এই নগরে-দূরগ্রামে
শিল্পকলা একাডেমীর আয়োজনে সপ্তাহব্যাপী সংগীতবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
বাংলাদেশ শিল্পকলা একাডেমীর আয়োজনে সপ্তাহব্যাপী উচ্চাঙ্গ সংগীতবিষয়ক কর্মশালা ১৬ জুন চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমীতে শেষ হয়। কর্মশালা উদ্বোধন করেন চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। জেলা সাংস্কৃতিক কর্মকর্তা মোসলেম উদ্দিনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিল্পকলা একাডেমীর কার্যনির্বাহী কমিটির সদস্য সাইফুল আলম। কর্মশালা পরিচালনা করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর প্রশিক্ষণ বিভাগের কোর্স সমন্বয়কারী শহীদুজ্জামান। কর্মশালায় ৮৫ জন শিক্ষার্থী অংশ নেন। বিজ্ঞপ্তি।
ফিনলে বি এস পার্কের অ্যাপার্টমেন্ট হস্তান্তর
নগরের পাঁচলাইশে অবস্থিত ফিনলে প্রপার্টিজ লিমিটেডের আবাসন প্রকল্পের অধীনে নির্মিত ফিনলে বি এস পার্কের অ্যাপার্টমেন্ট মালিকদের হাতে হস্তান্তর করা হয়। এ উপলক্ষে ২৫ জুন নগরের একটি রেস্তেরাঁয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মোফাখখারুল ইসলাম। এতে উপস্থিত ছিলেন বি এস পার্ক প্রকল্পের ভূমি-মালিক মাহমুদ এ চৌধুরী ও অ্যাপার্টমেন্টের মালিকেরা। অনুষ্ঠানে সময়মতো ফ্ল্যাট হস্তান্তর করায় মালিকেরা ফিনলে কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। বিজ্ঞপ্তি।
কমলকুমারের জন্মশতবর্ষ উপলক্ষে আলোচনা সভা
সুহাসিনীর পমেটম, গোলাপ সুন্দরী, অন্তর্জলী যাত্রাসহ বহু সার্থক উপন্যাস ও ছোটগল্পের রচয়িতা কমলকুমার মজুমদারের জন্মশতবর্ষ উপলক্ষে ১৩ জুন সন্ধ্যা ছয়টায় আলোচনা সভার আয়োজন করে ছোট পত্রিকা খড়িমাটি। নগরের চেরাগি পাহাড় মোড়ের চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে ‘এখনো কোথাও মায়া রহিয়া গেল’ শিরোনামে আয়োজিত অনুষ্ঠানে আলোচনা করেন কবি শোয়াইব জিবরান, কথাসাহিত্যিক মহীবুল আজিজ ও কামরুজ্জামান জাহাঙ্গীর। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন খড়িমাটি সম্পাদক মনিরুল মনির।
অনুষ্ঠানে আবৃত্তিশিল্পী রাশেদ হাসান কমলকুমারের রচনা থেকে পাঠ করেন। অতিথি আলোচক শোয়াইব জিবরান বলেন, ‘আমাদের বটতলার পুঁথির আঙ্গিক কমলকুমার উপন্যাসে ব্যবহার করেছেন। তিনি বাংলা কথাসাহিত্যে নতুন ভাষা বিনির্মাণ করেছেন। এই ভাষা সাধারণ আমজনতারই ভাষা।’
মহীবুল আজীজ বলেন, কমলকুমার বাংলা সাহিত্যের বিশ্বমানের লেখক। তিনি ঔপনিবেশিক ইংরেজি ধারার বাংলা গদ্য থেকে বেরিয়ে এসে নতুন ধারা নির্মাণ করেছেন। কামরুজ্জামান জাহাঙ্গীর বলেন, কমলকুমারের রচনায় একটা অমৃত বাণী ছিল। সেটা ধর্ম ও সম্প্রদায়গত ঐক্যের চেয়েও অধিক কিছু। তাঁর মানবিকতা বোধ পাঠককে ভাবনার নতুন স্তরে নিয়ে যায়। বিজ্ঞপ্তি।
ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ে বিতর্ক কর্মশালা
ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ে দুদিনব্যাপী বিতর্ক কর্মশালা ২০ জুন শেষ হয়েছে। এই কর্মশালা আয়োজন করে ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি। সার্বিক তত্ত্বাবধানে ছিল দৃষ্টি চট্টগ্রাম। দৃষ্টির সহসম্পাদক কাজী আরফাত ও বিতার্কিক জুয়েল চৌধুরী কর্মশালায় প্রশিক্ষণ দেন। কর্মশালা শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের চারটি দল সংসদীয় বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এতে বিচারক ছিলেন দৃষ্টির সদস্য রবিউল হোসেন, মাহফুজুর রহমান, মানসিব তাহসিন, আশরাফুল ও তন্ময় বড়ুয়া।
