এই দিন দিন নয় আরও দিন আছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘পাশের বাসার ছেলেটা জিপিএ-৫ পেয়েছে। তুই কী করলি? তোকে কি কম খেতে দিয়েছি?’ এমন কথা বলেই হয়তো কান্না জুড়ে দিলেন মা। একবারও ভাবলেন না তাঁর এ ধরনের আচরণ সন্তানের মনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। সম্প্রতি জেএসসি ও পিএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। যারা ভালো করেছে তাদের যেমন এই ধারা অব্যাহত রাখতে হবে, আবার যারা আশানুরূপ ফল করতে পারেনি তারা যেন সামনে ভালো করে সেই চেষ্টা করতে হবে। ভালো ফল করতে না পারলে এমনিতেই সন্তানের মন বিপর্যস্ত থাকে। সে সময় তাকে বকা দিলে কিংবা মারলে তার ওপর বাড়তি চাপ সৃষ্টি হয়।ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক দিলরুবা আফরোজ মনে করেন, সব শিশুর মেধা এক রকম নয়। অনেক সময় অভিভাবকের বাড়তি চাপের কারণে শিশুরা নার্ভাস হয়ে পড়ে। তখন সে কিছু মনে রাখতে পারে না। ভালো প্রস্তুতি থাকলেও বাড়তি চাপ শিশুর ভালো ফলের পথে বাধা হয়ে দাঁড়ায়। মা-বাবার নেতিবাচক আচরণ শিশুর মেধা ও মননের স্বাভাবিক বিকাশকে ব্যাহত করে।শিশু ভালো না করলে তাকে বোঝাতে হবে। তার প্রতি আরও যত্নবান হতে হবে। অভিভাবককে ভেঙে না পড়ে উল্টো শিশুকে বোঝাতে হবে মন খারাপের কিছু নেই। সামনের দিনগুলোতে আরও মনোযোগী হতে হবে। সময়ের কাজ সময়ে করতে হবে। এসব কথা শিশুকে অনুপ্রাণিত করে। সে ভাবে, মা-বাবা কষ্ট পাওয়া সত্ত্বেও তার সামনে হাসিমুখে কথা বলছেন। তাঁদের জন্য হলেও ভালো করতে হবে। ভিকারুননিসা নূন স্কুলের জ্যেষ্ঠ শিক্ষক পারভীন বানু বলেন, শিশুকে কখনোই অন্যের সঙ্গে তুলনা করা উচিত নয়। এতে সে নিজেকে গুটিয়ে নেয়। আমরা অজান্তেই এ ধরনের কাজ করে ফেলি। জিপিএ-৫ না পাওয়া কিংবা একবার ভালো ফল না করা মেধা মাপার মাপকাঠি নয়। সন্তানকে বুঝিয়ে বলতে হবে, ‘ভালো করলে তোমার যেমন ভালো লাগে, আমাদেরও ভালো লাগে।’বোর্ডভিত্তিক পরীক্ষায় ভালো করলেই সে মেধাবী হবে এমন নয়। হয়তো শিশুটি অন্য কোনো বিষয়ে পারদর্শী। কিংবা বিশেষ কোনো বিষয়ে দুর্বল। সেই দিকটি চিহ্নিত করে সে বিষয়ের প্রতি যত্নবান হোন। অযথা চাপ সৃষ্টি করবেন না। আবার যারা ভালো ফল করেছে, তাদেরও সেটা ধরে রাখতে হবে। অভিভাবকের আচরণ সংযত হতে হবে। অন্যের সন্তান ভালো করেনি, সেটি নিজের সন্তানের সামনে বলার কোনো দরকার নেই। আনন্দ প্রকাশের সঙ্গে এটি বুঝিয়ে বলুন ভবিষ্যতেও যেন এই ফল ধরে রাখে সে। সন্তানকে অনুপ্রাণিত করতে তার প্রশংসা করুন। সামর্থ্য থাকলে তার প্রিয় কোনো জায়গা থেকে ঘুরে আসুন। উপহার কিনে দিন। ভালোবাসার ছোট ছোট প্রকাশে সন্তানও মা-বাবার প্রতি শ্রদ্ধাশীল হবে। নিজেই উদ্যমী হবে ভালো ফল করতে।