এই নগরে - দূরগ্রামে
রেসকো স্কুল ও কলেজে আনন্দমেলা
নগরের রেসকো স্কুল ও কলেজের উদ্যোগে দিনব্যাপী আনন্দমেলা ১৮ মে অনুষ্ঠিত হয়। মেলা উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ নবুয়াত শহীদ। বক্তব্য দেন শিক্ষক কামরুন্নাহার ও সাইফুল মাহমুদা। স্কুলের শিক্ষার্থীদের মনোবিকাশে বিভিন্ন সামগ্রী দিয়ে সাজানো ১১টি স্টল ছিল মেলায়। শিক্ষার্থীরা এসব স্টলের বিভিন্ন গেমসে অংশ নেয়।
আবু সুফিয়ান বলেন, শিক্ষার্থীদের মনোবিকাশের দিকে আমাদের কোনো লক্ষ নেই। গতানুগতিক পথ পরিহার করে শিক্ষার্থীদের মেধার বিকাশে পাঠ্যবইয়ের বাইরে সহশিক্ষা কার্যক্রমেও গুরুত্ব দিতে হবে। পরে প্রধান অতিথি বিভিন্ন স্টল ঘুরে দেখেন। বিজ্ঞপ্তি।
ড. আবুল বারকাতকে আইভি রহমান সম্মাননা স্মারক দিল আমরা করব জয়
মুক্তিযুদ্ধে যাঁরা ছিলেন প্রাণশক্তি, সেসব মুক্তিযোদ্ধার অনেকে আজ বাংলাদেশের ইতিহাস থেকে প্রায় নির্বাসিত। তিন বছর ধরে তাঁদের খুঁজছে জনতা ব্যাংক লিমিটেড। ব্যাংকের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ড. আবুল বারকাতের তত্ত্বাবধানে অনেক চেষ্টার মাধ্যমে যাঁদের পাওয়া গেছে তাঁদের স্মৃতি-কীর্তি স্থায়ীভাবে সংরক্ষণের জন্য রচিত হয়েছে একাত্তরের বীর যোদ্ধাদের অবিস্মরণীয় জীবনগাথা: খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা সম্মাননা স্মারক গ্রন্থ। আর তাঁদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য ১৮ মে নগরের একটি হোটেলের মিলনায়তনে আয়োজন করা হয় সম্মাননা প্রদান অনুষ্ঠান।
চট্টগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজার জেলার খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাঁদের স্বজনদের নিয়ে বসেছিল প্রাণের মেলা।
এ সময় সম্মাননা প্রাপ্তদের সম্মাননা স্মারক তুলে দেওয়ার পর আমরা করব জয়ের পক্ষ থেকে ড. আবুল বারকাতকে শহীদ আইভি রহমান সম্মাননা স্মারক প্রদান করা হয়। তাঁর হাতে এটি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি স্বাধীন বাংলা বিপ্লবী বেতারকেন্দ্রের অন্যতম সংগঠক বেলাল মোহাম্মদ।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের ব্যবস্থাপনা পরিচালক শওকত বাঙালি, জনতা ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা এ কে এম আশরাফ উদ্দিন খান, পরিচালক মো. ইমাদুল হক, নাগিবুল ইসলাম, অধ্যাপক মোহাম্মদ মঈনুদ্দিন, মোহাম্মদ আবু নাসের, সঙ্গীতা আহমেদ, অধ্যাপক নিতাই চন্দ্র নাগ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাসকুর এ সাত্তার। বিজ্ঞপ্তি।
জাগরণের সভা অনুষ্ঠিত
সেচ্ছাসেবী সংগঠন জাগরণের নির্বাহী কমিটির সভা ১৮ মে নগরের ডিসি হিলে সংগঠনের সভাপতি তৈয়বুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন মোজাম্মেল হক, শাহজাহান সিরাজ, মোহাম্মদ হেলাল উদ্দিন, মোহাম্মদ আলাউদ্দিন, আজাদ মঈনুদ্দীন প্রমুখ। সভায় সংগঠনের সদস্যদের ‘বন্ধুত্ব স্মারক’ প্রকাশে আগামী ১৫ জুনের মধ্যে লেখা পাঠানোর জন্য অনুরোধ জানানো হয়। বিজ্ঞপ্তি।
রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে বন্ধুসভার সাংস্কৃতিক অনুষ্ঠান কাল
রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫২তম জন্মজয়ন্তী উপলক্ষে আগামীকাল ২৭ মে সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টায় শিল্পকলা একাডেমীতে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। প্রথম আলো বন্ধুসভা, চট্টগ্রাম আয়োজিত এই অনুষ্ঠান সবার জন্য উন্মুক্ত থাকবে।
বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার সংবর্ধনার নিবন্ধন
২০১৩ সালে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া চট্টগ্রামের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেবে জাতীয় শিশু-কিশোর সংগঠন বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার চট্টগ্রাম মহানগর শাখা। নিবন্ধনের জন্য যোগাযোগের ঠিকানাসহ দুই কপি পাসপোর্ট আকারের ছবি, প্রবেশপত্র ও নম্বরফর্দের অনুলিপি আগামী ৩ জুনের মধ্যে সভাপতি, বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা, প্রযত্নে-ওয়ান লিংক কম্পিউটার, ৩২৮ মিমি সুপার মার্কেট (চতুর্থ তলা), নাসিরাবাদ ঠিকানায় সরাসরি পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে। এ ছাড়া ই-মেলে যোগাযোগের ঠিকানা:
বিস্তারিত জানতে (০১৫৫৩ ৭৪৬৬৫৯/০১৮১৯ ৯৬৭৯৯৭) ফোনে যোগাযোগ করা যাবে। বিজ্ঞপ্তি।