এই নানে নান্দনিকতা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘদিন অপেক্ষায় থাকার পর দেখলাম দ্য নান। এর আগে কাবাব, খাসির রোস্ট, ডাল-ভাজি দেখে প্রত্যাশা বেড়ে গিয়েছিল। সেই তুলনায় দ্য নান দেখে হতাশ হতে হলো। যদিও ঘটনাপ্রবাহ অনুযায়ী কাবাব-এর আগেই দ্য নান আসার কথা ছিল। অতএব, নানকে কাবাব-এর ‘প্রিকুয়্যেল’ বলা যায়।

দ্য নান-এর প্রধান চরিত্র নান রুটিটির গায়ে পোড়া কালো কালো দাগ। হঠাৎ করে দেখে পিলে চমকে গেছে। ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম! কিন্তু ওই খানিকটা পোড়া দাগ ছাড়া বাকি অংশটা একেবারেই ম্যাড়মেড়ে। তার ওপর পার্শ্বচরিত্রে কালো কড়াইটা বেমানান লাগল। সঙ্গে শসা নেই, লেটুস নেই, পেঁয়াজ নেই। নান্দনিকতার বড় অভাব!

ময়দাগুলো চরিত্রের সঙ্গে ঠিকমতো মিশতে পারেনি। ফলে নানটি কোথাও ফুলে ফুলে আছে, কোথাও আবার ঝুলে পড়েছে। খামিরটা আরও ভালো হতে পারত। এ রকম দু-একটা অসংগতি বাদ দিলে দ্য নান মোটামুটি উতরে গেছে বলতে হবে। কালার গ্রেডিংয়ের কাজ আন্তর্জাতিক মানের। সাদা আর হলুদের একটা হালকা আবহ চোখ জুড়িয়ে দেয়।

আজকাল হিট খাবার বানাতে অনেকেই অনেক ফর্মুলা অনুসরণ করতে শুরু করেছে। অশালীন (পড়ুন অস্বাস্থ্যকর) তেল ব্যবহারে খাবার হারাচ্ছে তার মান। সেই তুলনায় এই নানে বাড়তি কিছুর ব্যবহার হয়নি। যা চোখকে স্বস্তি দিয়েছে।

আকৃতির দিক দিয়ে দ্য নান-এর কারিগর বেশ মুনশিয়ানার পরিচয় দিয়েছেন। গোলাকার নয়, খানিকটা ডিম্বাকৃতির এই নান নিশ্চয়ই দর্শককে ভিন্নতার স্বাদ দেবে। পোড়া দাগগুলো হৃদয়কে আন্দোলিত করবে, ভাবাবে। বাঁ দিক থেকে খেয়াল করলে দেখবেন, প্রথমে ছোট্ট একটা পোড়া দাগ। তারপর দাগটা একটু বড় হলো, তারপর আরও বড়। দেখে মনে পড়ে যায় সেই কালজয়ী গান, ‘আমাকে পোড়াতে যদি এত লাগে ভালো। জ্বালো আগুন আরও জ্বালো, ঢালো আরও ব্যথা ঢালো...’। আহ্, কী আশ্চর্য ইন্টেলেকচুয়াল মন্তাজ! সব মিলিয়ে দ্য নান পরিবারের সবাইকে নিয়ে দেখার মতো একটি ছবি, সেটা বলতেই হয়।