
যেকোনো খাবার হজম করতে গিয়ে বিপাকক্রিয়ায় তাপ উৎপন্ন হয়। এমনিতেই গরমে দেহের তাপমাত্রা বেশি, তাই যত কম তাপ উৎপন্ন হয়, তত ভালো। তাই গরমে চাই সহজপাচ্য ও ঠান্ডা খাবার। সেগুলো কী? অবশ্যই কম তেল, কম মসলাযুক্ত খাবার। কেননা তেল চর্বিযুক্ত খাবার, যেমন: মাংস, ভাজাপোড়া, সামুদ্রিক খাবার, পনির ও মাখনসমৃদ্ধ খাবার বিপাকে প্রচুর শক্তি ব্যয় হয়, খরচ হয়ে যায় অনেক পানিও। এগুলো পানিশূন্যতা বাড়াবে, পিপাসাও বাড়াবে। চা-কফিও বেশি ঘাম উৎপন্ন করে। খাবারে বেশি মসলাও ঘাম তৈরি করে, তবে কিছু কিছু মসলা যেমন আদা, গোলমরিচ তত খারাপ নয়।
আমাদের দৈনিক পানির চাহিদার শতকরা ২০ ভাগ পূরণ করতে হয় খাবার থেকে। গরমকালে পানির চাহিদা বেশি, তাই জলীয় অংশ বেশি এমন খাবারই বেছে নিন। ৯০ শতাংশের বেশি জলীয় অংশ রয়েছে নিচের খাবারগুলোতে: শসা, লেটুস, টমেটো, ক্যাপসিকাম, তরমুজ, বাঙ্গি, কামরাঙা, ব্রকলি, স্ট্রবেরি, মাল্টা ইত্যাদি। এ ছাড়া আছে টক দই ও দুধ। তাই নাশতায় দই-চিড়া বা জলীয় সবজি সহযোগে রুটি ভালো হতে পারে। অফিসে বা স্কুলের টিফিনে ভরে নিতে পারেন কয়েক টুকরা তরমুজ, বাঙ্গি আর শসা-টমেটো-লেটুস দিয়ে বার্গার।
দুপুরের খাবারে প্রচুর পানি আছে এমন তরকারি, যেমন: লাউ, চালকুমড়া, ঝিঙে, ধুন্দুল ইত্যাদি খান। খাবারের তালিকায় রাখতে পারেন আম বা আমড়া দিয়ে টক। টকদই দিয়ে শসা বা রায়তা ও সালাদ অবশ্যই রাখবেন। এগুলো পানির অভাব পূরণ করবে।
পানি খাবেন কতটুকু?
পানি কতটুকু লাগবে তা নির্ভর করে আবহাওয়া ও কায়িক শ্রমের ওপর। এ জন্য নিজের মস্তিষ্কের পিপাসা কেন্দ্রের ওপরই ভরসা করুন। তবে মনে রাখবেন, বাইরে রোদে কাজ করা, প্রচুর ঘাম হওয়া, জ্বর, পাতলা পায়খানা বা বমি ইত্যাদি কারণে পানির চাহিদা বাড়বে। আর পিপাসা মেটানোর জন্য সাধারণ তাপমাত্রার স্বাভাবিক পানিই ভালো। খুব ঠান্ডা পানিকে দেহের ভেতর গরম করে নিতে আরও বেশি শক্তি ক্ষয় করতে হয়। অবশ্যই এই গরমে বাইরে যাওয়ার সময় পর্যাপ্ত নিরাপদ পানি নিতে হবে বোতলে ভরে। এক গ্লাস পানিতে দুই টুকরা লেবু চিপে খেলে দ্রুত দূর হবে পানিশূন্যতা। ভালো কাজ দেবে লাচ্ছি, টকদইয়ের শরবত বা ঠান্ডা দুধও। কিন্তু আশ্চর্য হলেও সত্যি, আইসক্রিম, কোমল পানীয় বা হিম ঠান্ডা অ্যালকোহল পানিশূন্যতা তো দূর করবেই না, বরং বাড়িয়ে দেবে।
খাবার জীবাণুমুক্ত?
গরমকালে খাবারে সহজে পচন ধরে, জীবাণুর বংশবৃদ্ধি হয়। এ সময় বেড়ে যাবে ডায়রিয়া, খাদ্যে বিষক্রিয়া, টাইফয়েড ও জন্ডিস। খোলা রাস্তায় কাটা ফলমূল, অনিরাপদ পানি দিয়ে তৈরি শরবত ও জুস খাবেন না। বাজার থেকে কেনা সবজি ও ফলমূল বেশ কিছুক্ষণ সিরকা মিশ্রিত পানিতে ভিজিয়ে ভালো করে ধুয়ে নিন। মাছ কিনতে সাবধান। সকালবেলা তাজা মাছ কিনুন ও দ্রুত সংরক্ষণ করুন। রেস্তোরাঁয় বা বাইরে কাঁচা সালাদ খাবেন না। লোডশেডিং বেশি হলে একসঙ্গে বেশি বাজার না করাই ভালো। ফ্রিজের খাবার বের করে যথাযথভাবে গরম করে খেতে হবে।
পুষ্টিবিদ, বারডেম হাসপতাল