এই নগরে-দূরগ্রামে
আনোয়ারা উপজেলায় নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের অভিষেক
চট্টগ্রামের আনোয়ারায় উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যানের অভিষেক ও বিদায়ী জনপ্রতিনিধিদের সংবর্ধনা অনুষ্ঠান গত বুধবার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জমান চৌধুরী।
নবনির্বাচিত চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরীর সভাপতিত্বে ওই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহিলা সাংসদ ওয়াশিকা আয়েশা খান, বিদায়ী উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম খানসহ নবনির্বাচিত জনপ্রতিনিধিরা।
অভিষেক অনুষ্ঠানে ভূমি প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা জনগণের সেবক, আমাদেরও জবাবদিহিতা আছে। তাই সবাইকে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। উপজেলার প্রতিটি ক্ষেত্রকে দুর্নীতিমুক্ত রাখতে হবে।’ পরে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। —আনোয়ারা প্রতিনিধি
শিপিং এক্সিকিউটিভস কো-অপারেটিভ সোসাইটির বার্ষিক সাধারণ সভা
শিপিং এক্সিকিউটিভস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা ও ফ্যামিলি নাইট গত ৩০ এপ্রিল নগরের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। সোসাইটির যুগপূর্তি উপলক্ষে এই আয়োজন করা হয় ।
সংগঠনের সভাপতি মামুনুর রশীদের সভাপতিত্বে সভায় সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেন সাধারণ সম্পাদক মো. ইততিয়াজ হোসেন। আর্থিক প্রতিবেদন পেশ করেন অর্থ পরিচালক মো. হারুন অর রশীদ ভূঁইয়া। সংগঠনের প্রকল্প বিষয়ে আলোকপাত করেন প্রকল্প উন্নয়ন কমিটির চেয়ারম্যান সৈয়দ মো. আরিফ। ধন্যবাদ জ্ঞাপন করেন জ্যেষ্ঠ সহসভাপতি রবি শংকর দাশ। সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিল্পী হৈমন্তী দাশ, আকলিমা মুক্তা ও দীপেন। বিজ্ঞপ্তি
গীতাশিক্ষা নিকেতনের প্রতিষ্ঠাবার্ষিকী
রক্ষাকালী মাতা গীতাশিক্ষা নিকেতনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী ২৫ এপ্রিল পাহাড়তলী হাসপাতাল কলোনি দুর্গামন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি খুলশী থানা শাখা এই অনুষ্ঠানের আয়োজন করে।
দেবাশীষ মজুমদারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন শতায়ু অঙ্গন কর্ণফুলীর সভাপতি অসিত সেন। বাংলাদেশ গীতা শিক্ষা কমিটির মহানগর শাখার পৃষ্ঠপোষক তপন কান্তি রায় মঙ্গল প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন। অনুষ্ঠানে নারায়ণ আচার্যের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন দিলীপ দাশ। আরও বক্তব্য দেন পলাশ কান্তি নাথ, বনগোপাল চৌধুরী, অঞ্জন কুমার দাশ, বৃষ্টি বৈদ্য ও অঞ্জনা রায় চৌধুরী। দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের পর প্রসাদ বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি।
হাজী চাঁদ মিঞা সওদাগর উচ্চবিদ্যালয়ে পুরস্কার বিতরণ অনুষ্ঠান
হাজী চাঁন্দ মিঞা সওদাগর উচ্চবিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ ২৬ এপ্রিল বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আফছারুল আমীন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম। উপস্থিত ছিলেন পরিচালনা পরিষদের সদস্য মো. ইকবাল, মোস্তাক হোসাইন ও মো. হাসান। শিক্ষক ফারহানা আক্তার ও নাছির উদ্দীনের সঞ্চালনায় প্রধান শিক্ষক অনুপম দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পরিচালনা পরিষদের সদস্য মোস্তাক হোসাইন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকা পালনের মাধ্যমে সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে আত্মনির্ভরশীল জাতি গঠনের আহ্বান জানান। পরে অতিথিরা শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। বিজ্ঞপ্তি।
