এই নগরে-দূর গ্রামে
অভিবাসী অধিকার সম্মেলনে বক্তারা
জনশক্তি রপ্তানির আগে শ্রমিকদের প্রশিক্ষিত করার মূল দায়িত্ব রাষ্ট্রের
জনশক্তি রপ্তানির আগে শ্রমিকদের প্রশিক্ষিত করার মূল দায়িত্ব রাষ্ট্রের। কাজের জন্য বিদেশে যাওয়ার আগে অনেক শ্রমিক জানেনও না, তিনি কোথায়, কোন কাজের জন্য যাচ্ছেন। তাই অনেকেই বিপদে পড়েন। এর দায় কেউ এড়াতে পারেন না। সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও শ্রমিকদের নিরাপত্তায় কাজ করতে হবে।
১২ মে নগরের একটি হোটেলে অভিবাসী শ্রমিকদের অধিকার রক্ষাবিষয়ক এক সম্মেলনে বক্তারা এসব কথা বলেন। বাংলাদেশ অভিবাসী অধিকার ফোরাম ও ব্রাইট বাংলাদেশ ফোরাম যৌথভাবে বিভাগীয় এ সম্মেলনের আয়োজন করে।
অনুষ্ঠানে প্যানেল আলোচক ছিলেন শিশু সংগঠক ও চিকিৎসক এ কিউ এম সিরাজুল ইসলাম, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি কফিল উদ্দিন আহমেদ, জেলা আনসার ভিডিপির উপপরিচালক এ এস এম আজিম উদ্দিন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ে পরিচালক মোহাম্মদ জহিরুল আলম মজুমদার, বাংলাদেশ অভিবাসী ফোরামের চেয়ারম্যান মোহাম্মদ নাজমুল আহসান, ওয়ারবি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. ফারুক আহমেদ ও সাংবাদিক এম নাসিরুল হক। এ ছাড়া অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন বায়রার জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান আলী হায়দার চৌধুরী, ড্যান চার্চ এইডের রিজওনাল প্রোগ্রাম ম্যানেজার ক্রিস্টিয়ান উল্ফ প্রমুখ। স্বাগত বক্তব্য দেন ব্রাইট বাংলাদেশ ফোরামের প্রধান নির্বাহী উৎপল বড়ুয়া। আলোচনা পর্বে সভাপতিত্ব করেন ওয়ারবি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ সাইফুল হক। বিজ্ঞপ্তি।

শিপিং এক্সিকিউটিভস কো-অপারেটিভ সোসাইটির কমিটি গঠিত
শিপিং এক্সিকিউটিভস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের ত্রি-বার্ষিক কার্যকরী কমিটি গঠিত হয়েছে।
এতে সৈয়দ মোহাম্মদ আরিফ সভাপতি ও মো. ইমতিয়াজ হোসাইন সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ৯ মে নগরের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সোসাইটির ১৪তম বার্ষিক সাধারণ সভায় এই কমিটি গঠিত হয়।
সোসাইটির অন্য কর্মকর্তারা হলেন জ্যেষ্ঠ সহসভাপতি সাইফুল আহমেদ চৌধুরী, সহসভাপতি এস এম নাছির উদ্দিন, যুগ্ম সম্পাদক মো. সাজ্জাদুর রহমান, অর্থ সম্পাদক মতিউর রহমান, সহ অর্থ সম্পাদক মো. শাহ আলম, পরিচালক সৈয়দ মোহাম্মদ নিজামউদ্দিন হোসাইন, মোহাম্মদ হামিদ উল্লাহ চৌধুরী, মো. শাহাদাত হোসাইন, জাহাঙ্গীর আলম ও মো. সাইফুল আলম ভূঁইয়া।
সভায় কর্নেল হাটস্থ নিকুঞ্জ আবাসিক এলাকায় সমিতির সদস্যদের জন্য আবাসনের ব্যবস্থা করতে মহাপরিকল্পনা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। বিজ্ঞপ্তি

ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের বিদায়ী সহ–উপাচার্য সংবর্ধিত
চট্টগ্রাম ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের (সিআইইউ) সহ–উপাচার্য ইরশাদ কামাল খানের বিদায় সংবর্ধনা আজ বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জামালখান ক্যাম্পাস মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন সিআইইউর বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি তাওহিদ সামাদ। অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের সাবেক শিক্ষামন্ত্রী এবং সিআইইউর বোর্ড অব ট্রাস্টিজের সদস্য এ. মাজিদ খান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদের অধ্যাপক এম. আইয়ূব ইসলাম। এরপর বক্তব্য দেন সিআইইউর নতুন উপাচার্য অধ্যাপক মাহফুজুল হক চৌধুরী, প্রকৌশল ও কম্পিউটার বিজ্ঞান অনুষদের ডিন এম. নুরুজ্জামান, আইন অনুষদের সমম্বয়ক অধ্যাপক জাকির হোসেন, লিবারেল আর্টস অনুষদের সমন্বয়ক অধ্যাপক কাজী মোস্তাইন বিল্লাহ প্রমুখ। বিদায়ী সহ–উপাচার্য ইরশাদ কামাল খান তাঁর মেয়াদকালে সহযোগিতার জন্য সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।বিজ্ঞপ্তি।
প্রমার ৪০তম ব্যাচের সমাবর্তন
প্রমা আবৃত্তি সংগঠনের শুদ্ধ উচ্চারণ ও আবৃত্তি কর্মশালা ৪০তম ব্যাচের সমাবর্তনে অভিজ্ঞানপত্র বিতরণ সম্পন্ন হয় ১৩ মে শুক্রবার সংগঠনের নিজস্ব কার্যালয়ে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেশবরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব স্বাধীনতা পদকপ্রাপ্ত গুণীজন সৈয়দ হাসান ইমাম, বিশেষ অতিথি কবি ওমর কায়সার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রমার সভাপতি রাশেদ হাসান। আরও উপস্থিত ছিলেন প্রমার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পাল। নাজমুল আলীম সাদেকীর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য দেন প্রমার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পাল।
অনুষ্ঠানের প্রধান অতিথি সৈয়দ হাসান ইমাম বলেন, একজন মানুষ তার ভালো লাগার জায়গাটাকে ভালোবাসায় রূপান্তরের মাধ্যমে কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাতে পারে। তাই আবৃত্তি গান অভিনয় বা যেকোনো শিল্প মাধ্যমই কাজ করি না কেন, তা যেন আমরা ভালোবেসে করি। তার ফলাফল যেন সুন্দরের পক্ষে, দেশ ও দেশের মানুষের পক্ষে থাকে।
অনুষ্ঠানে একক আবৃত্তি পরিবেশন করেন ৪০তম ব্যাচের শিক্ষার্থী ও প্রমার সদস্য পার্থ প্রতীম মহাজন, তৃষিতা চৌধুরী, হৈমন্তী, সাফওয়ান নেওয়াজ, মো. মাসুদ উদ দৌলা, নুসরাত কামাল, সাবরিনা সৈয়দ, ওয়াসিফা নওয়াব, অনিন্দা দাস, কুহেলী বড়ুয়া, তাজকিয়া বিনতে ইউসুফ, মনিষা ধর, সাদিয়া মণ্ডল, হৃদিতা বড়ুয়া, জয়িতা বড়ুয়া, খাইরুল আলম প্রমুখ। বিজ্ঞপ্তি

জিপিএইচ ইস্পাত কারখানা প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি
চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত জিপিএইচ ইস্পাতের নতুন প্রকল্প এলাকায় ১২ মে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। এই সময় তাঁর সঙ্গে ছিলেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম ভূঁইয়া, জিপিএইচ ইস্পাতের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমাস শিমুল ও মিডিয়া অ্যাডভাইজার ওসমান গনি চৌধুরী।
ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, জিপিএইচ ইস্পাতের নতুন প্রকল্পটি হবে বিদ্যুৎ ও গ্যাসসাশ্রয়ী। এখানে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ১০ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
অনুষ্ঠানে জিপিএইচ ইস্পাতের নতুন প্ল্যান্টের ওপর একটি মাল্টিমিডিয়া উপস্থাপন করেন মহাব্যবস্থাপক (প্রজেক্ট) এ এস এম সুমন। এতে মহাব্যবস্থাপক (এইচআর অ্যান্ড এডমিন) সরোজ কান্তি চক্রবর্তীসহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।