শীতের ঠান্ডা হাওয়া বইছে। আবার উল্টো বইছে আড্ডার গরম হাওয়া। ভারতের জয়পুরের প্রবীণ কুমার তখন তাঁর পছন্দের বাংলাদেশি খাবারের লম্বা তালিকা বলে চলেছেন একে একে। বাকি নেই অন্যরাও। নেপালের স্বাতীর পছন্দ বাংলাদেশের পিঠা, তো সুনীতার পছন্দ বাংলাদেশি ছোট মাছ, আর ভারতের রমেশের পছন্দ খিচুড়ি। অবশ্য খিচুড়ির নাম উঠতেই সবাই হইহই করে উঠলেন। কারণ বাংলাদেশের খিচুড়ি পছন্দ তাঁদের সবারই! জানতে চাইছেন তো তাঁরা কারা? তাঁরা হলেন হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজপড়ুয়া একদল বিদেশি শিক্ষার্থী। তাঁদের কেউ এসেছেন পাশের দেশ ভারত থেকে, আবার কেউ বা এসেছেন নেপাল থেকে। তবে যে যেখান থেকেই আসুন না কেন, উদ্দেশ্য সবার একটাই; ভালো চিকিৎসক হওয়া। সারা দিন ক্লাস আর ল্যাব। এর ফাঁকেই হয় নতুন বন্ধুত্ব, চলে আড্ডাবাজি। প্রশ্ন করি, বন্ধুত্বটা কি শুধু নিজেদের মধ্যেই, নাকি বাংলাদেশি বন্ধুও রয়েছে? এমন কথায় কাশ্মীরের মেয়ে মেহেক আর মারিয়া তো বলেই বসলেন, ‘তা হবে কেন? আমাদের সবচেয়ে কাছের বন্ধুদের মধ্যে বেশির ভাগই তো বাঙালি। তারা সবাই আমাদের আপন করে নিয়েছে।’ তাঁদের কথায় সায় দেন নওশাদ, ইরশাদসহ সবাই।তারা কি শুধু পড়াশোনাই করেন সব সময়? নাহ্, তা হবে কেন! এই তো, কয়েক দিন আগেই ১১তম ব্যাচের সাংস্কৃতিক অনুষ্ঠানে সবচেয়ে বেশি প্রশংসা পাওয়া নাচটিই তো ছিল নেপালের মেয়ে অনূসুয়ার, যে নাচ কুড়িয়েছিল সবার বাহবা। আবার ভারতের প্রবীণ, নেপালের পবনের গানে অনেকবার মেতেছে কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চ। পবনের গান প্রচারিত হয়েছে বিটিভিতেও। পুলক, সিতিজ অবশ্য গান গাইতে না পারলেও গান শুনতে পছন্দ করেন খুব। প্রথম বর্ষের সুনীতা বাংলা সব শব্দের মানে এখনো বোঝেন না পুরোপুরি, কিন্তু তাই বলে গান শুনতে বাধা কী! তাঁরা যখন একসঙ্গে ঘুরতে টিএসসি কিংবা ধানমন্ডি লেকের পাড়ে যান, তখন নিজের অজান্তেই গেয়ে ওঠেন বর্তমান সময়ের বাংলাদেশি শিল্পীদের গাওয়া জনপ্রিয় সব গান।এ দেশের সবকিছুই যে তাঁদের ভালো লাগে, তা কিন্তু নয়। তাঁদের খারাপ লাগার তালিকায় প্রথমেই রয়েছে ঢাকা শহরের তীব্র যানজট। আর রয়েছে গরমের সময় অত্যধিক গরম এবং যখন-তখন লোডশেডিং। তা ছাড়া নিজ দেশের জন্য মন খারাপ ভাবটা তো থাকেই। কিন্তু সেসব ভুলে থাকতে পারার জন্য এ দেশের বন্ধুদের অবদান অনেক। যখনই মনে পড়ে দেশের কথা, তখনই পাশে পাওয়া যায় এ দেশের বন্ধুদের। পড়াশোনা, আড্ডাবাজি—সবকিছুতেই মিশে রয়েছেন তাঁরা। তাই তো ভৌগোলিক দূরত্ব, সাংস্কৃতিক দূরত্ব, ভিন্ন স্বাদের খাবার, ভাষার পার্থক্য—এতসবের পরও এই দূর পরবাসে বেশ ভালোই আছেন তাঁরা।