প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের ভর্তি পরীক্ষা ১০ মে
প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের ব্যাচেলর অব আর্কিটেকচারের ভর্তি পরীক্ষা ১০ মে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের একডেমিক ভবন-২, কক্ষ নং-৫০৭ এ অনুষ্ঠিত হবে। ওই পরীক্ষায় ইংরেজি, সাধারণ জ্ঞান, গণিত, পদার্থবিদ্যা এবং বিশেষত ফ্রি হ্যান্ড ড্রয়িংয়ের ওপর দক্ষতা যাচাই করা হবে। ড্রয়িং পরীক্ষায় পরীক্ষার্থীদের সৃজনশীলতার পরিচয় দিতে হবে। পরীক্ষার হলে ভর্তি হতে ইচ্ছুক পরীক্ষার্থীদের প্রয়োজনীয় উপকরণ নিয়ে যথাসময়ে উপস্থিত হতে বলা হয়েছে। আজ ৮ মে বৃহস্পতিবার পর্যন্ত প্রবর্তক মোড়ের ভর্তি শাখায় আবেদন গ্রহণ করা হবে। পরীক্ষা এবং ড্রয়িংয়ের যাবতীয় নিয়মাবলি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.puc.ac.bd) থেকে পাওয়া যাবে। বিজ্ঞপ্তি
মহেশখালী হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির মাসিক সভা
কক্সবাজারের মহেশখালী উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা গত ২৬ এপ্রিল হাসপাতাল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার-২ আসনের (মহেশখালী-কুতুবদিয়া) সাংসদ আশেক উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনোয়ারুল নাসের, পৌর মেয়র মকছুদ মিয়া ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন।
সভায় প্রধান অতিথি বলেন, চিকিৎসক ও সেবিকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ শূন্য থাকায় হাসপাতালে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। তাই শূন্য পদে লোক নিয়োগ দেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুচিন্ত চৌধুরীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার পাশা চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জহির উদ্দীন, আবাসিক চিকিৎসা কর্মকর্তা মাহফুজুল হক, চিকিৎসক মোহাম্মদ নিজাম উদ্দিন, ঝুলন বড়ুয়া, আশীষ দে, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ছালেহ আহমদ, উপসহকারী চিকিৎসা কর্মকর্তা প্রণব বিকাশ চৌধুরী, আনিসুল হক, মেডিকেল টেকনোলজিস্ট সাইফুল হক, আমানুল হক, আনোয়ার হোসেন প্রমুখ। —মহেশখালী প্রতিনিধি
বাতিঘরে শুদ্ধস্বরের উদ্যোগে লেখক আড্ডা
নগরের প্রেসক্লাব ভবনে অবস্থিত সৃজনশীল গ্রন্থবিপণি বাতিঘরে ১ মে প্রকাশনা সংস্থা শুদ্ধস্বরের উদ্যোগে লেখক আড্ডা অনুষ্ঠিত হয়। বাতিঘরে শুদ্ধস্বরের কর্নার উদ্বোধন উপলক্ষে এই আড্ডার আয়োজন করা হয়। এখন থেকে এই কর্নারে শুদ্ধস্বরের সব বই পাওয়া যাবে।
আড্ডায় চট্টগ্রামের লেখকদের মধ্যে উপস্থিত ছিলেন হরিশংকর জলদাস, মহীবুল আজিজ, হাফিজ রশিদ খান, কামরুজ্জামান জাহাঙ্গীর, উদয়শংকর দাশ, ফারহানা আনন্দময়ী, মাহমুদ আলম, জয়দীপ দে প্রমুখ। ঢাকা থেকে অতিথি লেখক হিসেবে যোগ দেন মাসুদা ভাট্টি।
আড্ডার শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন শুদ্ধস্বরের প্রকাশক আহমেদুর রশীদ চৌধুরী। পরে উপস্থিত লেখকেরা বাতিঘর ও শুদ্ধস্বরের উদ্যোগকে স্বাগত জানিয়ে বক্তব্য দেন। অনুষ্ঠান পরিচালনা করেন সুমন বিশ্বাস। বিজ্ঞপ্তি।
