এই নগরে-দূরগ্রামে
প্যান্টোমাইম মুভমেন্টের মূকাভিনয় কর্মশালা ১৬ মে শুরু
প্যান্টোমাইম মুভমেন্টের উদ্যোগে মূকাভিনয় কর্মশালা শুরু হচ্ছে ১৬ মে থেকে, চলবে ২০ মে পর্যন্ত। নগরের মেহেদীবাগস্থ সাদার্ন বিশ্ববিদ্যালয়ে প্রতিদিন সন্ধ্যা ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত প্রশিক্ষণ কার্যক্রম চলবে। এতে মূকাভিনয়ের ইতিহাস, প্রস্তুতি, অনুশীলন ও নির্মাণ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ দেবেন বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশনের সাধারণ সম্পাদক রিজোয়ান রাজন। অতিথি প্রশিক্ষক থাকবেন মূকাভিনয় ফেডারেশনের প্রশিক্ষণ সম্পাদক রাজ ঘোষ। কর্মশালায় অংশগ্রহণের আবেদনপত্র পাওয়া যাবে চেরাগী পাহাড়ের বাতিঘর ও নন্দন, মেহেদীবাগের বিশদ বাঙলা এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মউর দোকানে। এ ছাড়া কর্মশালার বিষয়ে জানতে মুঠোফোনে (০১৭১৪ ০৬৫৩৫৩) যোগাযোগ করা যাবে। বিজ্ঞপ্তি।
আঞ্জুমানে মোত্তাবিয়ানে পোমরা আঞ্চলিক শাখা গঠন
আঞ্জুমানে মোত্তাবিয়ানে গাউসে মাইজভান্ডারের রাঙ্গুনিয়া পোমরা আঞ্চলিক শাখা গঠনের লক্ষ্যে সম্প্রতি এক আলোচনা সভা গাউসিয়া আহমদিয়া পোমরা দরবার শরিফ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মাওলানা মিনহাজুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন মাওলানা নুরুল আবছার শরিফ। বিশেষ অতিথি ছিলেন শফিউল আজম চৌধুরী। অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা মোহম্মদ ইমাম হোসাইন। সভায় নয় সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। বিজ্ঞপ্তি।
কক্সবাজার ঝিনুকমালা খেলাঘরের অভিষেক
কক্সবাজারের শিশু-কিশোর সংগঠন ঝিনুকমালা খেলাঘর আসরের নবগঠিত কার্যকরী পরিষদ ও উপদেষ্টামণ্ডলীর অভিষেক অনুষ্ঠান গত শুক্রবার বিকেলে শহরের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা এম. সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আব্দুল কুদ্দুস ও কক্সবাজার পৌরসভার কাউন্সিলর হেলাল উদ্দিন কবির।
সিরাজুল ইসলাম বলেন, শিশুদের যুগের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে। বিশ্বায়নের যুগে জ্ঞান-বিজ্ঞান চর্চার বিকল্প নেই। জ্ঞান ও বিজ্ঞানে স্বয়ংসম্পূর্ণ শিশুরাই পারবে নতুন পৃথিবী গড়তে। তবে সেই সঙ্গে শিশুদের মধ্যে মানবিক মূল্যবোধ সৃষ্টি করতে হবে।
জেলা খেলাঘর আসরের সাধারণ সম্পাদক আশরাফুল হুদা সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নতুন কমিটির সভাপতি সুবিমল পাল, সংগঠনের কর্মকর্তা আবুল কাশেম, চন্দন কান্তি দাশ, বিশ্বজিৎ পাল, উম্মে খালেদা খানম, রমজান আলী সিকদার, রতন বড়ুয়া, আবু জাহেদ চৌধুরী, নাজমুল হুদা, শাহরিয়ার মো. রিয়াদ, রাজিব দেবদাশ, প্রশান্ত মিত্র, মিটন দে, রীতা দাশ, ইলু বড়ুয়া, কানিজ ফাতেমা, নাসির উদ্দিন, রিটু বড়ুয়া, ঝুলন দাশ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক দীপক শর্মা ও সহসাধারণ সম্পাদক সুমন বড়ুয়া।
নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার
মিরসরাই বালিকা উচ্চ বিদ্যালয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
মিরসরাই বালিকা উচ্চবিদ্যালয়ে ৪ মে বৈশাখী দেয়ালিকা প্রকাশ ও দিনব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিম উদ্দিন ভূঁঞা।
