এই নগরে - দূর গ্রামে

‘ভিশন ২০২১ বাস্তবায়নে একযোগে কাজ করতে হবে’
রূপালী ব্যাংকের পরিচালক আবু সুফিয়ান বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল সোনার বাংলাদেশ গড়া। এ জন্য তিনি বাঙালি জাতির অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংক চালু করেছিলেন। দেশের শিল্পায়ন ও দারিদ্র্য বিমোচনে ব্যাংকের ভূমিকা অনস্বীকার্য। তিনি বলেন, বর্তমান সরকার ঘোষিত ভিশন ২০২১ বাস্তবায়নে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের একযোগে কাজ করতে হবে।
তিনি ২৫ আগস্ট রূপালী ব্যাংক কর্মচারী ইউনিয়নের উদ্যোগে আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কাজী হাছান মুরাদ। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক স্বপন কুমার বড়ুয়া, উপমহাব্যবস্থাপক মো. আবুল বাশার, মো. মোস্তাফিজুর রহমান, সহকারী মহাব্যবস্থাপক গোলাম মর্তুজা, শহীদুল ইসলাম খান ও কবিতা দত্ত। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. আবু বক্কর ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. সেলিম। অনুষ্ঠান সঞ্চালন করেন সাংগঠনিক সম্পাদক শামসুল আলম।
আলোচনা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ নিহত পরিবারের সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন মাওলানা মুহাম্মদ এয়াকুব আলী খান।

ওয়ার্ল্ড ভিশনের শিক্ষা কোর্স সমাপনী অনুষ্ঠান
মিলনায়তন ভর্তি ১২-১৬ বছর বয়সের প্রায় ২০০ শিশু। তাদের মধ্যে অর্ধেক মেয়ে। সমাজের সুবিধাবঞ্চিত এসব শিশু এসেছে জীবনে সফল মানুষদের সফল হওয়ার পেছনের গল্পটা শোনার জন্য। এসব গল্প শুনে নিজেদেরও যোগ্য করে তোলার স্বপ্ন তাদের চোখে মুখে।
স্বেচ্ছাসেবী সংস্থা ওয়ার্ল্ড ভিশনের জীবন দক্ষতা শিক্ষা কোর্স সমাপনী অনুষ্ঠানে সমবেত হয়েছিল এসব শিশু। এদের নিজ নিজ ক্ষেত্রে দক্ষ হিসেবে গড়ে তোলার জন্য ১১টি বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছে ওয়ার্ল্ড ভিশন।
২৫ আগস্ট সকালে নগরের পাথরঘাটা এলাকায় সংস্থার মিলনায়তনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার চট্টগ্রাম অঞ্চলের প্রকল্প কর্মকর্তা মেরী জি ডায়েস। অতিথি ছিলেন প্রথম আলোর জ্যেষ্ঠ সহসম্পাদক মুহাম্মদ শামসুল হক ও ওয়ার্ড কাউন্সিলর লুৎফন্নেছা দোভাষ। বক্তব্য দেন প্রকল্প কর্মকর্তা সুপ্রভা হালদার, মানী এলিজাবেথ চাকমা, গ্লোরিয়া মজুমদার।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমানসহ বিভিন্ন স্তরে প্রতিষ্ঠিত ব্যক্তির যোগ্য মানুষ হয়ে ওঠার পেছনের ঘটনা তুলে ধরে বক্তারা বলেন, যেকোনো সমস্যা মোকাবিলা করে নিজেকে স্বাবলম্বী ও সফল মানুষ হিসেবে পরিচালিত করার জন্য প্রয়োজন অদম্য ইচ্ছাশক্তি এবং দক্ষতা অর্জন। আজকের প্রশিক্ষণপ্রাপ্ত শিশুরা এ প্রশিক্ষণকে কাজে লাগিয়ে একদিন গোটা সমাজকে আলোকিত করবে। পরে বাকলিয়া শিশু ফোরামের সদস্যরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। আয়োজকেরা জানান, ওয়ার্ল্ড ভিশন ২০০৯ সালে বাকলিয়া ওয়ার্ডের সুবিধাবঞ্চিত শিশুদের ১০টি দল নিয়ে জীবন দক্ষতা প্রশিক্ষণ কর্মসূচিটি শুরু করে। শিশু বয়সে নানা ভুল-ভ্রান্তি শুধরে তাদের ভবিষ্যতের জন্য সঠিক পথটি বাছাই করার মতো দক্ষ করে তোলাই এ প্রশিক্ষণের লক্ষ্য।
আলোকিত প্রতিবেদক
মহিলা পরিষদের প্রশিক্ষণ সভা
বাংলাদেশ মহিলা পরিষদ চট্টগ্রাম জেলা কমিটির উদ্যোগে ফৌজদারহাট এলাকায় কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে সাংগঠনিক প্রশিক্ষণ সভা ২৩ আগস্ট অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নাসরিন আক্তার। উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি লতিফা কবির ও সাধারণ সম্পাদক সুগতা বড়ুয়া। সভায় ৬০ জন প্রশিক্ষণার্থী অংশ নেন।
জেলা কমিটির নেতারা বলেন, বাংলাদেশ মহিলা পরিষদ নারীমুক্তি ও ক্ষমতায়নের লক্ষ্যে প্রতিষ্ঠালগ্ন থেকে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। বিজ্ঞপ্তি।
ইন্ডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের পরিচিতি সভা
চিটাগাং ইন্ডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ২৭ আগস্ট সকালে টেকনো-সাইডার বিদ্যালয়ের প্রতিনিধি দলের সম্মানে পরিচিতিমূলক সভার আয়োজন করে।
টেকনো-সাইডার বিদ্যালয়ের ৪০ জন ছাত্রছাত্রী এবং শিক্ষক প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ওই বিদ্যালয়ের হেড অব বিজনেস মো. ইব্রাহিম চৌধুরী। এতে উপস্থিত ছিলেন, চিটাগাং ইন্ডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ইরশাদ কামাল খান। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মোসলেহ উদ্দীন উচ্চশিক্ষার বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করেন। সভা শেষে প্রতিনিধি দলকে বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান ভৌত সুবিধা দেখানো হয়। বিজ্ঞপ্তি।

রোটারি মিডসিটি-দৃষ্টি স্কুল অব ডিবেটের ১২তম ব্যাচ উদ্বোধন
দৃষ্টি চট্টগ্রাম আয়োজিত রোটারি মিডসিটি দৃষ্টি স্কুল অব ডিবেটের ১২তম ব্যাচের উদ্বোধনী অনুষ্ঠান ২৩ আগস্ট থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পিএইচপি গ্রুপের চেয়ারম্যান সুফি মিজানুর রহমান। সভাপতিত্ব করেন ডিবেট ক্লাবের পরিচালক মাসুদ বকুল। বিশেষ অতিথি ছিলেন সানশাইন গ্রামার স্কুলের অধ্যক্ষ সাফিয়া গাজী রহমান, রোটারি ক্লাব অব আগ্রবাদের সাবেক সভাপতি কেরামাতুল আজিম, রোটারি ক্লাব অব চিটাগাং মিড সিটির সভাপতি একরাম উল্লাহ ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান। আরও বক্তব্য দেন দৃষ্টির সাংগঠনিক সম্পাদক সাইফুদ্দিন, স্কুল অব ডিবেটের কোর্স সমন্বয়কারী কাজী আরফাতুল ইসলাম ও শুভাশীষ চৌধুরী।
তিন মাসব্যাপী এই বিতর্ক প্রশিক্ষণে ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১০৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে। বিজ্ঞপ্তি।
নানা আয়োজনে সম্পন্ন হলো প্রেসক্লাবের ঈদ সম্মিলন
চট্টগ্রাম প্রেসক্লাব সদস্য ও তাঁদের পরিবার-পরিজনেরা প্রথম বারের মতো মিলিত হয়েছিলেন ঈদ সম্মিলনে। কথামালা, আবৃত্তি, সংগীতানুষ্ঠান, কবিতা পাঠ ও র্যাফেল ড্রর মতো নানা আয়োজনে প্রাণবন্ত হয়ে উঠেছিল পুরো মিলনায়তন। ২৪ আগস্ট প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে এ সম্মিলন অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাব সভাপতি আলী আব্বাসের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানে অতিথি ছিলেন প্রাইম ডিস্ট্রিবিউশনস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও প্রেসক্লাবের আজীবন দাতা সদস্য মোহাম্মদ রাশেদুল আলম। শুভেচ্ছা বক্তব্য দেন প্রেসক্লাবের আজীবন দাতাসদস্য আ জ ম নাছির উদ্দিন।
বক্তব্য দেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদ উল আলম ও প্রেসক্লাবের সাংস্কৃতিক সম্পাদক রূপম চক্রবর্তী।
রাশেদুল আলম তাঁর বক্তব্যে বলেন, সাংবাদিকেরা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে রীতিমতো ক্লান্ত হয়ে পড়েন। আজকের এ আয়োজন তাঁদের ক্লান্তি মোচনে কিছুটা হলেও সহায়ক হবে।
আলোচনা পর্ব শেষে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। রাশেদ রউফের কবিতা পাঠের মধ্য দিয়ে শুরু হওয়া এ পর্বে কবিতা ও কথামালায় আরও অংশ নেন কবি স্বপন দত্ত, নূর মোহাম্মদ রফিক ও নাট্যজন প্রদীপ দেওয়ানজী।
সংগীত পরিবেশন করেন আকলিমা মুক্তা, প্রেমসুন্দর বৈষ্ণব ও রুম্পা খান। ফাঁকে ফাঁকে চলে র্যাফেল ড্রর ফলাফল ঘোষণা। নৈশ ভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। বিজ্ঞপ্তি।
তারুণ্যের মেলা মেধাবৃত্তির পুরস্কার বিতরণ
বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের সমাজসেবা ও শিক্ষামূলক সংগঠন তারুণ্যের মেলার মেধাবৃত্তি ২০১২-এর বৃত্তিপ্রাপ্তদের সনদ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্প্রতি স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে সনদ ও পুরস্কার তুলে দেন উপজেলা চেয়ারম্যান আলমগীর কবির চৌধুরী। আবুল খায়েরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন তারুণ্যের মেলার পরিচালক আমিমুল এহছান, জিল্লুুর রহমান, সঞ্জয় চক্রবর্তী, আবদুস ছমদ প্রমুখ। বিজ্ঞপ্তি।

‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব পরিষদ’ গঠন
বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাবেক মহিলা-বিষয়ক সম্পাদক আইভী রহমানের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক সভা ২৪ আগস্ট দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের মহিলা-বিষয়ক সম্পাদক কামরুন নাহার। প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দীন আহমদ। সভায় ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব পরিষদ’ নামে একটি নতুন সংগঠন আত্মপ্রকাশ করে। এতে কামরুন নাহারকে সভাপতি ও শাহনাজ পারভীনকে সাধারণ সম্পাদক মনোনীত করে ১১ সদস্যের কমিটি গঠন করা হয়। বিজ্ঞপ্তি।

দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে চেম্বার নেতাদের মতবিনিময়
বাংলাদেশ-কোরিয়া দ্বিপাক্ষিক সম্পর্কের ৪০ বছর পূর্তি উদ্যাপনের লক্ষ্যে ২৬ আগস্ট বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি ইয়ান ইয়ং এর সঙ্গে চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নেতারা মতবিনিময় করেন।
বৈঠকে চট্টগ্রাম চেম্বার ও দক্ষিণ কোরিয়ার দূতাবাসের উদ্যোগে অক্টোবর মাসের প্রথম সপ্তাহে বিশেষ অনুষ্ঠান আয়োজনের ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে কোরিয়া ও চট্টগ্রামের শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের করা হবে বলে চেম্বার নেতারা জানান ।
এ সময় উপস্থিত ছিলেন চিটাগাং চেম্বারের সভাপতি মাহবুবুল আলম, সহ-সভাপতি সৈয়দ জামাল আহমেদ, পরিচালক মাজহারুল ইসলাম চৌধুরী, মাহফুজুল হক শাহ, জহিরুল ইসলাম চৌধুরী, মো. অহীদ সিরাজ চৌধুরী, মো. দিদারুল আলম, মো. জাহাঙ্গীর, মোরশেদ আরিফ চৌধুরী, মোহাম্মদ মহসিন, ঢাকাস্থ কোরিয়া ট্রেড সেন্টারের ডাইরেক্টর জেনারেল জিনহাক হুর ও কোরিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্সের প্রধান নির্বাহী মো. ইরাদ আলী। বিজ্ঞপ্তি।