এ সময়ের খাবারদাবার
দেখতে দেখতে রমজান মাসের অর্ধেক শেষ হয়েছে। তবে দীর্ঘ ৩০ দিন নিশ্চয়ই আরেকভাবে খেলে হয় না। তাই বাকি দিনগুলোতে অন্তত নিয়ম করে সেহির আর ইফতার করার পরামর্শ দিয়েছেন পুষ্টি বিশেষজ্ঞরা। না হলে অসুস্থ হয়ে যাওয়ার আশঙ্কা থাকে।।বারডেম হাসপাতালের পুষ্টি বিভাগের প্রধান ও প্রধান পুষ্টি কর্মকর্তা আখতারুন নাহার বলেন, এবার রোজা পড়েছে গরমের মধ্যে। গরমে বারবার ঘাম হয় কিন্তু যে পরিমাণে ঘাম হবে, রোজার কারণে ওই পরিমাণ পানি শরীরে নেওয়া হচ্ছে না। এতে দিন শেষে শরীর হয়ে পড়ে ক্লান্ত। অনেকে আবার সারা দিন খাবেন না ভেবে সেহিরতে বেশি খান, এটাও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাই সেহির ও ইফতারে পরিমিত খাবার খাওয়ার ব্যাপারে পরামর্শ দেন তিনি। তিনি আরও বলেন, সেহিরতে বেশি করে সবজি খাওয়া যেতে পারে। ভাত কিংবা রুটির সঙ্গে বেশি সবজি এবং পরিমিত মাছ ও মাংস খাওয়া উচিত। অনেকেই সেহিরতে মসলাযুক্ত ভুনা খাবার খেয়ে থাকেন। এতে পেটের পীড়া থাকলে সারা দিন অস্বস্তিতে কাটে। সেহিরতে পানিজাতীয় খাবার, যেমন— দুধ ও ডাল রাখা যেতে পারে। অনেকেই দুধ-ভাত খেতে পছন্দ করেন। দুধ-আম কিংবা দুধ-কলা খেতে পারেন। কলায় আছে শর্করা, যা সারা দিন শক্তি দেয়। অন্যদিকে আমে ভিটামিন-এ ও শর্করা—দুটো উপাদানই আছে। আবার আম হজমের জন্য ভালো। ইফতারে জলীয় খাবার খাওয়ার বিষয়ে জোর দিয়ে তিনি বলেন, ফালুদা, পায়েস, দুধ-সেমাই, দুধ-চিঁড়া ইত্যাদি খাওয়া ভালো। ইফতার শুরু হবে শরবতজাতীয় খাবার দিয়ে। শরবত নিমেষেই শরীর চাঙা করে দেয়। মৌসুমি ফল দিয়ে ঘরে তৈরি করা রস খেলেও মন্দ হয় না।রান্না ও পুষ্টিবিদ সিদ্দিকা কবির বলেন, ইফতারে তেলে ভাজা খাবার বেশি খাওয়া ঠিক নয়। অনেকে আবার ইফতারি বেশি খেয়ে ফেলেন, ফলে রাতের খাবারটা বাদ যায়। সারা দিন না খেয়ে থাকার পরে ইফতারি কম খাওয়া উচিত বরং রাতের খাবার যেন বাদ না যায়, সেদিকে লক্ষ রাখতে হবে। সব খাবারই খেতে হবে, তবে তা পরিমিত। তবে ইফতারের পর থেকে বারবার পানি খাওয়ার জন্য গুরুত্ব দেন দুই পুষ্টিবিদ।