এই নগরে-দূর গ্রামে
রামুতে মাঠ দিবস পালন
কক্সবাজারের রামু উপজেলার অফিসেরচর গ্রামে ১০ ফেব্রুয়ারি সরিষা প্রদর্শনীর মাঠ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কক্সবাজারের উপপরিচালক আ ফ ম শাহরিয়ার। বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা আবদুল জলিল মন্ডল ও রামু উপজেলা কৃষি কর্মকর্তা আবু মাসুদ ছিদ্দিকী।
কৃষক আমান উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সরিষা চাষি শফিউল আলম ও কলিম উল্লাহ। উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা ছোটন কান্তি দে, রোবিনা খানম, শ্রীকান্ত দে প্রমুখ।
প্রধান অতিথি বলেন, সরকার কৃষি পণ্যের উৎপাদন বাড়ানোর পাশাপাশি, ন্যায্যমূল্য নিশ্চিত করে কৃষকের মুখে হাসি ফোটাতে কাজ করছে। এ জন্য উন্নত প্রযুক্তির মাধ্যমে ফসল উৎপাদনে কৃষকদেরও সচেতন হতে হবে। সম্ভাবনা থাকা সত্ত্বেও রামুর কৃষকেরা সরিষা চাষে তেমন আগ্রহী ছিলেন না। এখন সহজ চাষযোগ্য ও লাভজনক হওয়ায় এ অঞ্চলে সরিষা চাষে মানুষের আগ্রহ বেড়েছে। —নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার
চকরিয়া সংবাদপত্র হকার্স সমিতির সাধারণ সভা
চকরিয়া সংবাদপত্র হকার্স সমিতির বার্ষিক সাধারণ সভা গত বুধবার রাতে সংগঠনের সভাপতি মোহাম্মদ ইউনুছের সভাপতিত্বে প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সভায় সাধারণ সম্পাদক মো. মনির উদ্দিন বার্ষিক নিরীক্ষা প্রতিবেদন উপস্থাপন করেন। পরে উপস্থিত সবার মতামতের ভিত্তিতে তা পাস করা হয়।
এরপর সমিতির উন্নয়নে নানা পরিকল্পনা নিয়ে বক্তব্য দেন প্রকাশ দাস, আবু ছালেক, আজমির উদ্দিন, মোহাম্মদ ইলিয়াছ, মিনার উদ্দিন, মোহাম্মদ বাবুল, কফিল উদ্দিন, গিয়াস উদ্দিন, মোহাম্মদ আবদুল্লাহ, আবদুল কাদের, শহিদুল ইসলাম প্রমুখ। —চকরিয়া প্রতিনিধি
হাটহাজারীতে শুরু হয়েছে আল্লামা ইকবাল স্মৃতি গোল্ডকাপ টুর্নামেন্ট
চট্টগ্রামের হাটহাজারীর ধলইতে ৫ ফেব্রুয়ারি শুরু হয়েছে আল্লামা মো. ইকবাল স্মৃতি গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট। চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) প্রয়াত যুগ্ম সম্পাদক আল্লামা ইকবাল স্মরণে হাটহাজারীর ধলই নবজাগরণ সংঘ এই টুর্নামেন্টের আয়োজন করে। ধলই ফেদাই চৌধুরী মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় হাটহাজারী কামালপাড়া বয়েজ ক্লাব চার উইকেটে সফি নগর বিগ বস ক্রিকেট একাদশকে পরাজিত করে।
টুর্নামেন্টে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দীন শামীম। টুর্নামেন্ট উদ্বোধন করেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ইউনুচ গনি চৌধুরী। আরিচ আহমেদ শাহের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য আবুল হাসেম, সিজেকেএসের নির্বাহী সদস্য মো. ইউসুফ, চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়ন সমর্থক গোষ্ঠীর সভাপতি ইয়াছির আরাফাত, আল্লামা ইকবালের বড় ছেলে আবিদ নেওয়াজ ইকবাল প্রমুখ।
বক্তারা আল্লামা ইকবালের রেখে যাওয়া আদর্শ, সততা, মানবীয় গুণাবলি আগামী প্রজন্মদের কাছে অনুকরণীয় বলে মন্তব্য করেন।

সিটি কলেজ ব্যবস্থাপনা বিভাগের পুনর্মিলনী
