এই উৎসব প্রযুক্তিপ্রেমীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রযুক্তিপ্রেমী এই শিক্ষার্থীদের চোখ নতুন কোনো আবিষ্কারের দিকে। ছবি: সংগৃহীত
প্রযুক্তিপ্রেমী এই শিক্ষার্থীদের চোখ নতুন কোনো আবিষ্কারের দিকে। ছবি: সংগৃহীত

সারবেঁধে দাঁড়ানো প্রায় অর্ধশত রোবট, লড়াইয়ের জন্য প্রস্তুত! মোরগ লড়াই কিংবা ষাঁড়ের লড়াইয়ের কথা শুনেছেন, কিন্তু রোবটের লড়াই? অন্য রকম এই যন্ত্রযুদ্ধ চোখে পড়ল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট), ২২ ও ২৩ জানুয়ারি। ‘আন্তবিশ্ববিদ্যালয় টেক ফিয়েস্তা ২০১৬’ আয়োজন করেছিল কুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগ। অংশ নিয়েছেন ৩০টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। উৎসবের মূল আকর্ষণ ছিল ‘ডুয়েল অব রোবট’, আর এই প্রতিযোগিতায় অংশ নিতেই রোবটগুলোর এই যুদ্ধংদেহী রূপ।

প্রতিযোগিতায় অংশ নেওয়া রোবট
প্রতিযোগিতায় অংশ নেওয়া রোবট

বিজ্ঞানকে যাঁরা ভালোবাসেন, তাঁদের জন্যই এই আয়োজন। রোবট-যুদ্ধ ছাড়াও উৎসবে ছিল বৈজ্ঞানিক প্রকল্প, পোস্টার, সফটওয়্যার ও হার্ডওয়্যার প্রদর্শনী, আইটি কন্টেস্ট, রুবিকস কিউব ও সুডোকু প্রতিযোগিতার মতো নানা আকর্ষণ। এ ছাড়া বিভিন্ন রকম প্রযুক্তির চমক ছিল স্টলগুলোতে।

উৎসবে ছিল রুবিকস কিউব মেলানোর প্রতিযোগিতা
উৎসবে ছিল রুবিকস কিউব মেলানোর প্রতিযোগিতা

কথা হলো কুয়েটের চতুর্থ বর্ষের তড়িৎকৌশল বিভাগের শিক্ষার্থী আসিফ সাইফের সঙ্গে। জানালেন, তাঁরা চাইছিলেন এমন একটা ‘প্ল্যাটফর্ম’ তৈরি করতে, যেখানে দেশের সব প্রযুক্তিপ্রেমী শিক্ষার্থী তাঁদের সৃজনশীলতা প্রকাশের সুযোগ পাবেন। যার মাধ্যমে বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে আগ্রহী শিক্ষার্থীদের সংখ্যা বাড়বে। দুই দিনের এই আয়োজন খুলনা শহরে তো বটেই, সারা দেশের প্রযুক্তিপ্রেমী শিক্ষার্থীদের মধ্যেই সাড়া ফেলেছে। তবে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও প্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক মো. নুর কুতুবুল আলম জানালেন, সামনের দিনগুলোতে তাঁদের লক্ষ্য আরও বড়। জাতীয় পর্যায়ে এই উৎসব আয়োজনের পরিকল্পনা আছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘শুধু জাতীয় না, আমরা আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে যেতে চাই। বিভিন্ন দেশে আমাদের অ্যালামনাইরা আছেন, তাঁরা তো সাহায্য করছেনই। এ ছাড়া টেকনিক্যাল, ননটেকনিক্যাল, সব ধরনের মানুষেরই সহায়তা দরকার। এর আগে ২০১২ সালে আমরা টেক ফিয়েস্তা করেছিলাম। এখন থেকে দুই বছর পরপর আমাদের এই উৎসব আয়োজনের ইচ্ছা আছে।’

চলছে সুডোকু মেলানোর বুদ্ধির খেলা
চলছে সুডোকু মেলানোর বুদ্ধির খেলা

ডুয়েল অব রোবট-এ ‘কোয়ালিফায়ার রাউন্ডে’ প্রথম হয়েছেন সিলেটের মেট্রোপলিটন ইউনিভার্সিটির রাজু মিয়ার দল জেনার ডায়োড। রাজু মিয়াকে বলা যায় ‘দ্য ওয়ান ম্যান আর্মি’। ‘জেনার ডায়োড’কে দল বলা হলেও, সে দলের একমাত্র সদস্য তিনিই। এই ওয়ান ম্যান আর্মিই ৫০টি দলকে পেছনে ফেলে প্রথম হওয়ার গৌরব অর্জন করেন। পুরস্কার হিসেবে পেয়েছেন ক্রেস্ট ও ৩০ হাজার টাকা। চ্যাম্পিয়নের অনুভূতি জানতে চাওয়ার রীতি অনুসরণ করে রাজুর কাছে জানতে চাইলাম, ‘কেমন লাগছে?’ বললেন, ‘অসাধারণ! ভালো লাগছে প্রতিযোগিতায় নিজের বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হয়ে লড়াই করে চ্যাম্পিয়ন হয়েছি বলে। সিলেট থেকে খুলনা—এত দূর আসাটা সার্থক হলো। আমার দলে যেহেতু আর কেউ ছিল না, পুরো খাটনিটা একার ওপর দিয়েই গেছে।’ প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দল ‘সাস্ট এসেস’। তৃতীয় হয়েছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দল ‘ইলেকট্রোস্কলারস’।
সফটওয়্যার, হার্ডওয়্যার তৈরি, পোস্টার, সুডোকু আর রুবিকস কিউব—সব কটি প্রতিযোগিতায় ভালো ফল পেয়েছে ‘স্বাগতিক’ কুয়েট। এ ছাড়া নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা পাবলিক কলেজ, মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও পুরস্কৃত হয়েছেন।
উৎসবের পৃষ্ঠপোষক ছিল এনার্জিপ্যাক। এ ছাড়া সার্বিক সহযোগিতা করেছে প্রথম আলো। প্রথম আলোর যুব কর্মসূচির সমন্বয়কারী মুনির হাসান ও ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্র টেক ফিয়েস্তা উপলক্ষে আয়োজিত সেমিনারে অংশ নিয়েছেন। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়েছে দুই দিনের উৎসব।