এই এক মাস তাঁরা কী করবেন?
আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার স্বার্থে আগামী এক মাস রাজধানীতে কোনো রাজনৈতিক দলকে সাধারণত সভা-সমাবেশ করতে দেওয়া হবে না। সরকারের পক্ষ থেকে এমনটাই ঘোষণা এসেছে গত ১৯ মে। পরে অবশ্য বিষয়টি নানাভাবে ব্যাখ্যাও করেছেন একাধিক মন্ত্রী। তবে ঘোষণাটি যদি শেষমেশ বাস্তবায়িত হয়, তাহলে এই এক মাস বিরোধী দল কী করবে? সেই বুদ্ধি বাতলে দিচ্ছেন মাহফুজ রহমান

আবৃত্তির ক্লাস
এক মাসের বিরতি শেষ হলে প্রথমেই ফোটাতে হবে বক্তৃতার খই। খই ফোটাতে চাইলে দরকার খইয়ের চাল। খইয়ের চাল মানে আর কিছু নয়—কথা। এক মাস যদি কথা কম বলেন, তাহলে হয়তো অনেকেরই চোয়াল অলস হয়ে যেতে পারে। ফলে বিরতি শেষে খানিকক্ষণ কথা বললেই চোয়ালের ব্যথা চাগাড় দিতে পারে অসহনীয় মাত্রায়। এমন বিপদে পড়তে না চাইলে ভর্তি হয়ে যান আবৃত্তির ক্লাসে। কাজী নজরুল ইসলামের ‘বিদ্রোহী’ কবিতাটি কয়েক দিন আবৃত্তি করলে সুফল পাবেন হাতে হাতে। পাশাপাশি মনের ভেতর বিদ্রোহী ভাবেরও উদয় হবে নিশ্চিত। সঙ্গে গলা পরিষ্কার রাখার জন্য বিশেষজ্ঞ পরামর্শও নিতে পারেন।
কাগজের ধানের শীষ
এই দেশের সংস্কৃতিতে কাগজের নৌকা জড়িয়ে আছে ওতপ্রোতভাবে! বৃষ্টি হলেই কোনো কথা নেই বার্তা নেই, খাতার কাগজ ছিঁড়ে নৌকা বানাও। খাতা নেই তো খবরের কাগজ দিয়ে বানাও। খবরের কাগজ নেই তো চানাচুরের ঠোঙা দিয়ে বানাও! বিরোধী দল এত কিছু নিয়ে ভাবে, অথচ এই জনগুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে তারা একবারও মাথা ঘামায়নি! আশ্চর্য! ভাবা উচিত, এটা সময়ের দাবি। কারণ, নৌকা হলো আওয়ামী লীগের প্রতীক। অন্যদিকে প্রধান বিরোধী দলের প্রতীক ধানের শীষ। তো বিএনপির কি উচিত নয় কাগজ দিয়ে ধানের শীষ বানানোর ওপর ন্যূনতম এক দিনের একটি কর্মশালার উদ্যোগ নেওয়া?

ব্যর্থতার টাইমলাইন
সভা-সমাবেশ শুরু হলে বক্তৃতায় কী বলবেন? ভেবে রেখেছেন তো? রাখলে ভালো, না রাখলে এখনই বসে যান। সময় বহিয়া যায়। তবে সবচেয়ে ভালো হয় এই সরকারের ব্যর্থতার একটি টাইমলাইন তৈরি করলে। এনার্জি পাচ্ছেন না? তাহলে কর্মীদের বলুন ফেসবুকে ‘আওয়ামী লীগস ফেইলর’ নামের একটি পেজ খুলতে। তারপর সবাইকে বলুন সেখানে এই সরকারের ব্যর্থতার ইতিহাস লিখতে। দেখবেন, কত সহজে তৈরি হয়ে যাবে সরকারের ব্যর্থতার টাইমলাইন! সেখান থেকে প্রয়োজনে ব্যবহার করতে পারবেন আপনার মোক্ষম অস্ত্র।

দৌড়: দ্য রান
দৌড়ের ওপর আছি—এই বাক্য হাড়েহাড়ে উপলব্ধি করেন বিরোধী দলের নেতা-কর্মীরা। এ যেন তাঁদের নিয়তি! রাজপথে থাকলে দৌড়ের বিকল্প নেই। ভালো দৌড়বিদ না হলে কত যে যন্ত্রণা, পূর্ণিমা-অমাবস্যায় ভুক্তভোগী মাত্রই বোঝেন। সভা-সমাবেশ শুরু মানেই দৌড়ের শুরু। তাই এই এক মাস ঘরে বসে শরীরের ‘জয়েন্টে জয়েন্টে’ মরিচা ধরাতে না চাইলে দৌড়ের প্রশিক্ষণ নিন। ঢাকা শহরে এখন ভালো ভালো অনেক জিমনেসিয়াম আছে। এ ছাড়া মাঠের তো অভাবই নেই! আরও ভালো হয় ফরেস্ট গাম্প ছবিটি দেখলে। ছবিটি থেকে অনুপ্রাণিত হয়ে সঙ্গে স্ত্রীকেও রাখুন। পেছন থেকে তিনি অনবরত চিৎকার করবেন, ‘রান, অমুক রান!’ ব্যস, স্ত্রীর কাছ থেকে এই জ্বালানি নিয়ে হয়ে উঠুন বাংলার ফরেস্ট গাম্প কিংবা উসাইন বোল্ট।
কাদা ছোড়াছুড়ি এক্সটেন্ডেড

রাজনীতির মাঠে সবচেয়ে জনপ্রিয় (পড়ুন জননেতাপ্রিয়) খেলা বোধ হয় কাদা ছোড়াছুড়ি। আবহমান বাংলার প্রাচীন রাজনৈতিক খেলাগুলোর মধ্যে এটি অত্যন্ত প্রশংসনীয়। মনোমুগ্ধকর ও স্বাস্থ্যসম্মতও বটে। তবে এক খেলা আর কত দিন! ক্রিকেটের টেস্ট ম্যাচ তো হয় পাঁচ দিনে; তাতেই আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে যায় থ্রিজি সিমের সাহায্য ছাড়াই। তাই এবার আপনারা নতুন কিছু করুন। কাদা ছোড়াছুড়ি এক্সটেন্ডেড নাম দিয়ে একটু অন্য রকমভাবে উপস্থাপন করুন এই খেলাটি। কাদার সঙ্গে কিছু ইট-পাটকেল-সিমেন্টও মিশিয়ে নিতে পারেন। তাতে খেলাটা আরও শক্তপোক্ত হবে।
এর পরও যদি বলেন, ‘আমার কোনো কাজ নাই’, তাহলে ওই কথাই বলতে হয়—নাই কাজ তো খই ভাজ।
