে, মুছে মুলতানি মাটি ও চন্দনের প্যাক লাগান। শুকিয়ে এলে ধুয়ে ফেলুন।