এই চুরি, চুরি নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

না বলে অন্যের জিনিস পকেটস্থ করাকে সাদা বাংলায় বলা হয় চুরি। যিনি কাজটি করেন, তিনি চুরির দায়ে অপরাধী সাব্যস্ত হন, উত্তম-মধ্যম বা পুলিশি ঝামেলায়ও পড়তে পারেন। কিন্তু একধরনের মানসিক সমস্যা আছে, যার নাম ক্লেপটোম্যানিয়া। যিনি এই সমস্যায় ভোগেন, দেখা যায় যে বিনা অনুমতিতে অন্যের জিনিস পকেটে পুরে ফেলেন। পৃথিবীর বিখ্যাত অনেক ব্যক্তিরও এই সমস্যা ছিল বলে প্রচার রয়েছে।মানসিক স্বাস্থ্যবিজ্ঞানে এটি ইমপাল্স কন্ট্রোল ডিসঅর্ডারের অন্তর্ভুক্ত। অর্থাৎ, যার এই সমস্যা আছে, তিনি নিজের তাড়নাকে নিয়ন্ত্রণ করতে পারেন না। এ সমস্যা যার থাকে, তিনি যখন-তখন যেকোন স্থান, দোকান, বিমানবন্দর বা হোটেল-রেস্তোরাঁ এমনকি কারও বাসা থেকে বিভিন্ন জিনিস ‘চুরি’ করে নিয়ে আসেন। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যা তিনি নিয়ে আসেন, তা তাঁর ব্যক্তিগত কোনো প্রয়োজনে লাগে না বা টাকার জন্য তিনি সেটি বিক্রিও করেন না। সাধারণ চুরির সঙ্গে এখানেই পার্থক্য। এই আচরণ বারবার করে থাকেন এবং জিনিসটি চুরি করার আগে আগে তাঁর মধ্যে এক তীব্র উৎকণ্ঠা বা দুশ্চিন্তা তৈরি হয়। সফলভাবে চুরি করার পর তিনি স্বস্তি বা আরাম অনুভব করেন। যতক্ষণ সেটি তাঁর কবজায় না আসছে, ততক্ষণ তাঁর মানসিক চাপ কমে না। জিনিসটি হতে পারে খুবই খেলো, ছোট এবং কম দামি (যেমন: কলম, ইরেজার, তোয়ালে); আবার হতে পারে মূল্যবান কিছু (যেমন: গয়না, টাকা, মোবাইল ফোন)। কিন্তু মূল কথা হচ্ছে উদ্দেশ্য। যে সাধারণ চোর, তার উদ্দেশ্যই থাকে লোভে পড়ে বা টাকার কারণে চুরি করা। আর যার ক্লেপটোম্যানিয়া আছে, তিনি নিজের টেনশন কমানোর জন্য ‘চুরি’ করেন। কাউকে ক্ষতিগ্রস্ত করা, প্রতিশোধ নেওয়া বা বিক্ষুব্ধ হয়ে কাজটি তিনি করেন না। চুরি করে নিয়ে আসা জিনিসটি তিনি কখনো ফেলে দেন বা লুকিয়ে রাখেন বা মালিকের অগোচরে সেটি জায়গামতো ফিরিয়ে দিয়ে আসেন। পুরুষদের চাইতে নারীদের এই সমস্যা বেশি, আর প্রতি এক হাজার মানুষের মধ্যে প্রায় ছয়জনের এই সমস্যা রয়েছে বলে গবেষকেরা মনে করেন। শিশু-কিশোরেরা অনেক সময় কন্ডাক্ট ডিসঅর্ডার বা আচরণজনিত মানসিক সমস্যার কারণে চুরি করে থাকে, যা ক্লেপটোম্যানিয়া থেকে আলাদা। কেন ক্লেপটোম্যানিয়া হয়ে থাকে, তা নিয়ে বিতর্ক রয়েছে, চলছে গবেষণা। প্রচলিত মতবাদগুলো হচ্ছে, একজন মানুষের বেড়ে ওঠার প্রক্রিয়ায় ধারণাগত ও আচরণের বিবর্তন এবং মস্তিষ্কের কিছু রাসায়নিক পদার্থের কম-বেশি হওয়ার কারণে এই সমস্যা হয়ে থাকে। আইন এই সমস্যাকে কীভাবে দেখবে, তা নিয়েও আছে মতভেদ—কোনো আইনে ক্লেপটোম্যানিয়া প্রমাণিত হলে শাস্তি কম দেওয়া হয়, আবার কোনো আইনে চুরির শাস্তি দেওয়ার সময় এটিকে বিবেচনায় নেওয়া হয় না। চিকিৎসায় সমস্যাটি বহুলাংশে নিয়ন্ত্রণ করা যায়—সাইকোথেরাপি, বিশেষত কগনিটিভ বিহেভিয়ার থেরাপি ও কিছু ওষুধ সেবনের প্রয়োজন হতে পারে। তাই কারও যদি এ ধরনের সমস্যা থেকে থাকে, তবে বড় ধরনের আইনি ঝামেলায় পড়ার আগেই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।  লেখক: মনোচিকিৎসক[email protected]