এই নগরে-দূর গ্রামে

কক্সবাজারে মাদকবিরোধী প্রচারণা শুরু
পর্যটন শহর কক্সবাজারকে মাদকমুক্ত রাখতে নানা প্রচারণার উদ্যোগ নিয়েছে পুলিশ প্রশাসন। ‘আমাদের স্বপ্ন মাদকমুক্ত কক্সবাজার’—এই স্লোগানে গত রোববার বিকেলে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে মাদকবিরোধী প্রচারণা উদ্বোধন করেন পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মো. মোখলেছুর রহমান। আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এই কর্মসূচি পালিত হবে।
জেলা পুলিশ সুপার শ্যামল কুমার নাথের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক মো. শফিকুল ইসলাম, কক্সবাজার জেলা প্রশাসক মো. আলী হোসেন, পুলিশ সংস্কার কর্মসূচির (পিআরপি) প্রকল্প ব্যবস্থাপক আন্ড্রে রেডম্যান, অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমদ, মাদকবিরোধী প্রচারণা কর্মসূচির সমন্বয়কারী আবু মোর্শেদ চৌধুরী, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল, কক্সবাজার সিভিল সোসাইটির সাধারণ সম্পাদক ফজলুল কাদের চৌধুরী, সাংবাদিক মুহাম্মদ আলী জিন্নাত, নারীনেত্রী আয়েশা সিরাজ প্রমুখ।
মোখলেছুর রহমান বলেন, পর্যটন শহর কক্সবাজার ও সীমান্ত উপজেলা টেকনাফ থেকেই ইয়াবার চালান সারা দেশে ছড়িয়ে পড়ছে। আবার কক্সবাজার উপকূল দিয়ে মানব পাচার হচ্ছে। ইয়াবাসহ মাদকদ্রব্য পাচার বন্ধ এবং মানব পাচার ঠেকানো না গেলে নতুন প্রজন্ম শেষ হয়ে যাবে।
পুলিশ সুপার শ্যামল কুমার নাথ জানান, পুলিশের সাতজন কর্মকর্তার নেতৃত্বে ৩২ জন স্বেচ্ছাসেবী শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে মাদকবিরোধী প্রচারণা চালাবেন। তাঁরা নানা ভিডিওচিত্র প্রদর্শন, শোভাযাত্রা, মানববন্ধন ও পথনাটকের আয়োজন করবেন।
—নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার
লায়ন্স ক্লাব অব চিটাগাং মডেল স্টারের নতুন কমিটি
লায়ন্স ক্লাব অব চিটাগাং মডেল স্টারের ২০১৫-১৬ বর্ষের জন্য নতুন কমিটি গঠিত হয়েছে। এ উপলক্ষে সম্প্রতি এক সভা ক্লাবের সভাপতি ফেরদৌস উল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা মুহাম্মদ কামাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপদেষ্টা বদরুল হাসান ও সাবেক সভাপতি রেজাউল ইসলাম চৌধুরী।
সভায় মোহাম্মদ কামাল উদ্দিনকে সভাপতি, জসীম উদ্দিন চৌধুরীকে সাধারণ সম্পাদক ও আবু মোস্তফা কামাল চৌধুরীকে ট্রেজারার করে ২০১৫-১৬ বর্ষের জন্য কমিটি গঠন করা হয়। এ ছাড়া কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি বেলাল আহমেদ, প্রণব বিশ্বাস ও এম এ হান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিনা ইসলাম, যুগ্ম ট্রেজারার জয়নুল আবেদীন ও মনজুর হোসেন এবং লায়ন টেমার মো. শাহেরুল হক তালুকদার। পরিচালকেরা হলেন এ এফ এম সিরাজুল ইসলাম, ইমরান হোসাইন, মো. তাসলিম, মো. কায়সারুল ইসলাম, মো. ফয়সাল হোসাইন ও মো. হুমায়ুন কবির। বিজ্ঞপ্তি।
কদম মোবারক উচ্চবিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন
সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন সম্প্রতি কদম মোবারক এম ওয়াই (বালক-বালিকা) উচ্চবিদ্যালয় পরিদর্শন করেছেন। এ সময় তিনি নিজস্ব অর্থায়নে বিদ্যালয়ের দ্বিতল ভবনের নির্মাণকাজ উদ্বোধন করেন। পরে তিনি বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং বিদ্যালয়ের জন্য তিনটি প্রজেক্টর ও তিনটি ল্যাপটপ প্রদানের ঘোষণা দেন। মেয়র বলেন, ‘এই বিদ্যালয়কে িডজিটাল পদ্ধতিতে পাঠদানের মাধ্যমে প্রথম সারির বিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত করা আমার স্বপ্ন।’ এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু জহুরসহ শিক্ষকেরা উপস্থিত িছলেন। বিজ্ঞপ্তি।
