এই দেলোয়ার সেই দেলোয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
থাইল্যান্ডের শংখলা প্রদেশের রাত্তাফুম জেলার আশ্রয়কেন্দ্রে দেলোয়ার(বামে)। প্রথম আলোয় প্রকাশিত রয়টার্সের এই ছবি দেখেই তাঁকে শনাক্ত করেছিলেন বাবা–মা।
থাইল্যান্ডের শংখলা প্রদেশের রাত্তাফুম জেলার আশ্রয়কেন্দ্রে দেলোয়ার(বামে)। প্রথম আলোয় প্রকাশিত রয়টার্সের এই ছবি দেখেই তাঁকে শনাক্ত করেছিলেন বাবা–মা।

ঘন কালো চুলের দেলোয়ারের ভাঙা গাল অনেকটাই আগের চেহারা ফিরে পেয়েছে এখন। থুতনির নিচে দাঁড়ি বড় হয়েছে খানিকটা। শংখলা প্রদেশের সেই ছবির সঙ্গে পাশাপাশি রাখলে চিনতে মোটেও সময় লাগে না। মৃত্যুভয় আর আতঙ্ক এখনো পুরোপুরি কাটেনি। তবু ধীরে ধীরে সেরে উঠছেন দেলোয়ার হোসেন।
কক্সবাজার সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের নতুন অফিসপাড়া গ্রামে দেলোয়ার হোসেনের বাড়ি। গতকাল শনিবার সেখানে গেলে আবেগে জড়িয়ে ধরেন দেলোয়ারের লবণ চাষি বাবা ফরিদুল আলম। বলেন, ‘প্রথম আলোর জন্য ছেলেকে ফিরে পেয়েছি আমরা।’
গত ২৫ জানুয়ারি দেলোয়ার বাড়িতে ফেরার পর এক মাস ধরে সেখানে চলছে ঈদের আনন্দ। দেলোয়ারের বাবা জানান, পত্রিকার পাতায় ছবি ছাপা না হলে, গ্রামের লোকজন সেই ছবি এনে না দেখালে, তাঁরা ছেলেকে শনাক্ত করতে পারতেন না। খুঁজেও পেতেন না তাঁকে।
গত বছর ১০ মে প্রথম আলোর প্রথম পাতায় থাইল্যান্ডের জঙ্গলে উদ্ধার হওয়া বাংলাদেশি অভিবাসন প্রত্যাশীদের ছবি ও খবর দেখে ছেলে দেলোয়ার হোসেনকে শনাক্ত করেছিলেন তাঁর বাবা ফরিদুল আলম ও মা ফিরোজা বেগম। এরপর দীর্ঘ ১০ মাস ধরে ছেলের জন্য অপেক্ষা করেছেন মা। উত্তাল সমুদ্রে ছোট্ট নৌকায় ভেসে মালয়েশিয়ার পথে যাত্রা করা সেই ছেলে মায়ের বুকে ফিরেছে অবশেষে।
থাইল্যান্ডের জঙ্গলে গত বছরের ৯ মে দেলোয়ারসহ উদ্ধার হওয়া অভিবাসন প্রত্যাশীদের রাখা হয়েছিল শংখলা প্রদেশের রাত্তাফুম জেলা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে। সেখানকার আশ্রয়কেন্দ্রের ছবি বার্তা সংস্থা রয়টার্সের কাছ থেকে পেয়ে ছেপেছিল প্রথম আলো। সারি করে মেঝেতে বসে থাকা অভিবাসন প্রত্যাশীদের পানি পান করাচ্ছিলেন একজন নিরাপত্তা রক্ষী। বসে থাকা লোকজনের মধ্যে ছিলেন দেলওয়ারও। শুষ্ক গাল, থুতনির নিচে হালকা দাঁড়ি। সে ছবি প্রকাশের পর গ্রামের লোকজন ঠিকই চিনেছিল ছেলেটিকে। ১১ মে দেলোয়ারের মা-বাবা ছেলেকে শনাক্ত করেছেন, এই খবরও ছেপেছিল প্রথম আলো। এরপর স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ছেলে ফিরে পাবার আবেদন জানান ফরিদুল আলম ও ফিরোজা বেগম। সে আবেদনে কাজ হয়েছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম এর মাধ্যমে দেলোয়ার দীর্ঘ ১০ মাস ১০ দিন পর বাড়ি ফিরেছে।

