
কয়েক দিন ধরেই রাজধানী ঢাকার তাপমাত্রা ত্রিশের ঘরে ওঠানামা করছে। থার্মোমিটারের পারদের চরম ওঠানামায় সাধারণ জীবনে গরমে অতিষ্ঠ প্রায় সবাই। গরমে অবস্থা সবারই চরমে। গরমকে কাটিয়ে অফিস-আদালতে যেতে মন না চাইলেও যেতে হয়। অসুস্থ হয়েও অনেকে বেশ ঝামেলার মধ্যেই আছেন। গরমে অফিস করা বেশ কঠিন কাজগুলোর একটিই মনে করেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাবরিনা রহমান। তিনি বলেন, ‘এত গরমের মধ্যে অফিসে আসা-যাওয়া কষ্টকর। যানজট ঠেলে সূর্যকে মাথার ওপরে রেখে অফিসে আসা হতাশার একটা কাজ মনে হয়। ফ্যান আর এয়ার কন্ডিশনারের বাতাসেও গরম এড়ানো বেশ কঠিন একটি কাজ।’ এই সময়ে
জীবনযাত্রায় সামান্য পরিবর্তন আনলে ভ্যাপসা গরমে অফিস করতে একটু স্বাচ্ছন্দ্য আনা যায় কিন্তু।
ভ্যাপসা গরমে যা করতে পারেন—
* অফিসে একটু সকালে বের হওয়ার জন্য চেষ্টা করুন। সকালের দিকে তাপমাত্রা তুলনামূলক কম থাকে বলে জ্যামে পড়লে অস্বস্তি কম হয়।
* ব্যাগে পানির বোতল রাখুন সব সময়। পানির সঙ্গে গ্লুকোজ বা স্যালাইন মিশিয়ে খাওয়ার অভ্যাস করুন।
* বাইরে থেকে ঘেমে এসে সরাসরি এয়ার কন্ডিশনারযুক্ত রুমে প্রবেশ না করাই ভালো। হাতমুখ ধুয়ে গলা, হাত আর মুখের ঘাম মুছে এয়ার কন্ডিশনারযুক্ত কক্ষে প্রবেশ করুন।
* দীর্ঘক্ষণ এসির মধ্যে থেকে তাড়াহুড়ো করে বাইরে বের হবেন না। এতে শরীর বেশি খারাপ হওয়ার ঝুঁকি থাকে। এসি থেকে রৌদ্রে বের হওয়ার আগে কিছুক্ষণ অফিসের করিডোর বা লবিতে সাধারণ তাপমাত্রায় থাকুন।
* ব্যাগে রুমাল বা ভেজা টিস্যু রাখতে পারেন। ঘাম মুছে ব্যবহারের পর রুমাল পানি দিয়ে নিয়মিত ধুয়ে পরিষ্কার করুন।
* গরমে চেষ্টা করুন হালকা ওজনের স্যান্ডেল বা জুতা পরে অফিস করতে। ভারী জুতা আর মোজা পরে অফিসে যাওয়ার পথে গরম আরও বেশি লাগে।
* একদিনের পোশাক পরে পরের দিনেই অফিস যাওয়া থেকে বিরত থাকুন। চেষ্টা করুন প্রতিদিন ধোয়া পোশাকে অফিসে যেতে।
* প্রতিদিন সকালে অফিসে যাওয়ার আগে গোছল করার অভ্যাস করুন নিয়মিত। এতে মনে প্রশান্তি আসে, শরীরও ভালো থাকে।
* অফিস থেকে ফেরার পরে বাড়িতে এক গ্লাস লেবু কিংবা বেলের শরবত খেয়ে বিশ্রাম নিন। অফিস থেকে বাড়ি ফিরেই গোসলে না ঢোকাই ভালো।
* গোসলে ভালো অ্যান্টিব্যাকটেরিয়াল সাবান ব্যবহার করুন। এতে শরীরে ঘামের কারণে জমে থাকা রোগজীবাণু থেকে বাঁচা যায়।
* মুঠোফোনে গাড়িতে বেশিক্ষণ সময় না কাটানোই ভালো। দীর্ঘক্ষণ মাথা নিচু করে মুঠোফোন ব্যবহারে চোখে চাপ পড়ে।
* দুপুরে ফলজাতীয় খাবারের অভ্যাস করুন।
* ফ্রিজ থেকে সরাসরি ঠান্ডা পানি খাওয়ার বদভ্যাস পরিহার করুন।
সূত্র: হাফিংটন পোস্ট ও লাইফ হ্যাক