সমাপনী অনুষ্ঠানে অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সাফায়েত কবির চৌধুরী ও দৃষ্টি চট্টগ্রামের সভাপতি মাসুদ বকুল । সভাপতিত্ব করেন ডিবেট ক্লাবের মডারেটর শেহরিন আহমেদ। বক্তারা বলেন, যুক্তির আলোয় উদ্ভাসিত হোক তারুণ্য। বিতর্কের মাধ্যমে সবার মধ্যে ছড়িয়ে পড়ুক সেই আলো। বিজ্ঞপ্তি।
ফেনীর সিমেন্ট ব্যবসায়ীদের মধ্যে ডায়মন্ড সিমেন্টের গাছের চারা বিতরণ
ফেনী জেলার সিমেন্ট ব্যবসায়ীদের মধ্যে বিনামূল্যে গাছের চারা বিতরণ করেছে ডায়মন্ড সিমেন্ট। ২১ জুন স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে ফেনী জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম এবং ডায়মন্ড সিমেন্টের পরিচালক বিশিষ্ট শিল্পপতি লায়ন হাকিম আলী এই চারা বিতরণ করেন।
ফেনীর বিশিষ্ট ব্যবসায়ী মো. নুরুল আবসারের সভাপতিত্বে অনুষ্ঠানে সদর উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা মো. আজিজুল হক, ডায়মন্ড সিমেন্টের এজিএম (মার্কেটিং) এম এ রহিম, ম্যানেজার (মার্কেটিং) মো. কামরুজ্জামান ও আঞ্চলিক বিপণন কর্মকর্তা সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।
ডায়মন্ড সিমেন্টের পরিচালক হাকিম আলী বলেন, এই কর্মসূচির আওতায় চট্টগ্রাম বিভাগের প্রতিটি জেলা এবং গুরুত্বপূর্ণ উপজেলায় সিমেন্ট ব্যবসায়ীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হবে ।
অনুষ্ঠানে ফেনী জেলার প্রত্যন্ত এলাকা থেকে আগত ডিলার, রিটেইলারসহ দুই শতাধিক সিমেন্ট ব্যবসায়ীর মধ্যে বিভিন্ন বনজ, ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি।
ধলই-গুমানমর্দ্দন সড়ক পুনর্নির্মাণের দাবি
হাটহাজারী ধলই-গুমানমর্দ্দন সড়ক পুনর্নির্মাণের দাবিতে ৬ জুন মানববন্ধন ও সমাবেশ করেছে স্থানীয় লোকজন। সমাবেশে বক্তব্য দেন ধলই-গুমানমর্দ্দন সড়ক উন্নয়ন সংগ্রাম কমিটির সদস্য শফিউল আলম, আরিচ আহমেদ শাহ্, আবুল হোসেন, মোস্তফা কামাল, দ্বীন মোহাম্মদ, সাইফুল ইসলাম, সেলিম উদ্দিন, সৈয়দ এনামুল হক, লোকমান হোসেন, গাজী জাহেদুল ইসলাম, মুসলিম উদ্দিন প্রমুখ।
বক্তারা বলেন, ছয় কিলোমিটারের সড়কটিতে ২০০১ সালের পর আর কোনো সংস্কার কাজ হয়নি। ছোট-বড় গর্তে ভরা এ সড়কে বৃষ্টি হলে বেহাল অবস্থার সৃষ্টি হয়। কিন্তু তার পরও সড়ক সংস্কারে পদক্ষেপ নিচ্ছে না স্থানীয় প্রশাসন।
কর্মসূচিতে স্থানীয় নবজাগরণ সংঘ, নূরে মদিনা হেফজ ও এতিমখানা, ধলই সোনাই তৈয়বিয়া মাদ্রাসা, ধলই কদলপাড়া প্রাথমিক বিদ্যালয়, জিন্নাত আলী শাহ্ মাজার কমিটি, মাইজপাড়া প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের কর্মীরা অংশ নেন। বিজ্ঞপ্তি।
সোনালী ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের চট্টগ্রাম জেলা কমিটির প্রতিনিধিসমাবেশ
সোনালী ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের চট্টগ্রাম জেলা কমিটির প্রতিনিধিসমাবেশ ১৭ জুন আগ্রাবাদের সোনালী ব্যাংক ভবনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোবারক শাহ। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি শেখ জামাল উদ্দিন। প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক আবদুল গফুর। সমাবেশে চট্টগ্রাম জেলা, রাঙামাটি, পটিয়া ও কক্সবাজারের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বক্তব্য দেন জিয়া উদ্দিন চৌধুরী, মো. আবু জাহেদ, মো. নাছির উদ্দিন, গোলাম ছোবহান প্রমুখ।
