এই আমাদের বিজ্ঞান ক্লাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিএফসি কী? প্রশ্ন করা হয়েছিল খুদে কুইজ প্রতিযোগীদের কাছে। উত্তর এল, কেনটাকি ফ্রাইড চিকেন! উত্তরটি সঠিক হয়নি। সঠিক উত্তর, সিএফসি হলো ক্লোরো-ফ্লুরো কার্বন। বেলুনসহ বাঁশের কঞ্চি ঝুলিয়ে বাতাসের ওজন আছে কি না তা পরীক্ষা করার জন্য তৈরি এক্সপেরিমেন্টাল প্রজেক্ট দেখে খুদে শিক্ষার্থীরা জিজ্ঞাসা করল, আজকে এখানে কারও জন্মদিন নাকি? কুইজ প্রতিযোগিতার নোটিশ ক্লাসরুমে জানানো হলে এতে তেমন কেউই অংশ নিতে আগ্রহী ছিল না। যখনই বলা হলো এতে অংশ নিলে ক্লাস ফাঁকি দেওয়া যাবে, তখনই ক্লাসরুম ফাঁকা হয়ে অডিটোরিয়াম ভর্তি হয়ে গেল। এসব কথা জানালেন ভিকারুননিসা নূন সায়েন্স ক্লাবের প্রেসিডেন্ট নায়না তাবাস্সুম।এসবই ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ১৪তম বিজ্ঞান উৎসবের অভিজ্ঞতা। সর্বশেষ উৎসব হয়েছে দুই মাস আগে, ১০ থেকে ১৩ ফেব্রুয়ারি। ১৯৯৬ সাল থেকে সায়েন্স ক্লাবের একটি স্বপ্নের বাস্তবায়ন হচ্ছে এই উৎসবের আয়োজন ও প্রকাশনার মধ্য দিয়ে। ১৯৯৫ সালের ৩ অক্টোবর তৎকালীন অধ্যক্ষ হামিদা আলীর পৃষ্ঠপোষকতায় প্রতিষ্ঠিত হয় ভিকারুননিসা নূন সায়েন্স ক্লাব। বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কে ছাত্রীদের আগ্রহী করে তোলার লক্ষ্যেই এই ক্লাবের যাত্রা। বর্তমানে ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক রোকেয়া আকতার বেগম অক্লান্ত পরিশ্রম করে ক্লাবটি পরিচালনা করে আসছেন ১৪ বছর ধরে।ভিকারুননিসা নূন সায়েন্স ক্লাব প্রতি বছর বিজ্ঞান উৎসবের আয়োজন করে আসছে। ‘প্রযুক্তির অপব্যবহারে বৈশ্বিক উষ্ণায়ন রুদ্ধ হোক, তপ্ত এই পৃথিবীর বিষাক্ত পরিবেশ শুদ্ধ হোক’ এই স্লোগান ছিল এবারের বিজ্ঞান উৎসবের। পুরো উৎসব পরিচালনা করে থাকে ছাত্রীরাই। ক্লাবের সভাপতি নায়না তাবাস্সুম, সাধারণ সম্পাদক সিফাত-ই-তানজিম ও অন্যান্য ১৩টি ডিপার্টমেন্টের ২২ জন ভাইস প্রেসিডেন্টকে এ উৎসবের মূল দায়িত্ব পালন করতে হয়। এদের সঙ্গে কলেজের প্রথম বর্ষের ছাত্রীরা সাব-এক্সিকিউটিভ হিসেবে কাজ করে থাকে। উৎসবে প্রজেক্ট ডিসপ্লে, ম্যাথ অলিম্পিয়াড, অ্যাস্ট্রোলজি অলিম্পিয়াড, কেমিস্ট্রি অলিম্পিয়াড, বায়োলজি অলিম্পিয়াড, ফিজিক্স অলিম্পিয়াড, আকাশ পর্যবেক্ষণ, কুইজ, সুডুকু প্রতিযোগিতা, এক্সপেরিমেন্টারি প্রজেক্ট, স্টল ও ওয়ার্কশপের আয়োজন করা হয়ে থাকে। বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের সহযোগিতায় আকাশ পর্যবেক্ষণের ব্যবস্থা রাখা হয়। এবারের উৎসবে তৃতীয়, চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ শ্রেণীর ছাত্রীদের জন্য এক্সপেরিমেন্টারি প্রজেক্টের আয়োজন করা হয়েছিল।