এ সময়ের টিভিতে স্মার্ট বিনোদন

ছবি দেখা আর শব্দ শোনাই ছিল প্রধান কাজ। এক-দেড় যুগ আগেও টেলিভিশন শব্দটি শুনলে মনে তাই তো ভেসে উঠত? চৌকোনা বাক্সের সিআরটি টিভি থেকে এলসিডি, প্লাজমা, এলইডি হয়ে এখন যুগ স্মার্ট টিভির। আরেকটু বাড়িয়ে বললে এই স্মার্ট টিভির বাজারে হানা দেওয়া শুরু করেছে ফোরকে, কার্ভড বা বাঁকানো পর্দার টিভি। এখন সে অনেক কাজের কাজি। আর তা শুধু ইন্টারনেটভিত্তিক বিভিন্ন অ্যাপ্লিকেশন ব্যবহারের সুযোগ থাকার কারণে। স্মার্ট, ফোরকে ও কার্ভড টিভি—এ ধরনের টিভিতে সুযোগ রয়েছে ইন্টারনেট ব্যবহারের। এদের মধ্যে তফাতটা কেবল রেজ্যুলেশন এবং কত অ্যাঙ্গেল থেকেও সহজে টিভি দেখা যায় তাতে। এসব টিভি যেন ব্যবহারকারীদের আরও বেশি স্মার্টলি বিনোদন দিচ্ছে। আর গ্রাহকেরাও ছুটছেন সেসব টিভি কেনার দিকে। আর নির্মাতাপ্রতিষ্ঠানও একের পর এক বেশি সুবিধাসংবলিত টিভি বাজারে আনছে।
রাজধানীর কারওয়ান বাজারের ট্রান্সটেক ডিজিটালের বিক্রয় ব্যবস্থাপক শরিফুল ইসলাম বলেন, বাজারে স্মার্ট ও কার্ভড টিভির চাহিদা রয়েছে ভালো।
জেনে নেওয়া যাক সাধারণ টিভি ও স্মার্ট টিভির মধ্যে পার্থক্য। সাধারণ টিভিতে ছবি দেখা, শব্দ শোনা আর টুকটাক গেম খেলা ছাড়া আর তেমন কোনো সুবিধা নেই এতে। স্মার্ট টিভিতে অনেক কাজই করতে পারবেন, যেগুলো সাধারণ টেলিভিশনে করা সম্ভব নয়।
ইন্টারনেট ব্যবহার
স্মার্ট টেলিভিশনে ইন্টারনেটভিত্তিক বিভিন্ন অ্যাপ্লিকেশন ব্যবহারের সুযোগ থাকে। যেখানে স্কাইপ, টুইটার, ফেসবুক, ইউটিউব ইত্যাদি ব্যবহার করা যায়। যেকোনো ওয়েবসাইটও দেখতে পারবেন। মোদ্দা কথা, স্মার্ট টিভিতে ইন্টারনেট ব্যবহার করার সুবিধা রয়েছে। যেমনটি আমরা আমাদের অ্যান্ড্রয়েডনির্ভর স্মার্টফোনগুলোতে পেয়ে থাকি।
স্ক্রিন মিররিং
এ সুবিধার মাধ্যমে স্মার্টফোনের পর্দা দেখা যাবে টিভিতে। এ সুবিধা পেতে হলে ওয়াই-ফাই সংযোগ লাগবে।
কুইক কানেক্ট
এর মাধ্যমে টিভির পর্দাকে নিয়ে আসা যাবে স্মার্টফোনের পর্দায়। এ সুবিধার জন্যও লাগবে ওয়াই-ফাই সংযোগ।
স্পোর্টস মুড
এই অপশন চালু রেখে টিভিতে খেলা দেখলে আপনার মনে হতে পারে, স্টেডিয়ামে বসে খেলা দেখছেন। তবে এইচডি মানের কোনো চ্যানেল হলে ব্যাপারটা আরও প্রাণবন্ত হবে।
সিনেমা মুড
এই অপশনে সিনেমা দেখলে ছবির উজ্জ্বলতা বেশি পাওয়া যাবে। তবে মূল ছবির মানও হতে হবে ভালো।
এসব সুবিধার বাইরেও স্মার্ট টিভিতে রয়েছে ওয়েবসাইট থেকে ভিডিও দেখার জন্য ফ্ল্যাশ সুবিধা, বেশি রেজ্যুলেশনের গেম খেলার জন্য ‘এইচডিএমআই পোর্ট’ এবং কম্পিউটারের মতো স্টোরি রিপ্লে সুবিধা। স্মার্ট টিভির বাইরে ফোরকে টিভির সুবিধা হচ্ছে স্মার্ট টিভির যে রেজ্যুলেশন ১০৮০ এইচডি, তার চার গুণ পাওয়া যাবে এতে। অন্যদিকে স্যামসাংয়ের কার্ভড টিভিতে রয়েছে ১৭৮ ডিগ্রি হরাইজন্টাল, ভার্টিক্যাল ভিউইং অ্যাঙ্গল। ফলে টিভিটি যেখানেই রাখুন না কেন, মনে হবে এক জায়গায়ই বসে টিভি দেখছেন। এসব সুবিধার পাশাপাশি স্মার্ট টিভির সব সুবিধা তো থাকছেই ফোরকে ও কার্ভড টিভিতে।
স্মার্ট টিভি ও কার্ভড টিভির এসব সুবিধা বাজারে থাকা সব টিভিতে না-ও মিলতে পারে। তবে স্যামসাংয়ের টিভিতে মিলবে সব সুবিধাই। কারওয়ান বাজারের ট্রান্সটেক ডিজিটালে কথা হয় স্যামসাং এক্সপেরিয়েন্স কনসালট্যান্ট তানভীর আহম্মেদের সঙ্গে। তিনি বলেন, স্যামসাংয়ের কার্ভড টিভির গ্রাহকদের জন্য রয়েছে টাইজেন স্টোর। যেখান থেকে ব্যবহারকারীরা চাইলেই বিনা মূল্যে নামিয়ে নিতে পারবেন অ্যাপ। টাইজেনে প্রায় ৯০০০ অ্যাপ রয়েছে। ঢাকার কয়েকটি টিভি বিক্রয় প্রতিষ্ঠানে ঘুরে বিক্রেতাদের কাছ থেকে জানা যায়, এর বাইরে এলজির ফোরকে টিভির রেজ্যুলেশন নিখুঁত এবং কংকার ফোরকে টিভিতে রয়েছে উন্নত সাউন্ড কোয়ালিটি। অন্যদিকে স্লিম মডেলের জন্য সুনাম কুড়িয়েছে সনি।
স্মার্ট টিভি কেনার আগে
স্মার্ট টিভি কেনার আগে ‘ওয়াই-ফাই বিল্ট-ইন’ নাকি ‘ওয়াই-ফাই রেডি’ তা যাচাই করে নিতে হবে। শুধু ওয়াই-ফাই রেডি স্মার্ট টেলিভিশন হলে পরে ইন্টারনেট ব্যবহার করতে আলাদা ওয়াই-ফাই ডঙ্গল কেনার প্রয়োজন হবে। স্মার্ট টিভি কেনার আগে আরও দেখে নিতে হবে, এতে ইউএসবি পোর্ট সুবিধা আছে কি না। ইউএসবি পোর্ট থাকলেই যে এক্সটার্নাল হার্ডড্রাইভ বা পেনড্রাইভ সমর্থন করবে এমন কথা নয়। পোর্টেবল হার্ডডিস্ক বা অন্য কোনো ধরনের ডিজিটাল ফরম্যাট সমর্থন করে কি না, তা-ও খতিয়ে দেখতে হবে। আপনার পছন্দের টিভিতে এভিআই, কেএমভি, এমপিফোর, মুভ বা অন্যান্য ফাইল সমর্থন করছে কি না, যাচাই করে নিন। বিক্রেতাকে আগে জিজ্ঞাসা করুন এবং সম্ভব হলে সঙ্গে একটি বিভিন্ন ফাইল ফরম্যাটের মুভি রাখা পেনড্রাইভ রাখুন, যাতে টিভিতে চালিয়ে পরীক্ষা করে নিতে পারেন। আপনার টিভির সঙ্গে যদি পোর্টেবল হার্ডড্রাইভ ব্যবহারের পরিকল্পনা থাকে, তবে টিভিতে তা সমর্থন করছে কি না, তা টিভি কেনার আগেই পরীক্ষা করে নিন। স্মার্ট টিভিতে একাধিক এইচডিএমআই পোর্ট থাকে। কমপক্ষে দুটি এইচডিএমআই পোর্ট না থাকলে সে টিভি কেনা উচিত হবে না। যদি আপনার বাজেটের মধ্যে হয়, তবে অবশ্যই বিল্ট–ইন ওয়াই-ফাই সুবিধার স্মার্ট টিভি কিনবেন। আপনার নিজের সুবিধার কথা ভেবে এবং দীর্ঘমেয়াদি একটি যন্ত্র কেনার আগে একটু যাচাই-বাছাই করে কেনা ভালো। সব মিলিয়ে এই স্মার্ট কিংবা ফোরকে বা কার্ভড টিভি আপনার বিনোদনে যোগ করতে পারে নতুন মাত্রা।
বাজারে থাকা নানান ধরনের স্মার্ট ও অন্যান্য টিভির ওপর বিভিন্ন প্রতিষ্ঠান ঈদ উপলক্ষে ছাড় দিচ্ছে। একনজরে দেখা যাক সেসব—
স্যামসাং
মডেল ও আকারভেদে স্যামসাংয়ের টিভিতে দেওয়া হচ্ছে ৩০ হাজার টাকা পর্যন্ত ছাড়। এ ছাড়া কুপনের মাধ্যমে পাওয়া যেতে পারে বালি ভ্রমণের সুযোগ কিংবা ৩২ ইঞ্চি কার্ভড টিভি। স্মার্ট টিভির দাম ৬৯ হাজার থেকে ১ লাখ ৫০ হাজার ৯০০ টাকা। কার্ভড টিভি কেনা যাবে ৬২ হাজার থেকে ১ লাখ ৮৯ হাজার টাকার মধ্যে।
সনি
এলইডি ও ইউটিউব টিভিতে ১ হাজার এবং ইন্টারনেট টিভিতে ৯ হাজার থেকে ৭৪ হাজার টাকা ছাড় রয়েছে। সঙ্গে পাওয়া যাবে উপহার।
প্যানাসনিক
প্যানাসনিক এলইডি ১ হাজার ১০০ থেকে ৫ হাজার, ইন্টারনেটসহ স্মার্ট টিভি ৪ হাজার থেকে ৫ হাজার টাকা ছাড়ে বিক্রি হচ্ছে।
এলজি
ঈদ কার্ড ঘষে ৫০০ টাকা নিশ্চিত ছাড়সহ সর্বোচ্চ শতভাগ ছাড় আছে।