এই নগরে - দূর গ্রামে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উচ্চাশার ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনসামাজিক সংগঠন উচ্চাশার ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২৯ ও ৩০ মার্চ দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুই দিনের অনুষ্ঠানমালায় ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা, শিক্ষার্থী সংবর্ধনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‌্যাফল ড্র।শোভাযাত্রা উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোশেনের মেয়র মোহাম্মদ মন্জুর আলম। বিকেলে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও চকবাজার ওয়ার্ডের কাউন্সিলর সাইয়েদ গোলাম হায়দার। বিশেষ অতিথি ছিলেন মারুফ হোসেন, শুভঙ্কর বড়ুয়া, নুরুল আমিন, সাদেকুর রহমান চৌধুরী, মো. রফিকুল আলম চৌধুরী, মোবাশ্বের হায়দার প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন ক্লাব সভাপতি মো. হামিদুল হক চৌধুরী। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশ করেন ক্লাবের সদস্যরা ও ব্যান্ড দল ‘নেক্সাস’। ফেনীতে মুনিরীয়া যুব তবলিগের এশায়াত মাহফিলমুনিরীয়া যুব তবলিগ কমিটি গত ৩০ মার্চ ফেনী সরকারি পাইলট উচ্চবিদ্যালয় ময়দানে এশায়াত মাহফিলের আয়োজন করে। ফেনী জেলা শাখার উদ্যোগে এ মাহফিলে প্রধান অতিথি ছিলেন কাগতিয়া আলিয়া গাউছুল আজম দরবার শরিফের অধ্যক্ষ মুহাম্মদ মুনির উল্লাহ আহমদী। ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান মাহফিলে সভাপতিত্ব করেন। এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি ফেনী জেলার সভাপতি ডি এম একরামুল হক। প্রধান আলোচক ছিলেন সংঠনের মহাসচিব মুহাম্মদ ফোরকান মিয়া। স্বাগত বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের সাবেক চেয়ারম্যান মুহাম্মদ আবুল মনছুর। অধ্যক্ষ মুহাম্মদ মুনির উল্লাহ বলেন, ব্যক্তিগত দ্বিধা-দ্বন্দ্ব, হিংসা-বিদ্বেষ ও জাগতিক লোভ-লালসা প্রতিনিয়ত মানুষকে অন্যায় ও জুলুমের দিকে ধাবিত করছে।সবশেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বিজ্ঞপ্তি। ফোর এইচ গ্রুপ সিজিকেএস অ্যাথলেটিকসদলগত শিরোপা পেল ব্রাদার্স ইউনিয়ন ফোর এইচ গ্রুপের পৃষ্ঠপোষকতা ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় নগরের এম এ আজিজ স্টেডিয়ামে শেষ হয়েছে দুই দিনব্যাপী অ্যাথলেটিকস প্রতিযোগিতা। ৩ এপ্রিল আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও সিজেকেএসের সভাপতি ফয়েজ আহমদ। প্রতিযোগিতায় ৭৮ পয়েন্ট পেয়ে দলগত চ্যাম্পিয়ন হয়েছে ব্রাদার্স ইউনিয়ন। তারা ১৩টি স্বর্ণ ও সাতটি রৌপ্য পেয়ে শীর্ষস্থান দখল করে। ৪৮ পয়েন্ট পেয়ে রানার্সআপ হয়েছে আগ্রাবাদ নওজোয়ান ক্লাব। তারা তিনটি স্বর্ণ, পাঁচটি রৌপ্য ও নয়টি তাম্র পদক পেয়েছে। আর ২০ পয়েন্ট পেয়ে তৃতীয় স্থান দখল করেছে নগরের বাইরে থেকে আসা বোয়ালখালী উপজেলা ক্রীড়া সংস্থা। এ ছাড়া ১০০ মিটার দৌড়ে ব্রাদার্স ইউনিয়নের শাহজাহান ইসলাম ও শাজনীন নাহার প্রথম হয়ে দ্রুততম মানব-মানবী হওয়ার গৌরব পেয়েছেন। শাহজাহান ২০০ মিটার দৌড়েও প্রথম হয়ে দ্বৈত সাফল্য দেখান।