এই নগরে-দূর গ্রামে
পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগের বর্ধিত সভা
বাংলাদেশ আওয়ামী লীগের পাহাড়তলী ওয়ার্ড শাখার বর্ধিত সভা সম্প্রতি আমবাগানের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের দপ্তর সম্পাদক নূর হোসেন। সভায় প্রধান অতিথি ছিলেন খুলশী থানা আওয়ামী লীগের আহ্বায়ক মো. হোসেন হিরন। প্রধান বক্তা ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ ভুঁইয়া।
বক্তব্য দেন যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক কায়সার মালিক, ওয়ার্ড নেতা আলী আশরাফ মজুমদার, মাঈনুদ্দিন হাসান বাহাদুর, হুমায়ুন কবির, জাফর উল্লাহ মজুমদার, ইউনিট নেতা আবু সৈয়দ মিয়া, মো. নাছির উদ্দিন, আবদুস সালাম জায়দাগীর, আনোয়ার হোসেন, হোসেন মাস্টার, মো. জাফর ইকবাল, আবু বক্কর, হাসেম শাহ প্রমুখ। সভায় ২৫ জুলাই ওয়ার্ড আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের সিদ্ধান্ত নেওয়া হয়। বিজ্ঞপ্তি।
শিক্ষককে প্রাণনাশের হুমকি, প্রতিবাদে সভা
ইসলামিয়া কলেজের শিক্ষক এস কে দত্ত ও তাঁর পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিয়েছে সন্ত্রাসীরা। ১৪ জুলাই তাঁর সদরঘাটের বাসায় গিয়ে চিহ্নিত সন্ত্রাসীরা এ হুমকি দেয়। এ ব্যাপারে সদরঘাট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
এদিকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে চট্টগ্রাম প্রি-কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষের সভা ১৬ জুলাই ফিরিঙ্গিবাজার ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পরিচালক নুরুদ্দীন চৌধুরী। এ ছাড়া একই দিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ১৮তম ব্যাচের আরেকটি সভা নুরুল আলম চৌধুরীর সভাপতিত্বে সদরঘাটের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা হামলার নিন্দা জানিয়ে অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানান। বিজ্ঞপ্তি।
সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে পূর্বাশার আলোর ইফতার মাহফিল
শিশুকিশোর সংগঠন পূর্বাশার আলো কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি তাসদিক উদ্দিন চৌধুরীর চতুর্থ মৃত্যুবার্ষিকী ১৭ জুলাই পালিত হয়েছে।
এ উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের অংশগ্রহণে দোয়া ও ইফতার মাহফিল নগরের একটি সামাজিককেন্দ্রে অনুষ্ঠিত হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. আতিকুর রহমানের সভাপতিত্বে এবং ইফতেখার সাইমুনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য মফিজুর রহমান। প্রধান বক্তা ছিলেন দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ পত্রিকার সম্পাদক সৈয়দ ওমর ফারুক। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক নাজিম উদ্দিন, সংগঠনের উপদেষ্টা মুহাম্মদ সাহাবুদ্দিন, জহুরুল ইসলাম, শফিউল আলম, এস এম মোরশেদ, কফিল উদ্দিন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মফিজুর রহমান বলেন, সঠিক পরিচর্যা পেলে পথশিশুরাও সমাজের আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে। বিজ্ঞপ্তি।
ত্রিতরঙ্গের কর্মশালা
ত্রিতরঙ্গ আবৃত্তি দলের আয়োজনে চার মাস মেয়াদি শুদ্ধ উচ্চারণ, আবৃত্তি, কণ্ঠশীলন, সংবাদ পাঠ ও উপস্থাপনাবিষয়ক কর্মশালার ১৪তম ব্যাচের ক্লাস শিগগির শুরু হবে। আগ্রহী ব্যক্তিদের ২৬ জুলাইয়ের মধ্যে ভর্তি হওয়ার আহ্বান জানানো হয়েছে। ক্লাস চলবে প্রতি শুক্রবার শিল্পকলা একাডেমীতে। বিস্তারিত জানা যাবে ০১৮১৯৮৯৩৫৮৯ ও ০১৬৭০৪৭২২৪১ নম্বরে। বিজ্ঞপ্তি।
মিতালীর বিনা মূল্যে ইফতারসামগ্রী বিতরণ
সামাজিক সংগঠন মিতালীর উদ্যোগে ৫ জুলাই হতদরিদ্র ১৫০ পরিবারের মধ্যে বিনা মূল্যে ইফতারসামগ্রী বিতরণ করা হয়। সংগঠনের সভাপতি বলাই শীলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের পরিচালক মো. নুরুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন সিটি করপোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা মির্জা শহীদুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন মিতালীর দাতা সদস্য আকবর হায়দার চৌধুরী, হাটহাজারী প্রেসক্লাবের সভাপতি কেশব কুমার বড়ুয়া ও বেস্ট ফুডস প্রোডাক্ট লিমিটেডের স্বত্বাধিকারী এম এ রহিম। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মিজানুর রহমান। সৈয়দ আরাফাত হাসানের সঞ্চালনায় আরও বক্তব্য দেন সৈয়দ জাফর হোসাইন, সৈয়দ হাবিবুল্লাহ, আনিসুর রহমান চৌধুরী, মহিউদ্দীন মাসুদ, শাকের উল্লাহ চৌধুরী, আব্বাস উদ্দীন চৌধুরী, সৈয়দ সাহেদ ইকবাল, মো. আজম প্রমুখ। বিজ্ঞপ্তি।
আল্লামা শফীর বক্তব্যের নিন্দায় মহিলা পরিষদ