প্রধান অতিথি বলেন, ব্যাংকিং সেক্টরে অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে এনে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিজ্ঞপ্তি।
পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বাজেট ঘোষণা
পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ২০১৪-১৫ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয় ২৫ জুন। বাজেট ঘোষণা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান জহির আহমেদ। বাজেটে শিক্ষা, গবেষণা, ল্যাবরেটরি, লাইব্রেরি ও ছাত্রকল্যাণ খাতকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট এ কে এম এনামুল হক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য মো. মিজানুর রহমান, উপাচার্য মো. নুরল আনোয়ার, ফ্যাকাল্টি অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিন মফজল আহমেদ, রেজিস্ট্রার মো. ওবায়দুর রহমান, পরীক্ষানিয়ন্ত্রক মো. সেলিম হোসেন, প্রক্টর আসিফ মাহবুব করিমসহ শিক্ষক ও কর্মকর্তারা। বিজ্ঞপ্তি।
দাগনভূঞা ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটির কমিটি গঠিত
দাগনভূঞার সামাজিক সংগঠন ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটির ২০১৪-১৫ সালের কার্যকরী কমিটি গঠিত হয়েছে। সম্প্রতি সংগঠনের সদস্যদের এক বৈঠকে এম শরীফ ভূঞাকে সভাপতি ও নবীউল হককে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।
এ ছাড়া সহসভাপতি পদে ইসমাঈল হোসেন, হোসনে মোবারক, সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মারুফ, মো. আরিফুর রহমান, মাসুদ কবির, কৃষিবিষয়ক সম্পাদক ফজলুল হক, প্রযুক্তিবিষয়ক সম্পাদক জানে আলম, যুববিষয়ক সম্পাদক আতাউর রহমান, প্রচার সম্পাদক মো. ইউছুপ, ছাত্রবিষয়ক সম্পাদক কাজী ইফতে খায়রুল আলম, ক্রীড়া সম্পাদক ফেরদৌস হোসেন মাহমুদ, সাহিত্য সম্পাদক শেখ রহমান, কার্যনির্বাহী সদস্য আবু ছায়েদ প্রমুখ। বিজ্ঞপ্তি।
শিক্ষাবিদ আবুল হাশেম মাস্টারের নাগরিক শোকসভা
হাটহাজারী উপজেলার শিক্ষাবিদ ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আবুল হাশেম মাস্টারের মৃত্যুতে ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ, ছাত্রলীগের যৌথ উদ্যোগে নাগরিক শোকসভা ১১ জুন সন্ধ্যায় ফতেপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী পেশাজীবী লীগের সদস্যসচিব মোহাম্মদ শামীমের সভাপতিত্বে ও দেলোয়ার হোসাইনের পরিচালনায় অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন হাটহাজারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মো. ইসমাইল। বিজ্ঞপ্তি।
মৃত্যুবার্ষিকী
বিন্দু রাণী দেবী
পটিয়া আবদুর রহমান সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষিকা বিন্দু রাণী দেবীর ১১তম মৃত্যুবার্ষিকী আগামীকাল সোমবার তাঁর পটিয়া সুচক্রদণ্ডী গ্রামের বাড়িতে পালিত হবে।
এ উপলক্ষে সুচক্রদণ্ডী পল্লিমঙ্গল সমিতি শোকসভার আয়োজন করেছে। শোকসভায় শিক্ষিকার দীর্ঘ ২৫ বছরের শিক্ষকতা জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে।
উল্লেখ্য, প্রয়াত শিক্ষিকা বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক কর্মকর্তা রণজিৎ কুমার সেনের স্ত্রী ও পটিয়া পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর রূপক সেনের মা। বিজ্ঞপ্তি।