পরে প্রধান অতিথি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। তিনি তাঁর বক্তব্যে প্রায় ৩০ বছর পর অ্যাথলেটিকসের বন্ধ্যাত্ব ঘুচিয়ে এ প্রতিযোগিতার আয়োজন করার জন্য সিজেকেএসের নতুন কমিটিকে অভিনন্দন জানান। জানা যায়, প্রায় তিন দশক পর অ্যাথলেটিকসের এ আসর বসে। এতে ২১টি ইভেন্টে সিজেকেএসের অধিভুক্ত ১১টি ক্লাব অংশ নেয়। গত ২ এপ্রিল প্রতিযোগিতার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মো. সিরাজুল হক খান।—নিজস্ব প্রতিবেদক। বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে নানা আয়োজন বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে জেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর, অটিস্টিক চিলড্রেনস ওয়েলফেয়ার ফাউন্ডেশন, সমাজকল্যাণ পরিষদ, সিএসডি ও অন্যান্য অটিজম সংগঠনের যৌথ উদ্যোগে নানা কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে শিশু একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন সাংসদ চেমন আরা তৈয়ব। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. আলেফ উদ্দিন, পরিবেশ অধিদপ্তরের পরিচালক জাফর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মো. খালেদ মামুন চৌধুরী ও অস্ট্রেলিয়ান রেজিস্টার্ড মিউজিক থেরাপিস্ট কাইলি হাইন্ড। সভায় বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন ডা. ফাহমিদা ইসলাম চৌধুরী।বক্তারা বলেন, অটিজম বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়ছে। প্রতিবছর পাঁচ থেকে সাত শতাংশ শিশু অটিজমে আক্রান্ত হয়। অন্যদের মধ্যে বক্তব্য দেন মুহাম্মদ নওয়াব আসলাম, মো. আবুল হোসাইন, নাসিমা রহমান চৌধুরী, বন্দনা দাস, চিন্ময়ী তালুকদার, আবুল কালাম আজাদ, দেবাশীষ পাল, পরিমল চন্দ্র পাল, শাকেরা বেগম প্রমুখ। এর আগে বর্ণাঢ্য শোভাযাত্রা নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বিজ্ঞপ্তি।‘মেয়েদের শিক্ষার হার শতভাগ নিশ্চিত হয়নি’ ‘সমৃদ্ধ জনপদ পটিয়ায় এখনো মাতৃস্বাস্থ্য সেবা ও মেয়েদের শিক্ষার হার শতভাগ নিশ্চিত হয়নি। সরকারিভাবে উপজেলায় বাল্যবিবাহ সম্পর্কে কোনো তথ্যও নেই। যদিও প্রতি ১০০ জন কিশোরীর মধ্যে প্রায় ৩০ জনের বাল্যবিবাহ হয়। হাসপাতালে জনবলসংকটের কারণে সাধারণ মানুষ প্রয়োজনীয় সেবা পাচ্ছেন না। বাল্যবিবাহ, দারিদ্র্য ও কুসংস্কারাচ্ছন্নতার কারণে অধিকাংশ মেয়ে বিদ্যালয়ে যায় না।’এসব অভিযোগ পটিয়ায় পাবলিক পলিসি ফোরামের (পিপিপিএফ)। মাতৃস্বাস্থ্যের অবস্থা ও মেয়েদের শিক্ষার উন্নয়ন বিষয়ে জানানোর লক্ষ্যে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন ফোরামের কর্মকর্তারা। ১ এপ্রিল দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পিপিপিএফ পটিয়ার সমন্বয়কারী পঙ্কজ চক্রবর্তী। বিভিন্ন বিষয়ে বক্তব্য দেন পটিয়া আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আশীষ কুমার চৌধুরী, মোহাম্মদ সোলায়মান, শীলা দাশ, নজরুল ইসলাম, নারী প্রগতির মোহাম্মদ ফেরদৌস, শরীফ চৌহান প্রমুখ। —পটিয়া প্রতিনিধি