এই নগরে-দূরগ্রামে
প্রথম আলো জবসের উদ্যোগে ফরেন এক্সচেঞ্জবিষয়ক কর্মশালা ২৭ জুন
প্রথম আলো জবসের উদ্যোগে ফরেন এক্সচেঞ্জ ও ট্রেজারি ম্যানেজমেন্টবিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ২৭ জুন শুক্রবার অনুষ্ঠিত হবে। সরকারি-বেসরকারি ব্যাংকের কর্মকর্তা, কোষাগার ব্যবস্থাপক ও আর্থিক প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিরা প্রশিক্ষণে অংশ নিতে পারবেন। এ বিষয়ে বিস্তারিত ফোনে (০১৭২৫-৩৯৫১৭৪) জানা যাবে। বিজ্ঞপ্তি।
বন্দর ট্রাকমালিক ও ঠিকাদার সমিতির শপথ গ্রহণ
চট্টগ্রাম বন্দর ট্রাকমালিক ও কন্ট্রাকটর অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কার্যকরী পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠান ১৮ জুন অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের নিমতলা ট্রাক টার্মিনাল কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাইফুল আলম চৌধুরী। অনুষ্ঠান পরিচালনা করেন ওয়াহিদ উল্লাহ সরকার। শপথবাক্য পাঠ করান এ কে এম আখতার হোসেন।
শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহাম্মদ আমিন, আবদুর রশিদ, সুলতান আহাম্মদ, বদরুদ্দিন আহাম্মদ, রাশেদ আহাম্মদ, আবুল কালাম আজাদ, অলি আহাম্মদ, মো. শফি প্রমুখ। বিজ্ঞপ্তি।
শাহরিয়ার খালেদের সংগীতসন্ধ্যা ২৪ জুন
একাডেমি ফর সাউথ এশিয়ান কালচারাল হেরিটেজ-এর উদ্যোগে ২৪ জুন মঙ্গলবার সন্ধ্যা সাতটায় নগরের থিয়েটার ইনস্টিটিউট (টিআইসি) মিলনায়তনে এক সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে উপমহাদেশের সংগীতজগতের কিংবদন্তি মোহাম্মদ রফি, মেহেদী হাসান, তালাত মাহমুদ, নওশাদ ও জগজিৎ সিংসহ বিভিন্ন শিল্পীর গাওয়া গান পরিবেশন করবেন শিল্পী শাহরিয়ার খালেদ। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত থাকবে। বিজ্ঞপ্তি।
রাঙ্গুনিয়ার রোয়াজারহাট ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন
রাঙ্গুনিয়ার রোয়াজারহাট বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির ত্রিবার্ষিক নির্বাচন ১৭ জুন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত চলে ভোট। নির্বাচন পরিচালনার কমিটির দায়িত্বে ছিলেন মো. নাজিম উদ্দিন, আইয়ুব রানা ও নজরুল ইসলাম।
নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ ইলিয়াছ। এ ছাড়া সাংগঠনিক সম্পাদক পদে আবুল কালাম, প্রচার সম্পাদক টিপু চৌধুরী, সমাজকল্যাণ সম্পাদক সিরাজুল ইসলাম, ধর্ম সম্পাদক আবদুল শুক্কুর, সদস্য জামাল উদ্দিন, দিদারুল আলম, গাজী মো. বেলাল নির্বাচিত হয়েছেন। এদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সহসভাপতি পদে বিকে লিটন চৌধুরী, সাধারণ সম্পাদক রাসেল চৌধুরী, যুগ্ম সম্পাদক মুবিন লাহিড়ী, সেকান্দর হোসেন, অর্থ সম্পাদক সালাউদ্দিন চৌধুরী ও দপ্তর সম্পাদক মো. ইলিয়াছ। —রাঙ্গুনিয়া সংবাদদাতা
শিল্পকলায় পরিবেশ রক্ষায় ১২ শিল্পীর প্রদর্শনী