এতে বক্তব্য দেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার, সাবেক ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খান, বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আজহারুল হক চৌধুরী, বারইয়ারহাট বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক, প্রথম আলো প্রতিনিধি শারফুদ্দীন কাশ্মীর প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের শিক্ষিকা বিলকিস আক্তার।
বক্তারা বলেন, লেখাপড়ার পাশাপাশি বিদ্যালয়ের ছাত্রীরা সাহিত্যচর্চায় ঝুঁকছে, এটা আশার কথা। শেষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। মিরসরাই প্রতিনিধি
গুম-অপহরণের প্রতিবাদে বাসদের সমাবেশ
বাসদ চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে দেশজুড়ে অপহরণ ও গুম বন্ধের দাবিতে ২ মে বিকাল পাঁচটায় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন বাসদ চট্টগ্রাম জেলা শাখার সমন্বয়ক মহিন উদ্দিন। সভায় বক্তব্য দেন বাংলাদেশ পথনাটক পরিষদের সভাপতি দীপক চৌধুরী, চারণ সাংস্কৃতিক কেন্দ্র চট্টগ্রাম শাখার সংগঠক রাফিউর রঞ্জন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নগর শাখার সভাপতি আল কাদেরী, ছাত্রনেতা পার্থপ্রতিম নন্দী, বাসদ চট্টগ্রাম জেলার সদস্য আকরাম হোসেন, হেলাল উদ্দিন কবির প্রমুখ।
সভায় বক্তরা বলেন, নারায়নগঞ্জে ত্বকী হত্যাকাণ্ডের বিচার না হওয়ায় কাউন্সিলর নজরুল ইসলাম, অ্যাডভোকেট চন্দন সরকারসহ সাতজনকে খুন হতে হলো। প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি জানান বক্তারা। বিজ্ঞপ্তি।
রামু রিপোর্টার্স ইউনিটি গঠন
কক্সবাজারের রামুর তরুণ সাংবাদকর্মীদের সমন্বয়ে ৮ মে রামু রিপোর্টার্স ইউনিটি গঠিত হয়েছে। কমিটিতে সোয়েব সাঈদ সভাপতি ও হাসান তারেক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি অর্পণ বড়ুয়া, সহসাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আবু বকর ছিদ্দিক, অর্থ সম্পাদক ওবাইদুল হক, দপ্তর ও প্রচার সম্পাদক আবুল কাশেম, কার্যকরী সদস্য আবুল কাশেম, আল মাহমুদ ও আহমদ ছৈয়দ।
নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার
সিডিসির উদ্যোগে প্রতিবন্ধীদের উন্নয়নবিষয়ক সেমিনার
পরিবার ও প্রতিষ্ঠানের যৌথ প্রচেষ্টাই পারে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে। গত ৩০ এপ্রিল চট্টগ্রাম লেডিস ক্লাবে সেন্টার ফর ডিসঅ্যাবলস কনসার্নের (সিডিসি) উদ্যোগে হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনাল এবং বি এম জেড এর সহযোগিতায় ‘দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনের উন্নয়নমূলক পরিবর্তনের লক্ষ্যে অ্যাডভোকেসি’ শীর্ষক প্রকল্পের কার্যক্রমের ওপর আয়োজিত সেমিনারে বক্তারা এ কথা বলেন।
সিডিসির নির্বাহী পরিচালক লুৎফুন্নেছার সঞ্চালনায় ও সভাপতি নাসিমা বানুর সভাপতিত্বে স্কুল-কলেজের শিক্ষক, বিভিন্ন নিয়োগদাতা প্রতিষ্ঠানের প্রতিনিধি ও প্রতিবন্ধী ব্যক্তিরা উপস্থিত ছিলেন। মূল প্রবন্ধ পাঠ করেন পাভেল আল মামুন। সেমিনারে বক্তব্য দেন অধ্যক্ষ আনোয়ারা আলম, ক্লিফটন কটন মিলস লিমিটেডেরে মহাব্যবস্থাপক নুরুন্নবী, প্রফেসর চৌধুরী মনজুরুল হক, ওয়ার্ড কাউন্সিলর আনজুমান আরা বেগম, শিল্পি শুভ্রা বিশ্বাস, চট্টগ্রাম সোসাইটি ফর ডিসঅ্যাবলের সাধারণ সম্পাদক ভাস্কর ভট্টাচার্য ও প্রকল্প ব্যবস্থাপক রাশেদুল ইসলাম। বিজ্ঞপ্তি।
চাটগাঁ ভাষা পরিষদের সভা
চাটগাঁ ভাষা পরিষদের সভা ৫ মে জামালখানস্থ অস্থায়ী কার্যালয়ে সংগঠনের সভাপতি অধ্যাপক মো. আবুল কাসেমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হোসেন চৌধুরীর পরিচালনায় সভায় বক্তব্য দেন দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক, ডা. মইনুল ইসলাম মাহমুদ, সাংবাদিক এম নাসিরুল হক, লায়ন রফিক আহাম্মদ, লেখক ছিদ্দিকুল ইসলাম, কাউন্সিলর আনজুমান আরা বেগম, সংস্কৃতিকর্মী রোকেয়া হক, গণমাধ্যমকর্মী সরোয়ার আমিন, উন্নয়নকর্মী ওবায়দুর রহমান, মো. আবচার উদ্দীন চৌধুরী, মো. শফিউল আলম প্রমুখ। সভায় নিয়মিত গবেষণা ও অন্যান্য কার্যক্রম পরিচালনার জন্য তহবিল সংগ্রহ, ট্রাস্ট ফান্ড গঠন, চাটগাঁ সাংস্কৃতিক উৎসব ২০১৪ উদ্যাপন কমিটি গঠন, বার্ষিক সাধারণ সভাসহ প্রভৃতি বিষয়ে আলোচনা হয়। বিজ্ঞপ্তি।
কালধারার গান ও কবিতাসন্ধ্যা
সৃজনশীল সাহিত্য ও সংস্কৃতি সংগঠন কালধারার আয়োজনে গান ও কবিতার এক অনুষ্ঠান হয়ে গেল ২ মে শুক্রবার সন্ধ্যায় স্থানীয় থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে।
অনুষ্ঠানের সূচনা করেন শিল্পী হাসান জাহাঙ্গীর দুটো জনপ্রিয় গান গেয়ে। এরপর স্বাগত বক্তব্য দেন কালধারা সভাপতি সংগঠক শাহ আলম। তিনি বলেন, ‘কবি-লেখকদের একই সূত্রে বন্ধনের অভিপ্রায়ে কালধারা তার নিয়মিত আয়োজন অব্যাহত রেখেছে। বিগত অনুষ্ঠানের পঠিত কবিতা সমন্বয়ে এবারও প্রকাশিত হয়েছে হেমন্তসন্ধ্যায় কবিকণ্ঠ।’ বইটির মোড়ক উন্মোচন ও কথামালায় অংশ নেন বেগম মুশতারী শফী, বেগম ফাহমিদা আমিন, কবি নিতাই সেন, অধ্যাপক মোহীত-উল আলম, মুহাম্মদ নাসিরউদ্দিন, ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। এরপর আগত কবিরা স্বরচিত কবিতা পাঠ করেন।
অনুষ্ঠানে হারানো দিনের গান পরিবেশন করেন শিল্পী মুনড়বা ফারুক। দেশাত্মবোধক ও রবীন্দ্রসংগীতে অংশ নেন শীলা চৌধুরী। নজরুলের গান পরিবেশন করেন কবি মৃণালিনী চক্রবর্তী।
অনুষ্ঠান শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন কালধারা সদস্য জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কবি মোহীত উল আলম। বিজ্ঞপ্তি
চকরিয়ায় হিন্দু কল্যাণ ট্রাস্টের অনুদানের চেক বিতরণ
চকরিয়া উপজেলা পূজা উদ্যাপন পরিষদের উদ্যোগে দুটি মন্দির কমিটি ও দুটি দুস্থ পরিবারের মধ্যে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হিন্দু কল্যাণ ট্রাস্টের অনুদানের চেক বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে ৪ মে পৌর শহরের সংগঠন কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা পূজা উদ্যাপন পরিষদের আহ্বায়ক তপন কান্তি দাশ, সদস্যসচিব বাবলা দেবনাথ, যুগ্ম আহ্বায়ক উত্তম দাশ, উদ্যাপন পরিষদের নেতা সুদাম কান্তি দাশ, সমরেশ দে, প্রদীপ দাশ, মিলন কান্তি দাশ, সুধীর চন্দ্র দাশ, তপন সুশীল, কাকারা ইউনিয়ন পূজা উদ্যাপন পরিষদের সভাপতি কৃষ্ণ কান্তি দে, চকরিয়া পৌর কমিটির সভাপতি টিটু কান্তি বসাক প্রমুখ।
মন্দির কমিটির পক্ষে অনুদানের চেক গ্রহণ করেন চিরিঙ্গা ইউনিয়নের বুড়িপুকুর সর্বজনীন হরি মন্দির কমিটির সভাপতি সমীর দে ও সাধারণ সম্পাদক অরুণ দে এবং কাকারা করপাড়া সর্বজনীন হরি মন্দির কমিটির সভাপতি সোনা রাম কর ও সাধারণ সম্পাদক মিন্টু রাম কর। এ ছাড়া কাকারা ইউনিয়নের সুকুমার রুদ্র ও সুদন রুদ্রের হাতে চেক তুলে দেওয়া হয়।
চকরিয়া প্রতিনিধি
চট্টগ্রাম বন্দর মহিলা কলেজে গবেষণাগার ও পাঠাগার উদ্বোধন
চট্টগ্রাম বন্দর মহিলা কলেজ ক্যাম্পাসে ৫ মে কলেজের গবেষণাগার ও পাঠাগার উদ্বোধন করেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য হান্নান শেখ (অর্থ) ও জুলফিকার আজিজ (প্রকৌশল), বন্দর পরিচালক (প্রশাসন) মহিবুল হক, প্রধান প্রকৌশলী খায়রুল মোস্তফা, চট্টগ্রাম বন্দর মহিলা কলেজের অধ্যক্ষ কাশানা আক্তার খানম, উপাধ্যক্ষ সেলিনা শেলীসহ কলেজের কর্মকর্তা-কর্মচারীরা।
উল্লেখ্য, উন্নত শিক্ষা উপকরণ ও আধুনিক প্রযুক্তিগত সুবিধা নিয়ে গড়ে ওঠা গবেষণাগারটি কেবল একাদশ-দ্বাদশ শ্রেণীরই নয়, ভবিষ্যতে উচ্চশিক্ষার ক্ষেত্রেও সহায়ক ভূমিকা রাখবে। নতুন চালু হওয়া পাঠাগারেও দেশ-বিদেশের দুষ্প্রাপ্য বইসহ কয়েক হাজার বই রয়েছে। বিজ্ঞপ্তি।
খেলাঘরের প্রতিষ্ঠবার্ষিকী উদ্যাপিত
শিশু-কিশোর সংগঠন খেলাঘরের ৬২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২ মে খেলাঘর চট্টগ্রাম মহানগরের উদ্যোগে চেরাগী পাহাড়ে অবস্থিত মাওলানা ইসলামাবাদী মেমোরিয়াল মিলনায়তনে এই আসর অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন খেলাঘর চট্টগ্রাম মহনগরের সহসভাপতি কবি আশীষ সেন। সংগঠনের সাধারণ সম্পাদক রূপক চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সম্পাদকমণ্ডলীর সদস্য রুবেল দাশ।
এতে বক্তব্য দেন অজিত আইচ, এরশাদ হোসেন, মোর্শেদ আলম চৌধুরী, শাবানা বানু, এসকেন্দার আলী, মিজানুর রহমান ইউনুস প্রমুখ।
আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত ও নাচ পরিবেশন করে খেলাঘর পরিচালিত ছোটদের সাংস্কৃতিক স্কুল শৈশব, দীপশিখা, জলছবি ও মৈত্রী খেলাঘর আসরের শিশু-কিশোরেরা। বিজ্ঞপ্তি।
ফরহাদাবাদে সংবর্ধনা অনুষ্ঠান ও সুধী সমাবেশ
ফরহাদাবাদ ইউসুফিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠান ও সুধীসমাবেশ ৩ মে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মো. নিজাম মোর্শেদ চৌধুরী। প্রধান অতিথি ছিলেন হাটহাজারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল হামিদ। প্রধান বক্তা ছিলেন মুক্তিযোদ্ধা এস এম ইলিয়াছ চৌধুরী।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন নাজিরহাট কলেজের অধ্যক্ষ এস এম নুরুল হুদা, নাজিরহাট কলেজিয়েট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এমরান হোসেন, ফরহাদাবাদ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুবুল আলম চৌধুরী, মুক্তিযোদ্ধা সেকান্দর আলম চৌধুরী, মো. ইদ্রিছ মিয়া চৌধুরী, মো. আবুল বশর চৌধুরী, ফরহাদাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহদাত ওসমান, ইউপির সদস্য নেজাম মোরশেদ, সৈয়দা আবরা আরা, রোকেয়া আকতার, নাজমুল হাসান, শফিউল আজম, সোহরাব চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি।
মহেশখালীতে জলবায়ুবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
মহেশখালী উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে গত বৃহস্পতিবার সকাল ১০টায় বেসরকারি সংস্থা প্রত্যাশীর উদ্যোগে জলবায়ুবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ হোছাইন ইব্রাহিম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ আতিক উল্লাহ।
প্রত্যাশীর নির্বাহী পরিচালক মনোয়ারা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য দেন, পৌর কাউন্সিলর মোহাম্মদ শাহাব উদ্দিন। এতে আরও বক্তব্য দেন প্রীতিকণা শর্মা, আলী মান্নান, আবুল বশর, আমিনুল হক, নাছির উদ্দিন ও ইকবাল হোসেন প্রমুখ।
কর্মশালায় প্রত্যাশীর নির্বাহী পরিচালক মনোয়ারা বেগম বলেন, এই উপজেলার চারটি ইউনিয়নে জলবায়ু পরিবর্তনের ওপর এনজিও সংস্থা প্রত্যাশী কাজ করছে। আর এসব প্রকল্পের আওতায় স্বাস্থ্যসম্মত পায়খানা স্থাপন, ছাগল পালন, কারিগরি সহায়তা প্রদান, উন্নত চুলা বিতরণ, নলকূপ স্থাপন, নারীদের সেলাইযন্ত্র বিতরণসহ নানা ধরনের কার্যক্রম চালু রয়েছে।
মহেশখালী প্রতিনিধি