এই আমাদের সাবরিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হুইলচেয়ার, ল্যাপটপ কম্পিউটার আর মুঠোফোন। ব্যস, এই নিয়েই কাটে সাবরিনা সুলতানার দিন আর রাতগুলো। আর সবার মতো বাইরের পৃথিবীটা মনভরে দেখার সুযোগ তেমন একটা নেই তাঁর। কারণ, মাসকুলার ডিসট্রফি নামের ভয়ানক এক রোগ শরীরে বাসা বেঁধে প্রতিনিয়ত তাঁর প্রতিটি অঙ্গ-প্রত্যঙ্গকে ক্ষয় করে দিচ্ছে। তার পরও শুধু তথ্যপ্রযুক্তির কারণেই আজ প্রায় পুরো বিশ্বই চিনে ফেলেছে চট্টগ্রামের এই মেয়েটিকে, আমাদের সাবরিনাকে।যে মানুষটার প্রায় প্রতিটি অঙ্গ-প্রত্যঙ্গই নিশ্চল, সেই মানুষটি শুধু দুই আঙুল দিয়ে ইন্টারনেটে ব্লগ লিখে তাক লাগিয়ে দিয়েছেন পুরো বিশ্বকে। নিজের দিকে তাকিয়ে অন্য প্রতিবন্ধী মানুষের কষ্ট অনুভব করেন সাবরিনা। প্রতিবন্ধীদের অধিকার আদায়ে নিরলসভাবে কাজ করছেন, ব্লগ লিখে যাচ্ছেন। আর সেই ব্লগ লিখেই জার্মান সংবাদ সংস্থা ডয়চে ভেলের ‘সেরা ব্লগ অনুসন্ধান প্রতিযোগিতা’য় ‘সেরা ব্লগ’ বিভাগে দ্বিতীয় হয়েছে সাবরিনার ব্লগ (http://sabrina.amarblog.com)।১৯৮৯ সালে মাত্র সাত বছর বয়সে সাবরিনার শরীরে ধরা পড়ে মাসকুলার ডিসট্রফি রোগটি। এই রোগে শরীরের সব অঙ্গ-প্রত্যঙ্গ ধীরে ধীরে বিকল হয়ে যায়। গোটা বিশ্বে এই রোগের তেমন কার্যকর কোনো ওষুধ আজ অবধি আবিষ্কার হয়নি। তার পরও হাল ছাড়েননি সাবরিনার মা-বাবা। দেশ-বিদেশ চষে বেড়িয়েছেন মেয়েকে সুস্থ করার জন্য। কিন্তু কোনো কিছুতেই কাজ হয়নি।বাধ্য হয়েই চার দেয়ালের মধ্যে বন্দী হয়ে পড়লেন সাবরিনা। ইচ্ছে থাকা সত্ত্বেও পঞ্চম শ্রেণীতে এসে বন্ধ হয়ে গেল পড়ালেখাও।‘শুনেছি, যেদিন দুচোখ মেলে প্রথম পৃথিবীর আলো দেখেছিলাম, সেদিনই বাবা আমায় কোলে নিয়ে নাম রেখেছিলেন “সাবরিনা”। তবে সাত বছর বাদে সমাজ আমার নতুন নামকরণ করল—“প্রতিবন্ধী”। তাই আমার উচ্ছলতা কোথায় যেন হারিয়ে গেল!’ বলছিলেন সাবরিনা।চার দেয়ালের মধ্যে বন্দী হয়ে বসে থাকতে নারাজ সাবরিনা। ঘরে বসেই প্রতিবন্ধীদের জন্য কিছু একটা করতে হবে—এ ভাবনাটা মনের মধ্যে বেশ ভালো করেই গেঁথে গিয়েছিল তাঁর। আর এই ভাবনা থেকেই শুরু করলেন সমাজের প্রতিবন্ধী সব মানুষের অধিকার নিয়ে স্থানীয় পত্রিকায় লেখালেখি। লেখালেখির সূত্রেই পরিচয় হয় চট্টগ্রামের সাংবাদিক রিয়াজ হায়দারের সঙ্গে। তারপর প্রণয়, বিয়ে। বিয়ের পর স্বাধীনতাটা যেন একটু বেড়ে গেল সাবরিনার। হাতের কাছে পেলেন ল্যাপটপ আর ইন্টারনেট। যোগ দিলেন সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুকে। প্রতিবন্ধী মানুষের অধিকার নিয়ে সাধারণ মানুষকে সচেতন করে তুলতে ফেসবুকেই প্রচারণা শুরু করলেন তিনি। কিন্তু একা আর কত দূরই বা এগোনো যায়! তা ছাড়া হাত দুটোও তাঁর খুব একটা কাজ করে না। তার পরও কিবোর্ডের ওপর মাত্র দুই আঙুল দিয়েই চলতে লাগল সাবরিনার লড়াই। ধীরে ধীরে অনেকেই তাঁর পাশে এসে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিলেন, দাঁড়ালেনও তাঁদের অনেকেই। অবশেষে ২০০৯ সালের ১৭ জুলাই অনলাইনেই সবার সঙ্গে আলাপ-আলোচনা করে ফেসবুকে শুরু করলেন স্বেচ্ছাসেবী গ্রুপ ‘বাংলাদেশ সিস্টেমস চেঞ্জ অ্যাডভোকেসি নেটওয়ার্ক (বি-স্ক্যান)’। এই গ্রুপের কাজ হলো প্রতিবন্ধী মানুষের শিক্ষা, কর্মসংস্থান, সর্বোচ্চ প্রবেশের সুবিধা ও সামাজিক মর্যাদা আদায়ে মানুষকে সচেতন করে তোলা। প্রতিবন্ধীদের জন্য এখন অনেক কাজ করছে এ গ্রুপটি।