চট্টগ্রামের ১২ জন শিল্পীর শিল্পকর্ম নিয়ে শিল্পকলা একাডেমীর আর্ট গ্যালারিতে গতকাল ২১ জুন শেষ হলো ‘এই ধরিত্রী আমারও’ শিরোনামের চার দিনব্যাপী প্রদর্শনী। এলিট পেইন্ট ও সুপার গ্রুপের আয়োজনে ১৮ জুন পরিবেশবাদী এই প্রদর্শনীর উদ্বোধন করেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেন। তিনি বলেন, চিত্রপ্রদর্শনীর মাধ্যমে পরিবেশ রক্ষায় তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করেছেন শিল্পীরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের পরিচালক নাসিমা আখতার। নূরে আকবর চৌধুরীর সঞ্চালনায় এতে বক্তব্য দেন শিল্পী মনসুর-উল-করিম, সৈয়দ সাইফুল করিম, জাহেদ আলী চৌধুরী, শায়লা শারমিন, সৌমেন দাশ, এলিট পেইন্ট গ্রুপ অব কোম্পানিজের পরিচালক রাবেজ আহমেদ এবং সুপার গ্রুপ অব কোম্পানিজের উপ-ব্যবস্থাপনা পরিচালক সাজির আহমেদ। বিজ্ঞপ্তি।
জনতা ব্যাংকের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
২০১৩ সালের এসএসসি, এইচএসসি ও বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী জনতা ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের সংবর্ধনা ও পদক বিতরণী অনুষ্ঠান ১৯ জুন বিকেলে আগ্রাবাদের বিভাগীয় কার্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক আবু নাসের চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে চট্টগ্রাম ‘এ’ অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক মোবারকুল ইসলাম, লালদীঘি ইস্ট করপোরেট শাখার উপমহাব্যবস্থাপক তাজুল ইসলাম, শেখ মুজিব রোড করপোরেট শাখার উপমহাব্যবস্থাপক হুমায়ুন কবির চৌধুরী ও চট্টগ্রাম ‘সি’ অঞ্চলের উপমহাব্যবস্থাপক মো. কামরুল আহছান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রত্যেক কৃতী সন্তানকে একটি করে পদক, সনদপত্র ও ১০ হাজার টাকার প্রাইজবন্ড প্রদান করা হয়।
ব্যাংকের বিভিন্ন স্তরের কর্মকর্তা, কর্মচারী ও অভিভাবকদের উপস্থিতিতে পদকপ্রাপ্ত কৃতী সন্তানদের পক্ষ থেকে বক্তব্য রাখে ফাতেমা তুজ জোহেরা, হামিম চৌধুরী ও এস এম সাফোয়ান-উল-ইসলাম। অভিভাবকদের পক্ষ থেকে মো. দিদারুল আলম চৌধুরী, এ কে এম আশরাফুল মাওলা চৌধুরী, আলেয়া বেগম ও সৈয়দা ফকরুন নিগার অনুভূতি ব্যক্ত করেন। সভায় ধন্যবাদ জ্ঞাপন করেন বিভাগীয় কার্যালয় চট্টগ্রামের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ নূরুস ছফা। বিজ্ঞপ্তি
এমডিসির ডে-আউটিং অনুষ্ঠান ও আনন্দলোক প্রকল্প উদ্বোধন
চট্টগ্রামের আবাসনপ্রতিষ্ঠান মাওলানা ডেভেলপমেন্ট কোম্পানির (এমডিসি) ডে-আউটিং অনুষ্ঠান ১৫ জুন আগ্রাবাদের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। এ ছাড়া পরদিন ১৬ জুন চকবাজার কাপাসগোলার মকবুল সওদাগর সড়কে আরও একটি প্রকল্প ‘এমডিসি আনন্দলোক’-এর উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন চকবাজার ওয়ার্ড কাউন্সিলর সাইয়েদ গোলাম হায়দার, শাহজাদায়ে গাউসুল আজম শাহ সুফি সৈয়দ সাইফুদ্দিন মাইজভান্ডারি, এমডিসির ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল কাদের জিলানি, প্রধান পরিচালন কর্মকর্তা মুহাম্মদ আছরার ও প্রকল্পের ভূমি মালিকেরা
