সামার আসছে। উচ্ছ্বাস আসছে, উচ্ছলতা আসছে। প্রচণ্ড শীতের শেষে গ্রীষ্ম উচ্ছ্বাস আর উচ্ছলতা নিয়ে আসে বইকি। শীতের পর গ্রীষ্মের অপেক্ষায় শুধু জনজীবন নয়, প্রকৃতিও প্রচণ্ড উত্তেজনা নিয়ে অপেক্ষা করে। তাই তো দেখা যায়, মাঠ-ঘাটের বরফ সরতে না-সরতেই মাটি ফুঁড়ে উঠে আসে দুরন্ত আবেগে বিভিন্ন বনজ ফুলের গাছ। বাংলার ঋতু হিন্দোল ছন্দে আবর্তিত হলেও এখানে তা নয়। এখানে প্রচণ্ড শক্তিতে আসে প্রকৃতি। শীতের প্রভাব শেষ হতে না-হতেই বরফ ঠেলে বের হয়ে আসে স্নোড্রপ ফুলগুলো। প্রাক-বসন্তের পাখিরাও আসে স্নোড্রপ ফুলের আশপাশে পোকামাকড় খুঁজতে। এরপর বরফ একটু সরে যেতেই উঠে আসে নীল পাতায় সাজানো স্কিল্লা ফুলগুলো। প্রায় একই সঙ্গে আসে টিউলিপ। হলুদ আর লাল টিউলিপে তখন প্রতিটি বাড়ির আঙিনা ভরে যায়। এরই মধ্যে চেরিগাছগুলো ফুলে ফুলে ভরে যায়। বাড়ির আঙিনার আপেল গাছগুলোয় পাতা আসে। ফুল আসতে দেরি হয় না, শুধু সময়ের অপেক্ষা। তারপর আপেল গাছগুলো ভরে যাবে আপেলে। কিছু খাবে পাখিরা, বাকি আপেল মাটিতে পড়ে পড়ে পচন ধরবে। কেউ কুড়িয়েও নেবে না। কেউ কুড়াবে? প্রায় সব বাড়িতেই তো দু-একটি আপেলগাছ। সেগুলো তো ঠিকভাবে খাওয়ার মানুষই নেই। জ্যৈষ্ঠের ঝড়ে আম কুড়ানোর মতো আপেল কুড়াতে কেউ আসে না। তাই আপেলগুলো প্রচণ্ড অবহেলায় গাছের নিচে পচে মাটির সঙ্গে মিশে যায়।টুসিলাগো এক ধরনের হলুদ বর্ণের বন্য ফুল। গোড়াগুলো মোটা শেকড়যুক্ত। সুইডিশরা এ ফুলটা তেমন পছন্দ করে না, কারণ এ ফুল বংশবিস্তার করে খুব দ্রুত। শক্ত শেকড়গুলো মাটিকে দখল করে নেয়। অন্য গাছের পুষ্টিসাধনে বাধা দেয়। তবু এ ফুলটি দেখতে চমৎকার। সামারের পুরো সময়টা সমগ্র সুইডেনকে হলুদে রাঙিয়ে রাখে। সেই সঙ্গে যুক্ত হয় মাটির সবুজ ও গাছের সবুজ। সব মিলে এক অপূর্ব চিত্রকল্প। স্ক্যান্ডিনেভিয়ার দেশগুলোর প্রতিটি পতাকায় একটি করে ক্রস চিহ্ন আছে। একে বলে স্ক্যান্ডিনেভিয়ান ক্রস। কারও লাল, কারওটা সাদা কিন্তু সুইডিশ পতাকার ক্রস চিহ্নটি হলুদ। সেটা টুসিলাগোর রংটাকে ধরে রাখার চেষ্টা কি না, তা ভাবার বিষয়।