এ গ্রুপটি সম্পর্কে, প্রতিবন্ধী মানুষ সম্পর্কে সবাইকে সচেতন করার ইচ্ছেটা তার পরও দমে যায়নি সাবরিনার। এ কারণেই ২০০৯ সালের ১৫ অক্টোবর ‘আমার ব্লগ ডট কমে’ (www.amarblog.com) শুরু করলেন ব্লগ লেখালেখি। ‘মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একজন প্রতিবন্ধী মানুষের খোলা চিঠি’ শিরোনামে একটি লেখা দিয়ে শুরু হলো তাঁর ব্লগ লেখা। বেশ সাড়াও পেলেন ওই লেখায়। তারপর থেকে আর থেমে নেই সাবরিনা। নিজের শরীরের সঙ্গে যুদ্ধ করেই ব্লগ লিখে যাচ্ছেন তিনি। এরপর প্রতিবন্ধীদের অধিকার আদায়ের স্বপ্ন নিয়ে প্রথম আলো ব্লগসহ (http://prothom-aloblog.com/ blog/sabrina) আরও বেশ কয়েকটি ব্লগে চলতে লাগল সাবরিনার ব্লগিং।কিছুদিন আগের কথা। জার্মান সংবাদ সংস্থা ডয়চে ভেলের ‘সেরা ব্লগ অনুসন্ধান প্রতিযোগিতা’য় সাবরিনার ব্লগ বিশ্বের সেরা ব্লগ বিভাগে মনোনয়ন পেয়েছে। বাংলা ভাষার পক্ষে এই বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের ব্লগাররা ভোটও দিয়েছেন সাবরিনার ব্লগকে। ১১ এপ্রিল জার্মানির বন শহরে বিভিন্ন ভাষার বিচারকেরা সাবরিনার ব্লগটি সম্পর্কে জানতে সর্বোচ্চ সময় ব্যয় করেন। এই বিভাগে পরপর তিনবার বিচারকদের মধ্যে ভোটের আয়োজন করা হয়। চূড়ান্ত ভোটে সাবরিনার পক্ষে অবস্থান নেন পাঁচ ভাষার বিচারক আর আরেক প্রতিযোগী তিউনিসিয়ার মেয়ে লিনার ব্লগটির পক্ষে অবস্থান নিয়েছিলেন সাত বিচারক।‘প্রথম হতে পারিনি, তার পরও আমি খুশি। প্রতিবন্ধী মানুষও যে অন্য রকমভাবে সক্ষম, এটা প্রমাণ করতে পেরে ভালো লাগছে। প্রতিবন্ধী মানুষের অধিকারের বিষয়টি নিয়ে আমরা যে কাজ করছি, এ অর্জন তারও স্বীকৃতি। আমি চাই না, শারীরিকভাবে অক্ষম মানুষকে “প্রতিবন্ধী” শব্দটি দিয়ে আলাদা করা হোক।’ বললেন সাবরিনা সুলতানা।ডয়চে ভেলেতে প্রচারিত এক খবরে ফরাসি ভাষার বিচারক ক্লারা উলরিশ সাবরিনার উদ্দেশে ভাঙা বাংলায় বলেন, ‘সাবরিনা, তোমার কাজ এবং বিরল এ ব্লগটির জন্য তোমাকে স্বাগত জানাই।’সাবরিনা বললেন, ‘লিখতে আমার খুব কষ্ট হয়। তার পরও প্রতিবন্ধী মানুষের অধিকার নিয়ে ব্লগ লিখতাম। এটা শুধু প্রযুক্তির কারণেই সম্ভব হয়েছে। আমার পক্ষে তো বাইরে গিয়ে বা নিয়মিত পত্রিকায় লেখা সম্ভব নয়। কষ্ট করে লিখলেও আমি ভাবতাম এসব লেখায় আসলে তেমন কিছু হয় না। কিন্তু এবার মনে হচ্ছে ব্লগ লিখেও মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি করা যায়। সমাজ পরিবর্তনে অংশীদার হওয়া যায়।’নিজের ইচ্ছাশক্তির কাছে শারীরিক প্রতিবন্ধকতা যে শক্তিশালী দেয়াল হতে পারে না, তা সাবরিনাই প্রমাণ করে দিলেন।