এই আমাদের রোকেয়া হল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল হূদিতার জন্মদিন। এই প্রথমবারের মতো বিশেষ এ দিনটি হূদিতার কাটাতে হবে মা-বাবা ও পরিবার ছাড়া। ভাবতেই মনটা কষ্টে হুঁ হুঁ করে ওঠে। কিন্তু এরপর যা ঘটল, তাতে তাঁর ভেতরকার কষ্টগুলো নিমেষেই উধাও হয়ে গেল। ঘড়ির কাঁটা ১২টা ছুঁতে না-ছুঁতেই হূদিতার রুমমেটরা কেক, ফুল, বেলুন নিয়ে এসে তাঁকে রীতিমতো অবাক করে দিলেন। বলছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েদের আবাসিক রোকেয়া হলের কথা। জীবন যেখানে স্বপ্নময়। আপনজন থেকে দূরে, ডাইনিংয়ের নিম্নমানের খাবার কিংবা রুমে গাদাগাদি করে থাকা হলের শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্নকে মলিন করে দিতে পারে না। পড়ালেখা, ছোট ছোট সুখ-দুঃখ, খুনসুটি, আড্ডা, হইহুল্লোড় রোকেয়া হলের শিক্ষার্থীদের প্রতিদিনের রুটিন।‘হলজীবন সম্পর্কে আগে বড় ভাইয়া-আপুদের মুখে শুনতাম। তখন থেকেই হলজীবনের প্রতি একটা আকর্ষণ সৃষ্টি হয়ে গেছে। নিজে যখন হলে থাকা শুরু করি, তখন বুঝতে পারলাম, শোনা কথার চেয়ে অনেক বেশি আনন্দময় ও বৈচিত্র্যপূর্ণ এ জীবন।’ এমনটাই বললেন রোকেয়া হলের তৃতীয় বর্ষের শিক্ষার্থী নুসরাত। বাংলা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মৌনিতা জানান, ‘হলে থাকার মজাই আলাদা। যেকোনো ধরনের সমস্যায় বন্ধু ও বড় আপুদের সহায়তা পাওয়া যায়।’ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েদের সবচেয়ে বড় হলটি রোকেয়া হল। দুই হাজারের মতো শিক্ষার্থী এ হলে থাকেন। সারা দিন ক্লাস, লাইব্রেরি ওয়ার্ক, ল্যাব, টিউশনি শেষ করে রাত সাড়ে নয়টার মধ্যে হলে ফেরা। এসবের মধ্যে খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আড্ডা, প্রেম, ঘোরাঘুরি কেমন করে যেন ঢুকে পড়ে। ক্লাস যেদিন থাকে না, সেদিন হলের বন্ধুরা মিলে রান্না করা, হল লাউঞ্জে কাগজ বিছিয়ে একসঙ্গে গোল হয়ে বসে খাওয়া, পড়ন্ত বিকেলে সবুজ ঘাসময় মাঠে আড্ডা, ছুটির দিনে সব রুমমেট মিলে বাইরে খেতে যাওয়া—সবই এই হলের শিক্ষার্থীদের জীবনের অংশ। এত কিছুর পাশাপাশি পড়ালেখাটা কিন্তু ঠিকমতোই চালিয়ে যান রোকেয়া হলের এই স্বপ্নবাজেরা। পরীক্ষা কাছে আসতে না-আসতেই দেখা যায় হলের রিডিংরুমে তাঁদের দৌড়ঝাঁপ।দেশের বিভিন্ন অঞ্চল থেকে শিক্ষার্থীরা আসেন। তাঁদের মনমানসিকতাও থাকে ভিন্ন ভিন্ন। এর পরও মানিয়ে নিয়ে ছাড় দিয়ে থাকতে হয় হলের বাসিন্দাদের। এ ব্যাপারে ইতিহাসের শিক্ষার্থী তানিয়া বলেন, ‘হলে থাকার সময় মেয়েদের মধ্যে গড়ে ওঠে এক ধরনের ছাড় দেওয়ার প্রবণতা। এ ধরনের প্রবণতা তাঁদের পরবর্তী জীবনে অনেক সহায়তা করে।’রোকেয়া হলের একেকজন শিক্ষার্থীর দুই চোখে আনাগোনা করে বিশাল বিশাল স্বপ্ন। সে স্বপ্ন বাস্তবে রূপ দিতে প্রত্যাশার সঙ্গে কাজের সম্মিলন ঘটাতে ব্যস্ত প্রত্যেকে। তাই অবসরে যখন আড্ডায় ব্যস্ত থাকেন শিক্ষার্থীরা, তাঁদের বিষয়বস্তু থাকে সেসব স্বপ্ন তথা নিজের ক্যারিয়ার, দেশের কথা, দেশের মানুষের কথা, পরিবার, প্রেম-ভালোবাসার কথা। কথা হচ্ছিল এই হলেরই নতুন বাসিন্দা আনিলার সঙ্গে। হলের তিক্ত-মধুর অভিজ্ঞতা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘রোকেয়া হলের সবকিছুই ভালো লাগে। নগরের যান্ত্রিকতার মধ্যে এমন মুক্ত ও সবুজে ঘেরা পরিবেশে থাকতে পারাটা সত্যিই আনন্দের। তবে ডাইনিংয়ের খাবারের মানটা আরেকটু উন্নত হলে ভালো হতো। এ ছাড়া বাসার জন্য প্রায়ই খুব মন পোড়ে। সব সময়ই মিস করি আপনজনদের।’