এই নগরে-দূর গ্রামে
বাজালিয়া সমিতির পুনর্মিলনী
চট্টগ্রাম নগরে অবস্থানরত সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়নের বাসিন্দাদের নিয়ে গঠিত বাজালিয়া সমিতি চট্টগ্রামের সাধারণ সভা ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ২২ অক্টোবর নগরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাছির উদ্দিন।
অনুষ্ঠানে শুরুতে সমিতির সদস্যসচিব আকতার কামাল চৌধুরী সমিতি গঠনের লক্ষ্য, উদ্দেশ্য ও প্রেক্ষাপট বর্ণনা করেন। বক্তব্য দেন মৃদুল চক্রবর্তী, মিজানুল হক চৌধুরী, শাহাদত আলী চৌধুরী, শহীদুল্লাহ চৌধুরী, সাইফুল ইসলাম সিকদার, জসিম উদ্দিন সিকদার, মমতাজুল হক চৌধুরী, দোলন দাস, রণজিৎ কুমার দত্ত প্রমুখ।
বক্তারা সংগঠনের মাধ্যমে শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, বাজালিয়ায় একটি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা, আত্মসামাজিক উন্নয়ন ও অবকাঠামো মজবুতে সমন্বিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। বিজ্ঞপ্তি।
এমডিসি ও সিটি ব্যাংকের মধ্যে সমঝোতা চুক্তি সই
মাওলানা ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (এমডিসি) ও সিটি ব্যাংক লিমিটেডের মধ্যে ৩ অক্টোবর একটি সমঝোতা চুক্তি সই হয়েছে। চুক্তি সই উপলক্ষে এমডিসির করপোরেট অফিসে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাদের জিলানী বলেন, ‘সহজ শর্তে গৃহঋণ প্রদানে সিটি ব্যাংক যে উদ্যোগ গ্রহণ করেছে, তা সময়োপযোগী। ধীরে ধীরে আবাসন খাত ঘুরে দাঁড়াচ্ছে। প্রচুর গ্রাহক ব্যাংকঋণের মাধ্যমে ফ্ল্যাট কেনার জন্য প্রস্তুত রয়েছেন।’
সিটি ব্যাংকের পক্ষ থেকে ব্যাংকের ক্লাস্টার হেড অব ব্রাঞ্চেস মোহাম্মদ নেয়ামত উল্লাহ বলেন, ‘আবাসন মানুষের একটি মৌলিক চাহিদা। এই চাহিদা পূরণে সিটি ব্যাংক সর্বাত্মকভাবে সহযোগিতা করবে।’
অনুষ্ঠানে এমডিসির পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের হিসাবরক্ষণ বিভাগের কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম ও মো. আসগর। সিটি ব্যাংকের পক্ষে ছিলেন হালিশহর শাখা ব্যবস্থাপক মো. ইকবাল গনি, আগ্রাবাদ শাখার ব্যবস্থাপক এস এম তাবিবুর রহমান, হালিশহর শাখার রিলেশনশিপ ব্যবস্থাপক মো. এমদাদুল হক, আগ্রাবাদ শাখার সহযোগী রিলেশনশিপ ব্যবস্থাপক মো. শাহানুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন এমডিসির ব্যবস্থাপক (বিপণন) মো. মাসুদ আলম। বিজ্ঞপ্তি।
চট্টগ্রাম একাডেমির সুহৃদ সম্মাননা ও মিলন মেলা কাল
চট্টগ্রাম একাডেমির উদ্যোগে সুহৃদ সম্মাননা ও মিলন মেলা আগামীকাল শুক্রবার বিকেল চারটায় চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এতে আগ্রহীদের উপস্থিত থাকার জন্য একাডেমির মহাপরিচালক নেছার আহমদ অনুরোধ জানিয়েছেন। বিজ্ঞপ্তি।
