এই ঈদসংখ্যা পড়লে জানতে পারবেন...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্মানিত পাঠক, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আপনারা নিশ্চয়ই জানেন, কদিন পরই পবিত্র ঈদুল ফিতর। সবার মনে কত আনন্দ! এই আনন্দ আরও বাড়িয়ে দিতে আপনাদের জন্য রয়েছে রস+আলোর ঈদসংখ্যা। ঈদের ছুটিতে আপনারা অনেকেই গ্রামে যাচ্ছেন। ছুটছেন প্রিয়জনের কাছে। জনাব, চলার পথে বাসে-ট্রেনে যেখানেই থাকুন না কেন, এই ঈদসংখ্যা আপনাকে ভাসাবে স্নিগ্ধ আনন্দের ফল্গুধারায়। বাস-ট্রেনে যাত্রীদের উপচে পড়া ভিড় আর প্রচণ্ড গরমে এই ঈদসংখ্যা আপনাকে দেবে শীতল হাওয়ার পরশ। অর্থাৎ এটিকে আপনারা হাতপাখা হিসেবে ব্যবহার করতে পারবেন। তাড়াহুড়োয় টিস্যু আনতে ভুলে গেছেন? কোনো সমস্যাই নেই। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি রস+আলোর পার্শ্বপ্রতিক্রিয়াহীন পৃষ্ঠাগুলো খুব সহজেই টিস্যু হিসেবে ব্যবহার করতে পারবেন। জনাব, যানবাহনের হাউকাউ দেখে আপনার কোলের কোমলমতি শিশুটি কি ভয় পেয়েছে? কোনো সমস্যাই নেই। রস+আলোর পৃষ্ঠাগুলো দিয়ে তাকে বানিয়ে দিন বিমান, নৌকা কিংবা ফুল-পাখি। যাঁরা টিকিট পাননি, কিংবা ভাঙা রাস্তার কারণে বাড়ি যাননি, তাঁরাও রস+আলো ব্যবহার করতে পারেন নানাভাবে। এ ছাড়া রস+আলোর এই ঈদসংখ্যা পড়লে আপনি জানতে পারবেন কতজন লেখক এবারের সংখ্যাটিতে লিখেছেন। জানতে পারবেন তাঁদের প্রত্যেকের নাম। জানতে পারবেন এবারের সংখ্যায় মোট কয়টি গল্প আর কার্টুন আছে। আরও জানতে পারবেন কোন কোন প্রতিষ্ঠান এতে বিজ্ঞাপন দিয়েছে। জনাব, বাজারের অন্য যেকোনো ঈদসংখ্যা কেনার জন্য আপনাকে ১২০ থেকে ১৩০ টাকা খরচ করতে হবে। কিন্তু শুধু আপনাদের জন্য, আমাদের পক্ষ থেকে রস+আলোর ঈদসংখ্যাটি পাচ্ছেন একেবারে ফ্রি! ফ্রি! ফ্রি! এই ঈদসংখ্যার জন্য আপনাকে কোনো দাম দিতে হবে না। তবে একটি কথা বলে রাখি জনাব, কিছু পেতে চাইলে কিছু দিতে হয়। আপনাদের মূল পত্রিকাটা অবশ্যই দাম দিয়ে কিনতে হবে। প্রিয় পাঠক ভাই, বোন বন্ধুগণ, আর কথা বাড়াব না। কথা কম, কাজ বেশি—এটাই আমাদের মূলমন্ত্র হওয়া উচিত। ও, ঈদের শুভেচ্ছাটাই তো জানানো হয়নি! আপনাদের ঈদ হোক আনন্দময়। ঈদ বয়ে আনুক শান্তি আর সমৃদ্ধি—এই কথা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ঈদ মোবারক।