দেলোয়ার হোসেন
দেলোয়ার হোসেন


কী করে হারিয়ে গেল দেলোয়ার, ফিরেই বা এল কীভাবে? ১৯ বছরের দেলোয়ার হোসেনের চোখে-মুখে এখনো রাজ্যের ক্লান্তি। তিনি জানান, গত বছর ১৬ এপ্রিল বাবা মাকে না জানিয়ে দালালের সঙ্গে সে রওনা দেয় চট্টগ্রাম। চট্টগ্রাম থেকে ১৮ এপ্রিল তিনিসহ ১০ জনকে একটি মাইক্রোবাসে তুলে পাঠানো হয় টেকনাফ। পথে দালালেরা সঙ্গে যা কিছু ছিল তার সবই ছিনিয়ে নেয়।
ভয়াল কাহিনিকেও হার মানায় দেলোয়ারের গল্প। ২১ এপ্রিল টেকনাফ উপকূল থেকে তাঁদের তুলে দেওয়া হয় নৌকায়। এই নৌকা, সে নৌকা বদলে, দালালদের অত্যাচার সয়ে মিয়ানমার পৌঁছান তাঁরা। সেখান থেকে ঝড়-ঝঞ্ঝা অতিক্রম করে থাইল্যান্ডের উপকূলে। এর পর একটি স্পিড বোটে করে তাঁদের নিয়ে যাওয়া হলো থাইল্যান্ডে। থাইল্যান্ডের গহিন জঙ্গলের বন্দী শিবিরে ঠাঁই হলো তাঁদের। এরপর ৫ মে সকালে খবর এল দালালদের গ্রেপ্তার করছে সেখানকার সেনাবাহিনী।
তখন দেলোয়ারসহ পাঁচজন মিলে হাঁটছিলেন অজানার পথে। ৯ মে সকাল আটটায় পুলিশ তাঁদের দেখতে পেয়ে উদ্ধার কর নিয়ে যায় শংখলা প্রদেশের রাত্তাফুম আশ্রয়কেন্দ্রে। স্বাস্থ্য খারাপ হওয়ায় দেলওয়ার হাসপাতালে ছিলেন কয়েক দিন। এরপর সে দেশের আদালত অবৈধ অনুপ্রবেশের দায়ে দেলোয়ারকে চার হাজার টাকা জরিমানা, অনাদায়ে ২০ দিন কারাদণ্ড দেন। দেলোয়ারের টাকা ছিল না বিধায় ২০ দিন কারাভোগ করতে হয়। মুক্তির পর সাদাউ ইমিগ্রেশনে নেওয়া হয় দেলোয়ারকে। সেখান থেকে দুই দিন পর প্রায় ২০ ঘণ্টার পথ পাড়ি দিয়ে পাঠানো হয় পাঙ্গানো ইমিগ্রেশন সেন্টারে। সেখানে দেলোয়ারকে প্রায় আট মাস ফেলে রাখা হয়।
দেলোয়ার জানান, গত বছরের ১৩ ডিসেম্বর তাঁকে আনা হয় ব্যাংকক। দুই দিন পর বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা দেলোয়ারের সঙ্গে কথা বলেন। ১৭ দিন পর আইওএম এর লোকজন এসে তথ্য যাচাই করেন। আইওএম এর তত্ত্বাবধানে ৪৫ দিন থাকার পর বিশেষ বিমানে দেলোয়ারকে ঢাকায় ফিরিয়ে আনা হয়। গত ২৫ জানুয়ারি রাতে ঢাকা থেকে বাড়িতে ফেরেন তিনি।
ক্লান্ত শ্রান্ত দেলোয়ারের বেশিরভাগ সময় এখন বিশ্রামে কাটে। নিজের কথা শেষ করে আবারও বিছানায় গা এলিয়ে দিলেন তিনি। তার আগে হাত ধরে বললেন, ‘আমি সত্যি ফিরতে পেরে প্রথম আলোর কাছে কৃতজ্ঞ।’