স্ট্রবেরির সুইডিশ নাম ইউর্ডগুব্বে। আর ইউর্ডগুব্বের বাংলা হলো ভূপৃষ্ঠের বৃদ্ধ। স্ট্রবেরি নামটির মধ্যে মিষ্টি একটি ছন্দ থাকলেও ইউর্ডগুব্বে নামটিতে ছন্দের পতন হয়েছে বলেই মনে হয়। না হলে এমন উপাদেয় ও দর্শনমুগ্ধ একটি ফলের এমন বিদঘুটে নাম হবে কেন? অবশ্য সুইডিশদের আরও কিছু বিদঘুটে ব্যাপার আছে, তা পরে কোনো এক সময় বলা যাবে। ভূপৃষ্ঠের বৃদ্ধই হোক কিংবা ইউর্ডগুব্বেই হোক, সামারে এই উপাদেয় ফলটি প্রচুর ফলে। বনে-জঙ্গলে তো বটেই, এমনকি বিভিন্ন খামারেও। এতই ফলে যে খামারের মালিকেরা তা তুলে কুলিয়ে উঠতে পারেন না। তাই খামারের মালিকেরা সর্বসাধারণের জন্য পত্রপত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে সাহায্য প্রার্থনা করে জানান, ‘অমুক খামারে এসে সহূদয় ব্যক্তিরা যত খুশি স্ট্রবেরি তুলে নিয়ে যেতে পারেন।’ খামারের মালিকদের প্রার্থনা সব সময় যে মঞ্জুর হয়, তা নয়। অবশ্য কেউ কেউ পিকনিক উপলক্ষে খামারের মালিকদের ডাকে সাড়া দেন। এভাবে কিছু স্ট্রবেরি পচন থেকে বেঁচে যায়।দেশে যাওয়া এ সময়টা উপযুক্ত নয়। দেশে সে সময় প্রচণ্ড গরম। বিদ্যুৎ নেই, প্রাকৃতিক বাতাসই সম্বল। দেশে বিদ্যুৎ নেই, তবে বৈদ্যুতিক খাম্বা আছে। সেই সঙ্গে যোগ হয়েছে বিজলি। প্রবাসীদের তবু যেতে হয়। কারণ এ সময় স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলো দীর্ঘ ছুটি পায়। এ সামারেই অনেক ছাত্রছাত্রী স্কুলবর্ষ শেষ করে। স্কুলের শেষবর্ষটি খুব ঘটা করে পালন করা হয়। স্কুলবর্ষ শেষ করার সঙ্গে বয়ঃপ্রাপ্তির একটা যোগ আছে। তাই স্কুলের শেষবর্ষটি সবাই ঘটা করে পালন করে। এ সময় বিশেষ একটি দিনে প্রতিটি স্কুলের প্রিন্সিপাল পরীক্ষার ফল ঘোষণা করেন। স্কুলের চত্বরে অভিভাবকেরা স্বীয় সন্তানের ছোটবেলার ছবিসহ বিভিন্ন প্লাকার্ড রং-বেরঙের বেলুন দিয়ে সাজিয়ে মাথার ওপর তুলে অপেক্ষা করেন। শুধু পিতা-মাতাই নন, দাদা-দাদি, নানা-নানিকেও সেজেগুজে আসতে দেখা যায়। স্কুলের শেষবর্ষ শুধু স্কুল পার হওয়াই নয়, জীবনযাত্রার প্রথম পদক্ষেপও। প্রিন্সিপাল নাম ডেকে ডেকে ফল ঘোষণা করার সঙ্গে সঙ্গেই ছাত্রছাত্রীরা মাথায় ঐতিহ্যবাহী টুপি পরে দৌড়ে স্কুলের কক্ষ থেকে বের হয়ে আসে। পরক্ষণেই স্কুলের বিশাল চত্বরগুলো হইচই, চিৎকার আর ড্রামের শব্দে ভরে যায়। এরপর শুরু হয় ট্রাক, বাস, মোটরগাড়ি আর ট্রাকটরের শোভাযাত্রা। ট্রাক, বাস, মোটরগাড়ি আর ট্রাকটরগুলোও সাজানো হয় ফুল, গাছপালা আর পতাকায়। স্কুলের শেষবর্ষে শুধু সুইডিশরাই নয়, বিভিন্ন দেশের ছেলেমেয়েরাও পাস করে বের হচ্ছে। শোভাযাত্রায় ভিনদেশের ছেলেমেয়েরা যার যার দেশের পতাকা উড়িয়েই শহর প্রদক্ষিণ করে আনন্দ প্রকাশ করে।স্টকহোম, সুইডেন [email protected]