এই গরমে লিচুবাগানে
লিচুবাগান দেখতে ঈশ্বরদী গিয়েছিলাম। বাস থেকে নামার পরই গায়ে যেন গরম ছেঁকা খেলাম, একেবারে ফোসকা পড়ার উপক্রম। ঢাকা থেকে বাসে ওঠার পর থেকে গরমে খুব কষ্ট হচ্ছিল, কিন্তু গাবতলী ছাড়ার পর থেকেই ঠান্ডা বাতাস গায়ে সুখের পরশ বুলিয়ে দিল। কিন্তু ঈশ্বরদী নেমে সে সুখ উধাও, পড়িমরি করে হোটেল উত্তরার তাপানুকূলকক্ষে আশ্রয় নিলাম। তার পর থেকে হোটেলকক্ষ ছেড়ে বাইরে পা দিতে ভয় হচ্ছিল। তবু বের হতে হলো, লিচু দেখতে ঈশ্বরদী এসে লিচুবাগান দেখব না, তা কি হয়! ঈশ্বরদী লিচুর দেশ। ধানখেতের পাশাপাশি এখানে পথে নামলেই সুদৃশ্য লিচুবাগান চোখে পড়বে। এখানকার লিচুর প্রজাতিগুলোর মধ্যে অন্যতম মোজাফ্ফর বা দেশি লিচু, চায়না লিচু, বোম্বে লিচু আর কদমি লিচু। বোম্বে আর চায়না লিচুর খুব কদর। এ লিচু আকারে যেমন বড়, তেমনি সুস্বাদু ও মিষ্টি। প্রতিদিন সকালে লিচুর হাট বসে, দেদার লিচু বিক্রি হয়। একদিন দুপুরের পর সিএনজিচালিত অটোরিকশা ভাড়া করে চললাম লিচুবাগানে। প্রথম আলোর ঈশ্বরদী প্রতিনিধি মাহাবুবুল হক ব্যবস্থা করে দিলেন।প্রথমে আমরা রূপপুরের কাছের কিছু লিচুবাগানে ঢুঁ মারি। দূর থেকে লিচুগাছগুলো সবুজ আর লালের মিশ্রণে অসাধারণ মনে হচ্ছিল। যেন সবুজের গায়ে লালের ফোঁটা। এখানে পাশাপাশি অনেক বাগান। আমি যে বাগানে প্রথম পা রেখেছি, তার প্রহরী একজন স্কুলপড়ুয়া মেয়ে। জানাল, লিচুবাগানে মালিকপক্ষ না থাকায় সে লিচু বিক্রি করতে পারবে না। খেতে চাইলে কঠিন ভাষায় ‘না’ বলে দিল। একসময় তার মনটা নরম হতে বলল, ‘নেন, সামনের গাছ থেইকা লিচু পাইড়া খান।’ আমি বাগান প্রহরার জন্য নির্ধারিত মাচায় বসে আয়েশ করে লিচু খাই। হুসনা বলে, এর নাম বোম্বে লিচু। আমি বোম্বে লিচু খেয়ে এর ছবি তুলতেই হুসনার আবদার, একটা ছবি তুলে দিতে হবে।রূপপুর থেকে এবার অন্য আরেক লিচুবাগানের উদ্দেশে চললাম। ঘুরে দেখি চর ছলিমপুর ইউনিয়ন, চর মিরকামারী, জয়নগর, সাহাপুরের যতসব লিচুবাগান। এখানে এখন লিচু ছাড়া আর কোনো গল্প নেই। লিচু বাগানে বিক্রি হচ্ছে, রাস্তায় লিচু নিয়ে বসেছে বিক্রির জন্য, শিশুরাও লিচু কুড়িয়ে সে লিচু নিয়ে বসেছে রাস্তার ধারে। কী এক উৎসব-উৎসব ভাব চারদিকে। লিচু ঝুড়িতে ভরা হচ্ছে, লিচু ট্রাকে উঠছে, এখানে কেউ আত্মীয় বাড়ি থেকে বের হলেই হাতভরে লিচু নিয়ে বাড়ি ফিরছে, এ যে লিচুর দুনিয়া। এবার আমি চর ছলিমপুর ইউনিয়নের একটি লিচুবাগানে ঢুকে পড়ি। প্রহরী জিল্লুর রহমান হাতে দড়ি পেঁচিয়ে মাচায় ঘুমাচ্ছে, পায়ের শব্দে ‘কে যায়’ বলে চিৎকার করে দড়ি ধরে দিল এক টান। এই দড়ি টানার পদ্ধতির নাম ফটফটিয়া। বাদুর আর অন্যান্য পাখির উপদ্রব থেকে লিচু রক্ষার যন্ত্র। জিল্লুর খুব অমায়িক। সে আমাকে বাগান ঘুরে দেখাল। পরে ফেরার পথে হাতে ধরিয়ে দিল এক গোছা প্রায় ২০টির মতো লিচু, এর নাম চায়না লিচু। ঈশ্বরদী অঞ্চলের সবচেয়ে জনপ্রিয় লিচু, যেমন মিষ্টি তেমনি স্বাদে অনন্য। আমি সেই লিচু খেতে খেতে ফিরে যাই হোটেল উত্তরা অভিমুখে! জেনে নিনআরও এক সপ্তাহ বাগানে লিচু থাকবে। বাগানে লিচু খাওয়ার মজাই আলাদা। কারণ, রসাল ফল লিচু ঝুড়ি বোঝাই হয়ে শহরে আমাদের হাতে পৌঁছাতে পৌঁছাতে অনেকখানি শুকিয়ে যায়। ঢাকার গাবতলীর কাছে ঈশ্বরদীর বাস চলে দিন-রাত। ঈশ্বরদী এক্সপ্রেস, পাবনা এক্সপ্রেস বা শ্যামলী পরিবহন—সে ক্ষেত্রে হতে পারে প্রয়োজনীয় বাহন। ট্রেনে চড়েও ঈশ্বরদী আসতে পারেন। সে ক্ষেত্রে আগে থেকেই টিকিট কেটে রাখতে হবে। ঈশ্বরদী এসে থাকতে পারেন হোটেল উত্তরা, হোটেল ঈশ্বরদী বা পাকশী রিসোর্টে। খাবার নিয়ে ভাবনা নেই, হোটেল তৃপ্তি ও হোটেল আল-আমিন তো আছেই! মনে রাখবেন, স্রেফ এক সপ্তাহ হাতে; এখনই ছুট লাগান! ফেরার পথে অবশ্যই পাকশী, পাকশী স্টেশন, সাড়াঘাট, বেনারসিপল্লি, হার্ডিঞ্জ ব্রিজ ও লালনশাহ সেতু দেখে বাড়ি ফিরবেন।