চট্টগ্রাম সরকারি সিটি বিশ্ববিদ্যালয় কলেজ ব্যবস্থাপনা বিভাগের প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের পুনর্মিলনী অনুষ্ঠান ৬ ফেব্রুয়ারি নগরের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে নানা কর্মসূচির মধ্যে শেষ হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল আনন্দ শোভাযাত্রা, স্মৃতিচারণ, স্মরণিকার মোড়ক উন্মোচন ও সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের আহ্বায়ক মাহমুদুল হাছানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবদুল হামিদ।
বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ ফজলুল করিম চৌধুরী, দৈনিক পূর্বদেশ-এর প্রকাশক মুজিবর রহমান, ওয়েল গ্রুপের পরিচালক সৈয়দ শহীদুল ইসলাম, সিটি কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান সিরাজ উদ দৌলা, ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সামস উদ দোহা, চুয়েটের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী, অধ্যাপক মোশারফ হোসাইন, নুরুল ইসলাম, শাহ আলম, রেহেনা ইয়াসমিন, আমিরুল আনোয়ার, জাহেদুল হক, আওয়ামী লীগ নেতা দিদারুল আলম, মো. সালাহ উদ্দীন ও ওয়ার্ড কাউন্সিলর মোরশেদ আকতার চৌধুরী। সভা পরিচালনা করেন সদস্যসচিব এস এম শাহাবউদ্দীন।
আলোচনা ও স্মৃতিচারণ শেষে সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয় ব্যান্ডদল দুরবিন, চারুটা নৃত্যকলা একাডেমি ও চট্টগ্রামের শিল্পীরা। অনুষ্ঠানে স্পর্শ নামে একটি স্মরণিকা প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি।
বড় মহেশখালী বালিকা বিদ্যালয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠান
মহেশখালীর বড় মহেশখালী বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্প্রতি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম। বিশেষ অতিথি ছিলেন আনোয়ার পাশা চৌধুরী, মোহাম্মদ হোছাইন ও আব্দুল মজিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির। —মহেশখালী প্রতিনিধি
প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে জমজমাট শিক্ষামেলা
জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিস নগরের পিটিআই মাঠে দুই দিনব্যাপী শিক্ষা মেলার আয়োজন করে। শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের বিপুল উপস্থিতিতে মেলা ছিল জমজমাট।
নগরীর ৬টি থানা ও ১৪টি উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, পিটিআই’র ইনস্ট্রাক্টর, রিসোর্স সেন্টারের ইনস্ট্রাকর ও বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা মেলায় উপস্থিত ছিলেন। শিক্ষা সপ্তাহের এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে- ‘মানসম্মত শিক্ষা জাতির প্রতিজ্ঞা’।
১০ ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যায় জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাসরিন সুলতানার সভাপতিত্বে ও থানা শিক্ষা অফিসার অঞ্জন চক্রবর্তীর সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ) সঞ্জয় কুমার চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষা চট্টগ্রাম বিভাগের উপপরিচালক মো. মাহাবুবুর রহমান বিল্লাহ ও পিটিআই সুপার মুহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার। বক্তব্য দেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ঋষিকেশ শীল ও সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. জহির উদ্দিন চৌধুরী।
দু’দিনব্যাপী অনুষ্ঠিত শিক্ষা মেলার স্টলগুলোতে শিক্ষা উপকরণ সামগ্রী প্রদর্শনের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন করা হয়। দুই দিনব্যাপী অনুষ্ঠিত শিক্ষা মেলায় শিক্ষক-শিক্ষার্থী ও দর্শনার্থীদের উপচে পড়া ভিড় ছিল।