ডেন্টাল টেকনোলজিস্টদের স্বীকৃতির দাবি
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী ডেন্টাল টেকনোলজিস্টদের প্রাইভেট প্র্যাকটিসের নিবন্ধন দেওয়ার দাবি জানিয়েছেন। তিনি এ ব্যাপারে প্রধানমন্ত্রী ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
২ মে বাংলাদেশ ডেন্টাল পরিষদ চট্টগ্রাম জেলা শাখা আয়োজিত মেডিকেল টেকনোলজিস্টদের ‘পেশাগত রেজিস্ট্রেশন প্রতিবন্ধকতা ও উত্তরণ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
নগরের জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের সাবেক সভাপতি মো. কামাল উদ্দিন। ডেন্টাল পরিষদ চট্টগ্রাম জেলার আহ্বায়ক দীপক কান্তি বড়ুয়ার সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলার সিভিল সার্জন মো. সরফরাজ খান চৌধুরী, বিএমএ কেন্দ্রীয় পরিষদের কার্যকরী সদস্য শেখ মো. শফিউল আজম, বিএমএ কেন্দ্রীয় পরিষদের কার্যকরী সদস্য নাসির উদ্দিন মাহমুদ, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সদস্য মো. জাবেদ হোসেন, বাংলাদেশ ডেন্টাল পরিষদের কেন্দ্রীয় মহাসচিব মো. হাফিজ।
পরে দুই বছর মেয়াদি নতুন কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়। এতে দীপক কান্তি বড়ুয়াকে সভাপতি ও তরুণ পালিতকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যবিশিষ্ট চট্টগ্রাম জেলা শাখা কমিটি করা হয়। বিজ্ঞপ্তি।
‘মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে তরুণদের এগিয়ে আসতে হবে’
‘বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন মহান মুক্তিযুদ্ধ। মুক্তিযোদ্ধারাই জাতির শ্রেষ্ঠ সন্তান। এখন মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে তরুণদের এগিয়ে আসতে হবে। মুক্তিযুদ্ধের মূল্যবোধকে যথাযথভাবে কাজে লাগাতে না পারলে তরুণেরা পথভ্রষ্ট হবে।’
গত ২৬ এপ্রিল শিশুকিশোর সংগঠন আজকের প্রজন্ম ও আমরা মুক্তিযোদ্ধার সন্তানের যৌথ উদ্যোগে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক এম এ সালাম এসব কথা বলেন। মুক্তিযোদ্ধা আহমদ ছাফার সভাপতিত্বে ও আজকের প্রজন্মের সভাপতি বোরহান আহমেদের সঞ্চালনায় কর্মসূচি উদ্বোধন করেন সাবেক সংসদ সদস্য মজহারুল হক শাহ্ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা এটিএম পেয়ারুল ইসলাম, ফখরুল আনোয়ার, এসএম মরতুজা হোসাইন ও এম সোলায়মান। সংবর্ধিত অতিথি ছিলেন উত্তর কুমার মহাজন ও জেবুন নাহার।
বক্তব্য দেন আবুল বশর, আবুল কালাম আজাদ, দিদারুল বশর চৌধুরী, আবু তাহের, ইয়াছিন আলী চৌধুরী, লোকমান হোসাইন, রমজান আলী, আবু বক্কর ছিদ্দিকী, শাহ্ আলম সিকদার, নাজিম উদ্দিন মুহুরী, একে আজাদ, এএসএম মিনহাজুল ইসলাম, রফিকুল ইসলাম, ফয়জুল ইসলাম, আনোয়ার হোসেন, শেখ মো. রায়হান, ছৈয়দ আজগর, ওমর ফারুক সিকদার, সাইফুর রহমান, শফিউদ্দিন জাহাঙ্গীর প্রমুখ।
সভায় স্বাধীনতা সংগ্রামে বীরত্বপূর্ণ অবদানের জন্য ৬৫ জন মুক্তিযোদ্ধাকে সম্মাননা পদক প্রদান করা হয়। বিজ্ঞপ্তি।
সাতকানিয়ায় পৌরসভা বৃত্তি প্রদান অনুষ্ঠান
সাতকানিয়া পৌরসভা বৃত্তি প্রদান অনুষ্ঠান ৪ মে বেলা সাড়ে ১১টায় সাতকানিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদুর রহমান।
বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরীফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্যানেল মেয়র নওয়াব মিয়া। বৃত্তি কমিটির আহ্বায়ক কাউন্সিলর এ কে এম মোর্শেদের সঞ্চালনায় আরও বক্তব্য দেন কাউন্সিলর আবদুল মালেক, নেচার উদ্দিন আহমদ চৌধুরী, কাউন্সিলর শামসুল হক প্রমুখ।
