এই বর্ষায় নতুন কিছু যাত্রীসেবার কথা ভেবেছেন মো. মিকসেতু গ্রাফিকসের কারিকুরি করে ধারণা দিলেন আবু হাসান
সাফল্যের সঙ্গে ৩০টির বেশি শহরে সার্ভিস দেওয়ার পর এবার আপনার শহরে এলো কুবের সিটিং সার্ভিস। যুক্ত হন কুবেরে। ফ্রি রাইড পেতে ‘সিটি করপোরেশন প্লে স্টোর’ থেকে এখনই কুবের অ্যাপটি ডাউনলোড করুন আর ইনভাইট করুন বন্ধুদের।

ভাড়া নয়, যাত্রীসেবাই আমাদের লক্ষ্য
ঢাকার রাস্তায় চড়িতে ভরসা রাখুন তরিতে

মাদমোসা সার্সা মাখালি ব্যানানা আত্রা...ইয়ে মানে, স্যার ও ম্যাডামেরা আইসা পড়েন, ডাইরেক মহাখালী, বনানী, উত্তরা...নো ফেয়ার মানে ভাড়া দেওয়া লাগবে না। আমি পাইরেট মানুষ, শুধু এয়ারপোর্টের কাস্টমস অফিসটা চেনায়া দিলেই হবে...আইসা পড়েন, গেল গেল...
পাইরেটস পরিবহন

প্রেমের ঘাট জয় করে এবার সদরঘাট মাতাতে এসে গেল সুজন মিয়ার সখী এক্সপ্রেস। এ সুযোগ সীমিত সময়ের জন্য। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে আমরা এখনো আনায় আনায় ভাড়া নিই। হ্যাঁ ভাই, এই সুযোগ হেলায় হারাবেন না!
ধুর, প্রেমের ঘাট, সদরঘাট কোনো জায়গাতেই তো কানের সোনা দেওয়ার মতো যাত্রী পাই না। যাই, মেয়েদের স্কুলের দিকে একটু নৌকাবাজি করে আসি।

বি.দ্র.: নারীরা কানের সোনা সাবধানে রাখবেন
ঢাকা-চট্টগ্রাম রুটে এসে গেল নতুন সেবা—এমভি টাইটানিক-২। টিকিট মূল্য সুলভ। তিন শ টাকার টিকিট পাচ্ছেন মাত্র এক শ টাকায়, শুধু কোম্পানির প্রচারের জন্য। ঝড়, বৃষ্টি, বন্যা...কোনো কিছুতেই ডুববে না আমাদের এই জাহাজ। আসনসংখ্যা সীমিত। আগে এলে আগে পাবেন ভিত্তিতে সিট বুকিং চলছে।
রোজ, দেখো, কী সুন্দর টলটলে পানি! বিয়ের পর আমরা কিন্তু ইতালির ভেনিসে আর যাচ্ছি না। পানির শহর তো দেখেই ফেললাম।