নারীদের নিয়ে হেফাজতে ইসলামের আমির আল্লামা আহমেদ শফীর বক্তব্যের নিন্দা জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। পূরবী দাশগুপ্ত স্বাক্ষরিত বিবৃতিতে সংগঠনের সভাপতি লতিফা কবির ও সাধারণ সম্পাদক সুগতা বড়ুয়া বলেন, হেফাজতের আমিরের বক্তব্য কুরুচিপূর্ণ ও অশালীন।
বিবৃতিতে আরও বলা হয়, নারীরা কুসংস্কার ও রক্ষণশীলতার বাধা পার হয়ে অর্থনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। সমাজ ও রাষ্ট্রীয় পর্যায়ে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন। বিশেষ করে শিক্ষায় নারীরা অনেক দূর এগিয়েছেন। এই অবস্থায় আল্লামা শফীর বক্তব্য নারীর অগ্রযাত্রাকে ব্যাহত করবে। এই ধরনের বক্তব্যের প্রতিবাদ জানাতে সর্বস্তরের নারী ও পুরুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মহিলা পরিষদ নেতৃারা। বিজ্ঞপ্তি।
চরখিজিরপুরে মসজিদ উদ্বোধন
বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমদণ্ডী চরখিজিরপুর বাইতুল মামুর জামে মসজিদের উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রতি সম্পন্ন হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন সাংসদ নূরুল ইসলাম। স্থানীয় সমাজসেবী মুহাম্মদ জানে আলম প্রতিষ্ঠিত মসজিদটি উদ্বোধন করেন বোয়ালখালী শাকপুরা দারুল সুন্নাত কামিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ নূর মুহাম্মদ। মসজিদের প্রতিষ্ঠাতা, স্থানীয় প্রশাসনিক কর্মকর্তাসহ গণ্যমান্য ব্যক্তিরা এ সময় উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।
‘তরুণদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে’
বভিন্ন উন্নয়ন সংস্থার যুব কার্যক্রমের সঙ্গে জড়িত ব্যক্তিদের নিয়ে একটি সমন্বয় সভা ১৪ জুলাই চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বেসরকারি সংস্থা ইয়ুথ ফোরামের সহযোগিতায় এই সভার আয়োজন করে উন্নয়ন সংস্থা অরুণিমা।
অরুণিমার নির্বাহী পরিচালক কাবেরী গুহর সভাপতিত্বে এতে অতিথি ছিলেন ইয়ুথ ফোরামের কেন্দ্রীয় সভাপতি নয়ন বাঙ্গালী, ইয়ুথ ফোরামের সাংগঠনিক সম্পাদক শাকিল হোসেন, অরুণিমার ভাইস চেয়ারম্যান তৈয়ুব চৌধুরী, কাউন্সিলর রেহেনা বেগম, দ্য ইন্ডিপেন্ডেন্ট চট্টগ্রামের ব্যুরো প্রধান নাজিম উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা তরুণদের মধ্যে নৈতিক শিক্ষা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি গ্রামে গ্রামে ‘বাঙালির পাঠশালা’ গড়ে তোলারও ঘোষাণা দেন। বিজ্ঞপ্তি।
‘সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র সাধারণ মানুষের কাছে তুলে ধরতে হবে’
পটিয়ার ঊনাইনপূরা সুখলাল সুবেদার মন্দির সড়কের ইট বিছানোর কাজ সম্প্রতি উদ্বোধন করেন জেলা পরিষদ প্রশাসক এম এ সালাম। পরে ঊনাইনপূরা বৌদ্ধবিহারে ধর্মীয় গুরু সংঘরাজ ধর্মসেন মহাস্থবিরের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। ঊনাইনপূরা সুহূদ সম্মিলনীর সাধারণ সম্পাদক মিলেন্দুরাজ বড়ুয়ার সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের সচিব রবীন্দ্র শ্রী বড়ুয়া, প্রধান প্রকৌশলী উজ্জ্বল ত্রিপুরা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম শামসুজ্জামান, জঙ্গলখাইন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহাদাৎ হোসেন, হাইদগাঁও ইউপির চেয়ারম্যান মহিউদ্দিন ও সাংবাদিক প্রণব বড়ুয়া।
এলাকাবাসীর পক্ষ থেকে জেলা পরিষদ প্রশাসকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। স্মারক তুলে দেন প্রকাশ বড়ুয়া।
জেলা পরিষদ প্রশাসক এম এ সালাম বলেন, মহাজোট সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র সাধারণ মানুষের কাছে তুলে ধরতে হবে। তিনি আওয়ামী লীগের নেতা-কর্মীদের সব দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। বিজ্ঞপ্তি।
ন্যাপের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ধিত সভা
ন্যাপের (ন্যাশনাল আওয়ামী পার্টি) ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষে বর্ধিত সভা নগরের দোস্ত বিল্ডিংয়ে সংগঠন কার্যালয়ে ১৭ জুলাই বিকেলে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ যুব সমিতি চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক মাহমুদুল হাসানের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সবুজ তালুকদার। বক্তব্য দেন ন্যাপের নেতা আলী আহমেদ নাজির, আলী নেওয়াজ খান, জি এম এ কবির, অজিত দাশ, বিপ্লব কুমার চৌধুরী, নিলু কান্তি দাশ, আদিনাথ দেব, প্রদীপ আচার্য্য, সুনীল বিশ্বাস, জুলহাস উদ্দিন, নারায়ণ দে, রাজীব বিশ্বাস প্রমুখ।
সভায় ২৬ জুলাই থিয়েটার স্টুডিওতে ন্যাপের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন ও ইফতার মাহফিল অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়। অনুষ্ঠানে সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার জন্য বাংলাদেশ যুব সমিতির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।