এই গরমে এমন টি-শার্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গরম এসে পড়েছে। এমন দিনে সবচাইতে জনপ্রিয় পোশাক কী? একবারেই বলে দেওয়া যায়—টি-শার্ট। এ বছর টি-শার্টের নকশায় দেখা যেতে পারে কিছুটা বৈচিত্র্য। তা নিয়েই এই প্রতিবেদন।আমাদের দেশে টি-শার্টে দুটি ধারা দেখা যায়। একটি হলো বিদেশ থেকে আমদানি করা অথবা দেশে বিদেশি মোটিভ ব্যবহার করে তৈরি। বেশ কিছু দিন ধরেই দেশি অনেক ডিজাইনার তৈরি করছেন এর থেকে ভিন্ন আরেক ধরনের টি-শার্ট। এগুলোতে সমসাময়িক নানা ঘটনা, বিশেষ দিবস, আমাদের সংস্কৃতির নানা উপাদান থিম হিসেবে ব্যবহার করা হচ্ছে। সাধারণত ঢাকার আজিজ সুপার মাকের্টেই পাওয়া যাচ্ছে এ ধরনের টি-শার্ট।টি-শার্টের ট্রেন্ড নিয়ে ডিজাইনারদের সঙ্গে কথা বলে জানা গেল, গরমের দিনে আরামদায়ক এই পোশাকে হাওয়া-বাতাস চলাচলের ব্যবস্থাও দারুণ। এবার অনেক ডিজাইনার টি-শার্টের হাতাটা একটু লম্বা রাখবেন। তবে ফুলস্লিভ নয়, থ্রি-কোয়ার্টার হাতা গুটিয়ে পরার ট্রেন্ড দেখা যাবে।মোটিফগুলো এবার হবে বেশ মজার। কার্টুন ও ইলাস্ট্রেশনের প্রাধান্যও থাকবে।টি-শার্টে সাধারণত কোনো বোতাম বা কলার থাকে না। সচরাচর এটি হয় গোল গলা। তবে ভি আকৃতি গলা ও খাটো হাতা হতে পারে। যদিও অনেকে খাটো হাতাযুক্ত যেকোনো শার্টকেই টি-শার্ট ভেবে ভুল করেন। পোলো শার্ট বা অন্যান্য কলারযুক্ত শার্ট আসলে টি-শার্ট নয়। এ ধরনের শার্টের হাতা কাঁধের পাশ দিয়ে সামান্য একটু বাড়তি থাকে, খাটো হাতার ক্ষেত্রে কনুই পর্যন্ত হতে পারে। টি-শার্ট সাধারণত সুতি কাপড়ে তৈরি হয়। কিছু ক্ষেত্রে সুতি বা অন্য উপাদান মিশ্রিত সুতা দিয়েও টি-শার্ট তৈরি হয়। ফ্যাশন হাউস নিত্য উপহারের স্বত্বাধিকারী বাহার রহমান বলেন, এবারের টি-শার্টের ট্রেন্ড হলো বডি ফিটিং। থিম-ভিত্তিক কাজ এবার বেশি হবে। বিদেশিরাও এসব টি-শার্ট স্মারক হিসেবে রাখতে পারবেন। টি-শার্টে কালো ছাড়াও অন্যান্য রঙের বৈচিত্র্য থাকবে। তবে এবার বৈচিত্র্য আনার জন্য বাসন্তী, সবুজ, সুরমা, জলপাই, কমলা—এসব রং ব্যবহার করা হবে।রঙের বৈচিত্র্যের কথা বললেন ফ্যাশন হাউস ব্যাং-এর পরিচালক সায়েম হাসানও। তিনি বলেন, টি-শার্টের ছাপাও এবার বেশ বড় আর রংচঙে হবে। ফ্যাশন হাউস রিচম্যানের ডিজাইনার নাইমুল হক খান বলেন, ডিজাইনের ক্ষেত্রে তরুণদের পছন্দকেই প্রাধান্য দেওয়া হয়। ক্যাজুয়াল লুক দিতে টি-শার্টের সঙ্গে জিনসের প্যান্ট বেশ মানায়। হালকা বা সাদা রঙের টি-শার্ট পরলে নীল বা ছাই রঙের জিনস, গ্যাবার্ডিন বা সুতি প্যান্টও পরা যায়। জুতার পাশাপাশি স্যান্ডেলও পরা যায়। বিশেষ করে কলেজ, বিশ্ববিদ্যালয়ে তরুণদের টি-শার্ট জিনসের সঙ্গে মানানসই। আজকাল সামার ব্লেজার-জ্যাকেট বা ক্যাজুয়াল পোশাকেও অনেকে টি-শার্ট পরেন। তবে ফরমাল প্যান্টের সঙ্গে টি-শার্ট ভালো লাগবে না। একই রঙের টি-শার্ট ও প্যান্ট পরলেও ভালো লাগবে না। পোশাক নির্বাচনের ক্ষেত্রে কনট্রাস্ট বা দুটো ভিন্ন হলেই ভালো লাগবে। যেমন টি-শার্ট লাল হলে প্যান্ট কালো ভালো মানাবে।