উল্লেখ্য গত ৪ থেকে ১০ ফেব্রুয়ারি জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালিত হয়।
রাসেল বহুমুখী সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা
চট্টগ্রামের পটিয়ার দক্ষিণ ভূর্ষি এলাকার রাসেল বহুমুখী সমবায় সমিতির ২৫তম বার্ষিক সাধারণ সভা ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মো. রিজুয়ান কবির। সভায় সমিতির সম্পাদক মিহির চক্রবর্তী সম্পাদকীয় প্রতিবেদনের মাধ্যমে সমিতির বর্তমান কার্যক্রম তুলে ধরেন। আলোচনায় অংশ নেন সমিতির সংগঠক হুমায়ুন কবির, পটিয়া উপজেলা যুবলীগের সভাপতি মোহাম্মদ সেলিম, সমিতির অভ্যন্তরীণ নিরীক্ষক নিহার কান্তি চক্রবর্তী, সমিতির সহসভাপতি প্রদীপ কুমার দে, অর্থ সম্পাদক রুবেল চক্রবর্তী, পরিচালক নিতাই দেবনাথ, সহসভাপতি নেপাল কান্তি মজুমদার প্রমুখ।
সভার শেষ পর্যায়ে সমবায় পুরস্কার ঘোষিত হয়। পাশাপাশি বিতরণ করা হয় শেয়ার সার্টিফিকেট। এ ছাড়া শেয়ার হোল্ডারদের ৪০ শতাংশ লভ্যাংশও প্রদান করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমিতির সাবেক ব্যবস্থাপক কানু দে ও বর্তমান ব্যবস্থাপক শ্যামল চক্রবর্তী। বিজ্ঞপ্তি।

মোস্তফা হাকিম কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
নগরের উত্তর কাট্টলীতে অবস্থিত আলহাজ মোস্তফা হাকিম বিশ্ববিদ্যালয় কলেজের তিন দিনব্যাপী বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষ হয়েছে ১০ ফেব্রুয়ারি।
৮ ফেব্রুয়ারি কলেজ মাঠে বেলুন উড়িয়ে ক্রীড়া অনুষ্ঠানের উদ্বোধন করেন সাবেক মেয়র ও মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোহাম্মদ মনজুর আলম। এ সময় তিনি বলেন, মোস্তফা হাকিম বিশ্ববিদ্যালয় কলেজ এ এলাকায় শিক্ষার আলো ছড়াচ্ছে। কলেজ হওয়ার পর এখানে প্রয়োজনের তাগিদে একটি উচ্চবিদ্যালয়ও প্রতিষ্ঠা করা হয়েছে। কলেজের উন্নয়নে এ পর্যন্ত যাঁরা বিভিন্নভাবে অবদান রেখেছেন তাঁদের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। কলেজের অধ্যক্ষ মো. আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠিত ক্রীড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মো. সোলতান আহমদ, বিদ্যালয় পরিচালনা পরিষদের সহসভাপতি নেছার আহমদ, কলেজ পরিচালনা পরিষদ সদস্য ফজলুল হক, মোস্তাফা হাকিম কেজি অ্যান্ড হাইস্কুলের প্রধান শিক্ষক আবদুচ ছাত্তার।
বক্তব্য দেন কলেজের উপাধ্যক্ষ বাদশা আলম, কলেজের প্রভাষক কাজী মাহবুবুর রহমান, মাহফুজুল হক চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি।
বস্তিবাসীদের পাশে যুব রেড ক্রিসেন্ট সদস্যরা
যুব রেড ক্রিসেন্ট, সরকারি সিটি কলেজ ইউনিটের উদ্যোগে ৪ ফেব্রুয়ারি মাদারবাড়ী রেলবিট বস্তি এলাকার মানুষজনের মাঝে বিনামূল্যে পানি বিশুদ্ধ করার ট্যাবলেট ও সাবান বিতরণ করা হয়। এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন ইউনিটের যুব প্রধান জনি চৌধুরী। কর্মসূচি পরিচালনা করেন কলেজ ইউনিটের ত্রাণ বিভাগীয় প্রধান শফিকুল ইসলাম। সহযোগিতায় ছিলেন রক্ত এবং সেবা বিভাগের প্রধান মো. আরিফুল আলম, সাংস্কৃতিক বিভাগীয় প্রধান কৃষ্ণ দাশ ও বিভাগীয় উপপ্রধান রিয়াজ উদ্দিন।
এছাড়া যুব সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফয়সাল, হাসান, মাঈনুদ্দীন, তাহমিনা, পুষ্পিতা চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি।