এই নগরে-দূরগ্রামে
আইনজীবী ঐক্য পরিষদের সভা
বাংলাদেশ আইনজীবী ঐক্য পরিষদ চট্টগ্রাম জেলা কমিটির সভা ২৮ মে পরিমল চন্দ্র বসাকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক অনুপম চক্রবর্তী।
অন্যদের মধ্যে বক্তব্য দেন হরিপদ চক্রবর্তী, অশোক দাশ, নিতাই প্রসাদ ঘোষ, উত্তম কুমার দত্ত, শ্যামল পালিত, অনুপ কুমার চৌধুরী, উত্তম রায়, অজয় বোস, রুবেল পাল, সুমন আচার্য্য, তরুণ দাশ, সুব্রত চৌধুরী, বিপ্লব চক্রবর্তী, জিকো বড়ুয়া, অনিল দেবনাথ, সুচিত্রা লালা, রাজিত চৌধুরী, বিক্রম মিত্র, বাদল বসাক, দ্বিজমোহন দাশ, নিথিল নাথ, বিধান বিশ্বাস প্রমুখ।
সভায় প্রধান অতিথি বলেন, সরকার অর্পিত সম্পত্তি সংক্রান্ত ‘খ’ তফসিল ইতিমধ্যে বাতিল করেছে। সম্পত্তির প্রকৃত ওয়ারিশদের নামে নামজারি করে খতিয়ান সৃজন করা ও খাজনা গ্রহণ করার জন্য সরকার পরপর দুইবার পরিপত্র জারি করেছে। এর পরও ভূমি অফিসের কিছু কর্মকর্তা সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে গড়িমসি করছে। অবিলম্বে খতিয়ান সৃজন করে খাজনা গ্রহণ করা না হলে আন্দোলন গড়ে তোলা হবে।
ফ্রোবেল বিদ্যালয়ের বার্ষিক অনুষ্ঠান
ফ্রোবেল প্লে বিদ্যালয়ের বার্ষিক ‘গ্রেজুয়েশন সিরমনি ২০১৪’ ১৭ মে নগরের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের শিক্ষার্থীরা নাচ, গান ও নাটিকা পরিবেশন করে। এ ছাড়া বিএসআরএম গ্রুপ পরিচালিত বুরহানী বিএসআরএম ফ্রি স্কুলের ছাত্রছাত্রীরাও একটি নাটিকাতে অংশ নেয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের অধ্যক্ষ হাওড়া জোহাইর। তিনি বিদায়ী শিক্ষার্থীদের সুন্দর, উজ্জ্বল ও আলোকিত পথে চলার আহ্বান জানান। এরপর বিদ্যালয়ের ছয়জন শিক্ষিকা ও ছয়জন গ্রাউন্ড স্টাফকে সম্মাননা এবং কেজি টু-এর শিক্ষার্থীদের ক্রেস্ট ও সনদ দেওয়া হয়। বিজ্ঞপ্তি।
নওজোয়ানের উদ্যোগে প্রতিবন্ধীদের শিক্ষাবৃত্তি ও সহায়ক উপকরণ বিতরণ
পটিয়ার খানমোহনা গেটঘরস্থ প্রতিবন্ধী রিসোর্স সেন্টারে প্রতিবন্ধীদের মধ্যে শিক্ষাবৃত্তি ও সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে সম্প্রতি। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক ফরিদা ইয়াসমিন। অতিথি ছিলেন পূবালী ব্যাংক লিমিটেডের ভাইস চেয়ারম্যান ফাহিম আহমেদ ফারুক চৌধুরী, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) সদস্য আ ম ম টিপু সুলতান চৌধুরী, কাজী আলী আকবর, নওজোয়ানের প্রধান নির্বাহী মো. ইমাম হোসেন চৌধুরী ও জাপানি স্বেচ্ছাসেবক ইয়োতা হরিকোশি।
অনুষ্ঠানে ৪৫ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি ও একজনকে হুইলচেয়ার দেওয়া হয়। বক্তারা বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের জনসম্পদে পরিণত করলে নিজের ও দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে পারবে। বিজ্ঞপ্তি।
বিশ্ব মাসিক স্বাস্থ্যবিধি দিবস উদ্যাপিত
নগরের তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রথমবারের মতো বিশ্ব মাসিক স্বাস্থ্যবিধি দিবস উদ্যাপিত হয়েছে। উন্নয়ন সংগঠন পপুলেশন সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টার (পিএসটিসি) পরিচালিত ইউনাইট ফর বডি রাইটস (ইউবিআর) প্রকল্পের আওতায় নগরের তিনটি শিক্ষা প্রতিষ্ঠানে এ কর্মসূচি উদ্যাপিত হয়।
২৮ মে সকাল ১১টায় নগরের মতিঝর্ণায় অবস্থিত ইউসেপ বিদ্যালয়, পূর্ব বাকলিয়া সিটি করপোরেশন বালিকা বিদ্যালয় এবং আশেকানে আউলিয়া ফাজিল মাদ্রাসা এই তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে মাসিক স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন তথ্য তুলে ধরা হয়। এ বিষয়ে বিভিন্ন শিক্ষামূলক উপকরণ শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়।
নারীদের স্বাস্থ্যগত এই দিনটি নিয়ে ইউসেপ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকদের সঙ্গে প্রকল্পের কর্মীরা মতবিনিময় করেন। মতবিনিময় সভায় মাসিক ব্যবস্থাপনা, স্বাস্থ্যবিধি, খাদ্যাভ্যাস ও এ-সম্পর্কিত কুসংস্কার নিয়ে আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন ইউসেপ বিদ্যালয়ের সহকারী প্রশাসক সাইফুল ইসলাম, পিএসটিসির আঞ্চলিক সমন্বয়কারী সৈয়দ মো. নুর উদ্দিন, পিএসটিসির কর্মকর্তা নূর মো. ফেরদৌস, নাসিমা আক্তার, আসমা আক্তার ও সুজন ভট্টাচার্য এবং বিদ্যালয়ের অভিভাবক ও শিক্ষার্থীরা। বিজ্ঞপ্তি।
চকরিয়ায় আন্তর্জাতিক প্রাণ ও জীববৈচিত্র্য দিবস পালন
কক্সবাজারের চকরিয়ায় ক্লাইমেট রিজিলিয়েন্ট ইকোসিস্টেমস অ্যান্ড লাইভলিহুডেসর (ক্রেল) উদ্যোগে ২২ মে আন্তর্জাতিক প্রাণ ও জীববৈচিত্র্য দিবস উদ্যাপিত হয়েছে। আলোচনা সভা, শোভাযাত্রা ও কুইজ প্রতিযোগিতাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মেধাকচ্ছপিয়া জাতীয় উদ্যান সহব্যবস্থাপনা কমিটির (সিএমসি) সভাপতি মীর আহমদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাঈন উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ক্রেল প্রকল্পের যোগাযোগ কর্মকর্তা বিশ্বজিত সেন, ক্রেল চশরিয়ার তদারক কর্মকর্তা আব্দুল কাইয়ুম। বক্তব্য দেন প্রকল্প কর্মকর্তা গাওহার উদ্দিন, সাইদুল ইসলাম, মান্তাসা ইব্রাহিম, বিবি মরিয়ম, মাহবুব আলম প্রমুখ। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন আব্দুল কাইয়ুম।
সভায় বক্তারা বলেন, বর্তমানে দ্বীপগুলো নিরাপদ নয়। অতিরিক্ত জনসংখ্যা, মাত্রাতিরিক্ত মৎস্য আহরণ ও অনিয়ন্ত্রিত পর্যটনের কারণে নষ্ট হচ্ছে দ্বীপের জীববৈচিত্র্য। আলোচনা সভা শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। —চকরিয়া প্রতিনিধি