এ সময়ের ফুলেরা
প্রিয়জনের ঠোঁটের কোণে একচিলতে হাসি। চোখে ভালোবাসার ঝিলিক। শুধু বিশেষ দিন বা বিশেষ ক্ষণ নয়, এমন মুহূর্তের জন্য সব সময়ই অপেক্ষা সবার। এর জন্য সব সময় অনেক কাঠখড় পোড়াতে হবে, তা-ও কিন্তু নয়। অল্প চেষ্টাতেই ধরা দিতে পারে সেই বিশেষ ক্ষণ। চলতি পথেই আছে সহজ উপায়। তা হচ্ছে এই সময়ের শহরের সুগন্ধি অতিথি বেলি, বকুল কিংবা কাঠালচাঁপা। ফুলের দোকান, ট্র্যাফিক সিগন্যালে বিক্রি হওয়া একটি বা দুটি ফুলের মালা দিয়েই কিনে নিতে পারেন কোটি টাকার হাসি। বেলির আবেদন নিয়ে নতুন করে বলার কিছু নেই। মনমাতানো গন্ধে ভরে থাকে চারপাশ। সাদার শুভ্রতায় ফুরফুরে হয়ে ওঠে মন। বছরের এই সময়টাতে এর থেকে ভালো উপহার আর কী হতে পারে? কোন কারণে প্রিয় মানুষটির চোখের কোণে অভিমানের ছায়া? কিংবা চমকে দিতে চান তাকে? বেলি ফুলের মালা পেলে কোথায় উড়ে যাবে সব অভিমান! আর যদি সেটা হয় বছরের প্রথম বেলি ফুল, তাহলে তো কথাই নেই। প্রিয় মানুষটিও মুহূর্তেই হয়ে উঠবে বেলি ফুলের মতো সতেজ। এ সময় আরও দেখা যাচ্ছে বকুল। সকালবেলা বকুল ফুল কেনার উপযুক্ত সময়। হাতে পেঁচিয়ে কিংবা গাড়ির মধ্যে ঝুলিয়ে রাখতে এই ফুল কেনা চাই। কয়েক দিনের শুকনো বকুল ফুলের মধ্যেও একধরনের সৌন্দর্য আছে। ঢাকার শাহবাগের আনিকা পুষ্পবিতানের বিক্রেতা বড় মিয়া বলেন, ‘খুব ভোর থেকে মালা গাঁথতে শুরু করি। গাড়ি থামিয়ে অনেকেই নেয়। এই মৌসুমে বকুল, বেলি আর কাঁঠালচাঁপার ক্রেতা বেশি।’আজকাল সাজেও নতুন ঢঙে ব্যবহার করা হচ্ছে এসব ফুল। একসময় মনে করা হতো, শুধু চুলের খোঁপায় ফুলের মালা দেওয়া যায়। কিন্তু চুল থেকে হাতেও স্থান করে নিয়েছে। খোঁপায় না দিলেও ফুলের মালা হাতে জড়িয়ে নেওয়া যেতে পারে। পোশাক হিসেবে বেছে নিতে পারেন দেশীয় পোশাক। খোঁপায়ও নানাভাবে এদের ব্যবহার দেখা যায়। বেলি ফুলের শুভ্রতায় ভরিয়ে তুলতে পারেন পুরো খোঁপা। কিংবা তিন-চারটি বকুল ফুলের মালা খোঁপার ওপরের দিকে গুঁজে দিলেও সুন্দর দেখাবে। এ ছাড়া খোঁপার দুই দিকে কাঁধের ওপর পর্যন্ত বেলি ফুলের মালা ব্যবহার করতে পারেন। কেউ কেউ একপাশে একটি-দুটি মালা লাগাতে পছন্দ করেন। কাঁঠালচাঁপা খোঁপার একপাশে একটি-দুটি গুঁজে দিলে আকর্ষণীয় দেখাবে। শাহবাগের হূদয় পুষ্পকেন্দ্রের ফুল বিক্রেতা শরিফ জানান, এখন এই তিন ফুলের চাহিদা আছে। তাই তো পুরোপুরি ফুল ফোটার আগেই আমরা আনতে শুরু করি। ক্রেতার বয়সের কোনো ভেদাভেদ নেই। তরুণীরা ছাড়াও মধ্যবয়সী ও বৃদ্ধরাও আসেন। এখানেই তো মেয়েরা ফুল হাতে প্যাঁচান। কেউ সঙ্গে সঙ্গে খোপায় দেন। অনেকে গাড়ির মধ্যে ফুল ঝুলিয়ে রাখেন। প্রাকৃতিক সুগন্ধি হিসেবে কাজ করে। শহুরে জীবনের অনুষঙ্গ হয়ে উঠেছে এই ফুল। ঘর সাজাতেও এ সময় বেলি, বকুল আর কাঁঠালচাঁপা ব্যবহার করা হয়। পটারি বা শোপিস রাখার স্ট্যান্ডে সাজিয়ে রাখা যেতে পারে। বাটির মতো আকারের স্বচ্ছ কোনো ফুলদানিতে রাখলেও ভিন্নতা আসবে। এই সময়ের যেকোনো অনুষ্ঠান সাজাতে বা অভ্যর্থনা দিতে বেলি ফুল বেছে নেওয়া হচ্ছে। বিশেষ করে যাঁরা বিয়ের পিঁড়িতে বসছেন, তাঁদের তো পোয়াবারো। বেলি ফুল ছাড়া যেন কিছুই সম্পন্ন হয় না। বিয়ের গাড়ি, মঞ্চ, বউয়ের সাজ থেকে শুরু করে বাসরঘরটাও বেলিপূর্ণ হয়ে উঠছে। কেউ কেউ গায়ে হলুদের গয়নায় ব্যবহার করছেন কাঁঠালচাঁপা। যাঁরা সারা বছর বেলি ফুলের কৃত্রিম সুগন্ধি ব্যবহার করেন, সঙ্গে রাখুন কয়েকগুচ্ছ বেলি ফুলের মালা। দেখবেন, সুগন্ধির কাজ করবে। ঢাকার শাহবাগ, পান্থপথ, বিজয় সরণি, গুলশানের মোড়গুলোতে সিগন্যাল পড়লেই বেলি, বকুল সাজিয়ে ছোট ছোট বিক্রেতা দৌড়ে আসে। প্রতিটি মালা কিনতে পাবেন তিন থেকে পাঁচ টাকায়। একগুচ্ছ কাঁঠালচাঁপার দাম পড়বে ১০-১৫ টাকা। এ ছাড়া ছোট-বড় ফুলের দোকানগুলো তো রয়েছেই।