নয়তলার এই প্রকল্পের প্রতি তলায় ১১৫০, ১১৭৫, ১২৭১ ও ১৩০০ বর্গফুটের চারটি করে ৩০টি ফ্ল্যাট রয়েছে। এতে রয়েছে উন্নতমানের সব সুযোগ-সুবিধা। বিজ্ঞপ্তি।
বৃষ্টির পানি ব্যবহারবিষয়ক সেমিনার
সুপেয় পানির সংকট মোকাবিলায় বৃষ্টির পানি ধারণ এবং ব্যবহারের ওপর জোর দিয়েছেন নগরে অনুষ্ঠিত এক সেমিনারের বক্তারা। গত রোববার দুপুরে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) মিলনায়তনে বেসরকারি সংস্থা দুস্থ স্বাস্থ্যকেন্দ্র (ডিএসকে) আয়োজিত সেমিনারে বক্তারা এই মত ব্যক্ত করেছেন।
‘বৃষ্টির পানি ধারণ, সংরক্ষণ, ব্যবহার, ব্যবস্থাপনা ও আমাদের সম্ভাবনাময় পথ চলা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি ছিলেন সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন চুয়েট শিক্ষার্থী রুমান রায়।
বক্তারা বলেন, অপরিকল্পিত নগরায়ণের ফলে ভূর্গভস্থ পানির স্তর দিন দিন নিচে নেমে যাচ্ছে। এর ফলে সুপেয় পানির সংকট বেড়ে যাচ্ছে।
সুপেয় পানির সংকট মোকাবিলা এবং ভূগর্ভস্থ পানির বিকল্প উৎস সৃষ্টির লক্ষ্যে বৃষ্টির পানি ধরে রাখার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
বক্তারা বলেন, বৃষ্টির পানির সর্বোচ্চ ব্যবহার ও ব্যবস্থাপনা নিশ্চিত করা আমাদের আগামী প্রজন্মের জন্য আবশ্যক। বর্তমান বিল্ডিং কোডে বৃষ্টির পানি সংরক্ষণের প্রয়োজনীয়তার উল্লেখ থাকলেও বাস্তবায়নের নজির নেই। তাঁরা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে এদিকে নজর দেওয়ার আহ্বান জানান।
এতে বক্তব্য দেন চট্টগ্রাম ওয়াসার বোর্ড সদস্য ও ওয়ার্ড কাউন্সিলর আঞ্জুমান আরা বেগম, চট্টগ্রাম ওয়াসার উপপ্রধান উন্নয়ন প্রকৌশলী এজাজ রসুল, ওয়াটার এইড বাংলাদেশের প্রকল্প ব্যবস্থাপক শামীম আহম্মেদ প্রমুখ। —নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগ নেতা ইলিয়াছ মিয়ার স্মরণসভা
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন বলেন, অ্যাডভোকেট মো. ইলিয়াছ মিয়া ছিলেন একজন সৎ, পরিচ্ছন্ন রাজনীতিক ও দক্ষ ক্রীড়া সংগঠক। দল ও দেশের জন্য তিনি ছিলেন নিবেদিতপ্রাণ। সমাজের উন্নয়নেও তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
আওয়ামী লীগ নেতা ও পাঁচলাইশ যুব সংঘের সাবেক চেয়ারম্যান মো. ইলিয়াছ মিয়ার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ১২ জুন পাঁচলাইশ যুব সংঘ প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মো. ইলিয়াস মিয়া স্মৃতি সংসদের সভাপতি সেলিম রনি। আলোচনা সভার আগে ছিল খতমে কোরআন, দোয়া মাহফিল ও কবরে পুষ্পমাল্য অর্পণের কর্মসূচি।
সংগঠনের সাধারণ সম্পাদক আবু সাদাত মো. সায়েমের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আব্দুচ ছালাম, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ, পাঁচলাইশ যুব সংঘের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খোরশেদ আলম চৌধুরী, সাপ্তাহিক চট্টলার সম্পাদক জি এম শাহাবুদ্দীন খান, পাঁচলাইশ ওয়ার্ড আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি কফিল উদ্দীন খান ও পাঁচলাইশ যুব সংঘের চেয়ারম্যান মনজুর আলম চৌধুরী। বিজ্ঞপ্তি।