ঊনাইনপূরায় কঠিন চীবরদান উৎসব
সাংসদ সামশুল হক চৌধুরী বলেছেন, সম্প্রীতি বিনষ্টকারীরা মানবতার শত্রু। তাদের ক্ষমা করা হবে না। সব ধর্মেই বলা হয়েছে মানবতার কথা। অহিংসা ও শান্তি প্রতিষ্ঠায় বুদ্ধের বাণীর ব্যাপক ভূমিকা রয়েছে।
তিনি ২০ অক্টোবর পটিয়া উপজেলার ঊনাইনপূরা লঙ্কারাম প্রাঙ্গণে কঠিন চীবরদান উৎসবে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। অনুষ্ঠানে ধর্মীয় গুরু সংঘরাজ ধর্মসেন মহাস্থবির আশীর্বাদ জ্ঞাপন করেন। উপসংঘরাজ সত্যপ্রিয় মহাস্থবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আ ক ম সামশুজ্জামান চৌধুরী। সংবর্ধিত অতিথি ছিলেন রাউজান বিনাজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুকুমার বড়ুয়া। উদ্বোধনী বক্তব্য দেন প্রজ্ঞানন্দ মহাস্থবির।
আরও বক্তব্য দেন অজিত রঞ্জন বড়ুয়া, প্রভাস রঞ্জন বড়ুয়া, এস লোকজিৎ থের, জিনবোধি ভিক্ষু, দেশপ্রিয় বড়ুয়া চৌধুরী, শাহাদাত হোসেন, গাজী ইদ্রিস, নিত্যময় চৌধুরী, মিলিন্দ রাজ চৌধুরী, দেবপ্রিয় বড়ুয়া প্রমুখ। সভা সঞ্চালনা করেন তাপস চৌধুরী ও নিপুল তাপস চৌধুরী। বিজ্ঞপ্তি।
বোয়ালখালীতে মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন
বোয়ালখালী উপজেলার মধ্যম কধুরখীলে চণ্ডীমায়ের মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান ১৪ অক্টোবর দুপুরে অনুষ্ঠিত হয়েছে। পরিচালনা পরিষদের সভাপতি মিলন কান্তি চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ফতেয়াবাদ রামঠাকুর সেবাশ্রমের প্রতিষ্ঠাতা চন্দন দাশ, আলোকচিত্রী রতন কান্তি চৌধুরী, বৃন্দাবন আখেরা পূজা উদ্যাপন পরিষদের সহসভাপতি অসিত বিশ্বাস, বাঁশখালী জলদী শিবধাম কমিটির সাবেক সভাপতি পুলিন শীল প্রমুখ। দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে ছিল ঠাকুর ও চণ্ডীপূজা, মহানাম সংকীর্তন ও প্রসাদ বিতরণ। বিজ্ঞপ্তি
সাহায্যের আবেদন
মোহাম্মদ ফারুক
বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী মোহাম্মদ ফারুক (২৫) ব্লাড ক্যানসারে আক্রান্ত। সাত বছর ধরে ব্যয়বহুল চিকিৎসা চালাতে গিয়ে তাঁর পরিবারের সঞ্চিত অর্থ-সম্পদের সবই খরচ হয়ে গেছে। বর্তমানে তিনি ভারতের চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন। সেখানে তাঁর অস্থি-মজ্জার (বোন মেরো) সংস্থাপন করা হবে। এ জন্য অন্তত ২৫ লাখ টাকার প্রয়োজন। ফারুকের বাবা সন্দ্বীপ উপজেলার মো. ছুফিয়ান তাঁর ছেলের চিকিৎসার জন্য সমাজের সচ্ছল ও বিত্তবান মানুষের সহায়তা কামনা করেছেন। সাহায্য পাঠানোর ঠিকানা মো. ফারুক, হিসাব নম্বর: ৩০১৫৬, ইসলামী ব্যাংক, পাহাড়তলী শাখা, চট্টগ্রাম। এ ছাড়া বিকাশ (০১৭৩৭-৬৭৫৫৪২) নম্বরে টাকা পাঠানো যাবে। বিজ্ঞপ্তি।