চট্টগ্রাম থেকে চাহিদামতো হজ ফ্লাইট দেওয়ার দাবি
হজযাত্রী কল্যাণ পরিষদের উদ্যোগে হজ প্রশিক্ষণ ও সেমিনার ১ আগস্ট জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
পরিষদের সভাপতি আহমদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও সালেহ আহমেদের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আহসান সাইয়েদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পরিষদের মহাসচিব আবদুল করিম।
অনুষ্ঠানে সমন্বয়কের দায়িত্ব পালন করেন ইসলামিক ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক আবুল হায়াত মুহাম্মদ, প্রশিক্ষণ দেন সাবেক জেলা ও দায়রা জজ মুহাম্মদ ইসমাইল মিঞা। বক্তারা বলেন, চট্টগ্রাম বিভাগ থেকে প্রতিবছর প্রায় ২০ হাজার মানুষ হজ করতে যান। সে অনুপাতে চট্টগ্রাম থেকে প্রায় ৫০টি হজ ফ্লাইটের প্রয়োজন রয়েছে। কিন্তু সরকার যে হারে ফ্লাইট দিচ্ছে, তা চাহিদার তুলনায় খুবই কম। ফলে ঢাকায় গিয়ে ফ্লাইট ধরতে হচ্ছে হজযাত্রীদের। এ সমস্যা নিরসনে দ্রুত চট্টগ্রাম থেকে চাহিদামতো হজ ফ্লাইটের ব্যবস্থা করতে হবে। বিজ্ঞপ্তি।
মহিলা পরিষদের সাংগঠনিক মাস উদ্বোধন
বাংলাদেশ মহিলা পরিষদ চট্টগ্রাম জেলা কমিটির সাংগঠনিক মাস শুরু হয়েছে। এ উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ১ আগস্ট মহিলা পরিষদের কার্যালয়ে সাংগঠনিক মাস উদ্বোধন করেন সংগঠনের সভাপতি লতিফা কবির। মাসব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে সদস্য সংগ্রহ ও নবায়ন, সংগঠনের ঘোষণাপত্র ও গঠনতন্ত্র নিয়ে আলোচনা, পেশাজীবী নারীদের নিয়ে সমাবেশ ও সভা, সাংগঠনিক প্রশিক্ষণ, তৃণমূল শাখায় উঠান বৈঠক ও জেলা শাখার অধীনে বিভিন্ন শাখা সফর। ৩১ আগস্ট অনুষ্ঠানের মাধ্যমে সাংগঠনিক মাস শেষ হবে। কর্মসূচি ঘোষণা শেষে সংগঠনের আদর্শ, উদ্দেশ্য ও লক্ষ্য নিয়ে আলোচনা করেন সুগতা বড়ুয়া, রমা মুহুরী, রওশন আরা ইউছুপ, শেলী দে ও পূর্বা দাস। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিরিন আখতার। বিজ্ঞপ্তি।
সমাজ কল্যাণ ফেডারেশনের মতবিনিময় সভা
কক্সবাজারের চকরিয়া উপজেলা সমাজ কল্যাণ ফেডারেশনের মতবিনিময় সভা গত ২৫ জুলাই সকালে সমাজসেবা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এত সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এইচ এম শহীদ উল্লাহ চৌধুরী। সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম খলিলের পরিচালনায় সভায় প্রধান অতিথির ছিলেন বাংলাদেশ সমাজ কল্যাণ পরিষদের নির্বাহী সচিব শেখ মফিজুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক প্রীতম কুমার চৌধুরী, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাহেদুল ইসলাম, চট্টগ্রাম বিভাগীয় সমাজ কল্যাণ ফেডারেশনের মহাসচিব আমান উল্লাহ, চকরিয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা বোরহান উদ্দিন প্রমুখ।
সভায় উপজেলার ২২টি এতিমখানা পরিচালনা কমিটির সভাপতি ও সম্পাদক এবং পাঁচটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের কর্মকর্তা উপস্থিত ছিলেন। —চকরিয়া প্রতিনিধি
পটিয়ায় নারী জাগরণ সংস্থার উদ্যোগে গাছের চারা বিতরণ
পটিয়া নারী জাগরণ সংস্থার উদ্যোগে ৫ আগস্ট নারী সদস্যদের মধ্যে বিনা মূল্যে ফলদ ও বনজ ২০০ গাছের চারা বিতরণ করা হয়। এ উপলক্ষে নারী জাগরণ সংস্থার সভানেত্রী পারভীন আকতারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা–বিষয়ক কর্মকর্তা আতিয়া রহমান। বিশেষ অতিথি ছিলেন বদিউল আলম। বক্তব্য দেন সংগঠনের সহসভানেত্রী সুফিয়া বেগম, কোষাধ্যক্ষ
দিলুয়ারা বেগম, প্রচার সম্পাদক মরিয়াম বেগম, সদস্য জেসমিন আকতার, শিখা সেন, রহিমা বেগম প্রমুখ। পটিয়া প্রতিনিধি