বক্তারা বলেন, শিক্ষিত জাতিই পৃথিবীতে উন্নতি করতে পেরেছে। তাই বর্তমানে আমাদেরও শিক্ষিত হয়ে উন্নত দেশের পথ অনুসরণ করে মাথা উঁচু করে দাঁড়াতে হবে।
—সাতকানিয়া প্রতিনিধি
মহিলা পরিষদের সভা
বাংলাদেশ মহিলা পরিষদ চট্টগ্রাম জেলা কমিটির উদ্যোগে সংগঠন কার্যালয়ে মে দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি লতিফা কবির। বক্তব্য দেন সাধারণ সম্পাদক সুগতা বড়ুয়া, সহসভাপতি শেলী দে, পূবা দাস, স্বাতী পাল ও চিন্ময়ী ঘোষ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন করবী ঘোষ।
বক্তারা বলেন, এখনো শ্রমিকেরা নির্যাতনের হাত থেকে রেহাই পাচ্ছে না। নারী ও পুরুষ শ্রমিকদের মধ্যে আজও মজুরি বৈষম্য বিরাজমান। নারী শ্রমিকদের মূল্যায়নই করা হয় না। তাঁরা মজুরি বৈষম্য দূর করার জন্য সরকারের কাছে দাবি জানান। বিজ্ঞপ্তি।
মমতার উদ্যোগে মে দিবস উদ্যাপন
মে দিবস বেসরকারি সংস্থা মমতার উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দাতা সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশনের আর্থিক ও কারিগরি সহযোগিতায় মমতা পরিচালিত ডিএসডব্লিউডব্লিউআর প্রকল্পের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
গর্ভাবস্থায় শ্রমিকদের জন্য পর্যাপ্ত বিশ্রাম, নারী শ্রমিকদের জন্য আবাসস্থল ও যাতায়াতের জন্য পৃথক বাসের ব্যবস্থার দাবিতে ১ মে সকাল ১০টায় মমতা এই শোভাযাত্রার আয়োজন করে। এতে পাঁচ শতাধিক নারী শ্রমিক অংশগ্রহণ করেন।
মমতার উপপ্রধান নির্বাহী ফারুক আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন বিজিএমইএ চট্টগ্রামের সালিসি কমিটির চেয়ারম্যান শওকত ওসমান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মহিলা কাউন্সিলর শাহনুর বেগম এবং সিরাজ সন্স গার্মেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জিয়াউদ্দিন আহম্মদ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন মমতার পরিচালক সমন্বয় স্বপ্না তালুকদার। এরপর প্রকল্পের প্রতিবেদন উপস্থাপন করেন প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী রুহুল মহিদ চৌধুরী।
এতে আরও বক্তব্য দেন লোকাল প্রজেক্ট ডেভেলপমেন্ট কমিটির আহ্বায়ক জানে আলম। শ্রমিকদের পক্ষ থেকে বক্তব্য দেন সানজিদা আক্তার এবং মোসলেম উদ্দিন। বিজ্ঞপ্তি।
ফেনীতে দিনব্যাপী আলোকচিত্র কর্মশালা
ফেনী বিজ্ঞান ক্লাবের (ফেবিকা) আয়োজনে দিনব্যাপী আলোকচিত্র-বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা গত মঙ্গলবার জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ক্লাবের যুগ্ম আহ্বায়ক আবু তাহেরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ এনামুল হক। বক্তব্য দেন ক্লাবের আহ্বায়ক সাহেদুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি বখতেয়ার ইসলাম, রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহাদাত হোসেন, ক্লাবের সদস্যসচিব কাজী মো. ইস্রাফিল প্রমুখ। স্বাগত বক্তব্য দেন আবু জুবায়ের ভূঁঞা। প্রশিক্ষক ছিলেন চট্টগ্রাম ফটোগ্রাফিক সোসাইটির সভাপতি মউদুদুল আলম।
কর্মশালায় স্থানীয় ও জাতীয় পত্রিকা এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ ১২০ জন প্রশিক্ষণার্থী অংশ নেন। কর্মশালা শেষে সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুব্রত নাথ। প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন পুলিশ সুপার পরিতোষ ঘোষ। —নিজস্ব প্রতিবেদক, ফেনী