এবারই প্রথমবারের মতো অলিম্পিয়াডের জন্য ওয়ার্কশপ হয়েছে। অলিম্পিয়াড ও প্রজেক্টগুলো তিনটি ভাগে বিভক্ত ছিল যথা: পঞ্চম ও সপ্তম শ্রেণী পর্যন্ত জুনিয়র-১, অষ্টম ও দশম শ্রেণী পর্যন্ত জুনিয়র-২ এবং কলেজ ছাত্রীরা সিনিয়র গ্রুপে। সাইকোলজিক্যাল ও প্রযুক্তিনির্ভর প্রজেক্টগুলো সবচেয়ে আকর্ষণীয় ছিল সবার কাছে।শিক্ষার্থী ও ক্লাবের প্রেসিডেন্ট নায়না তাবাস্সুম জানান, বিজ্ঞান আসলে চর্চার ব্যাপার, এবারের বিজ্ঞান উৎসবে এক্সপেরিমেন্টাল প্রজেক্ট করার মাধ্যমে হাতে-কলমে বিজ্ঞানের বিভিন্ন বিষয়কে শেখানোর চেষ্টা করা হয়েছে। বিজ্ঞানকে সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য অন্যান্য স্কুল ও কলেজকে এই উৎসবে অংশ নিতে আমন্ত্রণ জানানো হয়। অন্যান্য স্কুল-কলেজের ক্লাবগুলোর সঙ্গে হূদ্যতা ও আন্তরিকতার মাধ্যমে এই ক্লাব আরও প্রতিষ্ঠিত হতে পারবে। ভিকারুননিসা নূন স্কুল ও কলেজের অধ্যক্ষ রোকেয়া আক্তার বেগম বিজ্ঞান ক্লাব সম্পর্কে বলেন, ‘মেয়েদের বিজ্ঞানমনস্ক করে তোলা ও পাঠ্যপুস্তকের জ্ঞানের সঙ্গে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দেওয়ার উদ্দেশেই এই ক্লাবের যাত্রা। একই সঙ্গে শিক্ষার্থীরা প্রজেক্ট করার মাধ্যমে বিজ্ঞানের বিভিন্ন বিষয় জানতে ও প্রয়োগ করতে পারবে। এই ক্লাব ১৪ বছর ধরে সফলভাবে বিজ্ঞান উৎসব সম্পন্ন করেছে। প্রজেক্ট বানাতে বানাতে কেউ বা নতুন উদ্ভাবনী শক্তি নিয়ে বড় হতে পারে, আবার দেশের কাজে ভূমিকা রাখতেও পারে। আমাদের মতো স্বল্প উন্নত দেশে আমাদের মেয়েরা সমস্যার সমাধানে এগিয়ে আসবে। এর মধ্য থেকে অনেক বড় বিজ্ঞানী তৈরি হবে, এমন আশা করছি।’এই ক্লাবের পরিচালক মাজেদা বেগম বলেন, বিজ্ঞান বিষয়ে সচেতন করার জন্য মূলত ক্লাবটি করা হয়েছে। চেষ্টা করা হয়েছে বিজ্ঞানকে নিজের মধ্যে আনার জন্য। এ ক্লাবের প্যানেলে যাঁরা কাজ করছেন, তাঁরা সংগঠনভিত্তিক কাজে ও অন্যান্য ক্ষেত্রে ভালো করতে পারছেন। এই ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তিনি জানান, দেশে বিজ্ঞানের গুরুত্ব কমে যাচ্ছে। বিজ্ঞানকে নিজের মধ্যে ধারণ করে সর্বত্র ছড়িয়ে দেওয়া ও এগিয়ে নেওয়ার লক্ষ্যে এই ক্লাব সহায়ক ভূমিকা পালন করবে।বিজ্ঞান ক্লাবের সাধারণ সম্পাদক সিফাত-ই-তানজিম জানান, ‘আমি ছাত্রীদের পক্ষ থেকে বলতে পারি, এ ক্লাবে কয়েক মাস কাজ করার পর মনে হয়েছে, বিজ্ঞানের শিক্ষা সারা বছর ধরেই চলা উচিত। অন্তত সপ্তাহে এক দিন বিজ্ঞান শিক্ষার সুযোগ দরকার। অনেকের কাছে অলিম্পিয়াড কঠিন মনে হয়। এর কারণ অলিম্পিয়াডকে আকর্ষণীয় ও আনন্দদায়ক করে না তোলা, ফলে অনেকে ভয় পায়। কিন্তু অলিম্পিয়াডের মাধ্যমে শিক্ষার্থীরা নিজের পড়াশোনার অনেক কিছু প্রয়োগ করার সুযোগ পায়। তাই অলিম্পিয়াডকে কীভাবে সহজ করা যায় তা নিয়ে ভাবতে হবে।’