এই পরবাসে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তখন নতুন চাকরি নিয়ে এসেছি আনকোরা এক শহরে। কোনো চেনা মানুষ নেই। সামনে ঈদ। মনে হলো ছুটি নিয়ে কী হবে; বরং ঈদের দিন মসজিদে নামাজ পড়ে অফিসে চলে যাব। যেই ভাবা, সেই কাজ। ম্যানেজারকে আগে থেকে জানিয়ে রাখলাম। দেশের বাইরে এসে দেখেছি, এখানে নারী-পুরুষ সবাই সারি বেঁধে মসজিদে ঈদের নামাজ পড়তে যান। ভাবলাম আর কিছু না করি, অন্তত ঈদের দিনে নামাজ তো পড়া হলো। নামাজ শেষে বেরিয়ে এসে শুনলাম বাইরে অনেকগুলো কণ্ঠ বাংলায় কথা বলছে। মনে হলো নিশ্চয় ভুল শুনছি। এখানে এত বাঙালি আসবে কোথা থেকে? [দেশের বাইরে আসার পর অনেকবার কারও হিন্দিতে কথা বলাকে আমি বাংলা ভেবে ভুল করেছি। আসলে আমি যেসব শহরে থেকেছি, সেখানে তেমন বাঙালি ছিল না। কিন্তু মন উন্মুখ হয়ে থাকত বাংলা কথা শোনার জন্য। তাই হয়তো মনের টানে কান ভুল শুনত।] আর ভুল করা নয়। তাই ভালো করে কান পাতলাম। তবু মনে হলো বাংলায় কথা শুনছি। এবার একটু এগিয়ে গিয়ে পরিচিত হলাম। দেখি অনেক বাঙালি এখানে। নতুন এসেছি শুনে অনেকে সঙ্গে সঙ্গে ঈদের দাওয়াত দিয়ে দিলেন। সবাই এখন একেকজনের বাসায় যাওয়া শুরু করবেন। যে আমি এত দিন ভেবেছি, ঈদের দিন অফিসে যাওয়া বুদ্ধিমানের কাজ। সেই আমার বুক ফেটে যাচ্ছে অফিসে যেতে, তবু গেলাম। অফিসের কাজ করছি আর মনে মনে শুধু ভাবছি, দেশে সবাই এখন এটা করছে, ওটা খাচ্ছে। আর মনে মনে শপথ করলাম, যত যা-ই হোক, ঈদের দিনে কোনো অফিস নয়। আসলে আমাদের সত্তার সঙ্গে মিশে আছে ঈদ মানে আনন্দ, ঈদ মানে ছুটি—তাই অফিসে কাজের যত ব্যস্ততা থাকুক না কেন, এখন আমি সব সময় ঈদের দিনে ছুটি নেওয়ার চেষ্টা করি। অনেক অনেক মিস করি দেশে ফেলে আসা বাবা, মা, ভাই আর স্বজনদের। সামিনা মুস্তারীনযুক্তরাষ্ট্র।