এই বর্ষায় সার্ফিংয়ের হাতছানি
পর্যটনের মৌসুম নয়, তবু বর্ষায় ফুঁসে ওঠা সমুদ্রের সৌন্দর্য দেখতে কক্সবাজারে প্রতিদিনই হাজির হচ্ছেন পর্যটকেরা। বৃষ্টিস্নাত কক্সবাজার অনেকের কাছেই অচেনা। এর সঙ্গে যদি যোগ হয় সার্ফিংয়ের মজা তবে ভ্রমণে যোগ হতে পারে নতুন মাত্রা। অবশ্য সার্ফিংয়ের নাম শুনলেই চোখ কপালে তুলবেন অনেকেই। সার্ফিং, সে-তো কঠিন, দুঃসাহসিক জলক্রীড়া। কিন্তু তেমন কঠিন কোনো খেলা নয় সার্ফিং। সাঁতার জানা থাকলে, সামান্য প্রশিক্ষণ নিয়ে সাহস করে জলে নেমে পড়লেই হলো—এমন আশ্বাস দিয়েছেন বাংলাদেশের প্রথম সার্ফার জাফর আলম। জাফর আলম জানান, ঢেউয়ের সঙ্গে খেলা করাই সার্ফিং। ঢেউ না থাকলে সার্ফিং হয় না। বর্ষায় ঢেউ বেড়ে যায় বলে এটাই সার্ফিংয়ের উপযুক্ত সময়। কারা সার্ফিং করতে পারে? জাফর জানান, যে কেউ করতে পারে সার্ফিং। এ জন্য অবশ্য দুহাতে জোর থাকা চাই, সাঁতার জানা চাই আর সাহস থাকা চাই।সার্ফিং করতে হলে—সার্ফিংবোর্ডে শুয়ে প্রথমে দুই হাত দিয়ে পানি কেটে সামনে অগ্রসর হতে হয়। ঢেউ এলে বোর্ডের সামনের অংশে একটু চাপ দিয়ে নিচু হয়ে ঢেউ অতিক্রম করা যায়। কিছুদিন চেষ্টা করলে সার্ফিংবোর্ডের ওপর দাঁড়িয়েও ঢেউয়ের মাথায় উঠে জলকেলি করা সম্ভব। বোর্ড থেকে ছিটকে পড়লেও সমস্যা নেই। কারণ সার্ফিংবোর্ডটি যেকোনো এক পায়ের সঙ্গে রশি দিয়ে বাঁধা থাকে। চারটি যোগ্যতা: সার্ফিং শিখতে হলে চারটি যোগ্যতা থাকতে হবে। প্রথমটি হচ্ছে সাঁতার। সাঁতার জানলে সার্ফিংবোর্ড থেকে ছিটকে পড়লে সাঁতরে আবার বোর্ডে ওঠা যায়। দ্বিতীয় যোগ্যতা সাহস এবং তৃতীয়টি বুদ্ধিমত্তা। উত্তাল সাগর আর বড় বড় ঢেউ দেখে ভয় পেলে সার্ফিং করা সম্ভব হবে না। এ জন্য দরকার সাহস। বড় বড় ঢেউ মোকাবিলা করার কৌশল আবিষ্কার করতে বুদ্ধির জোরও থাকা চাই। চতুর্থ যোগ্যতা হলো শারীরিক শক্তি। কারণ শরীরে শক্তি না থাকলে ঢেউয়ের সঙ্গে যুদ্ধ করে টিকে থাকা কঠিন হয়ে পড়ে। যাঁরা মাদকদ্রব্য গ্রহণ করেন, এমনকি ধুমপান করেন, তাঁদের পক্ষে সার্ফিং করা সম্ভব হয় না। কারণ তাঁদের শারীরিক সক্ষমতা কম।নিরাপদ সৈকত: জাফর আলম জানান, বিশ্বের দীর্ঘতম এই সৈকত বালিতে পরিপূর্ণ। ঢেউ থাকে বেশি, ঢেউয়ের আকারও বড়। বিশ্বের বেশির ভাগ সৈকত পাথর ও প্রবালস্তুপে পরিপূর্ণ। সার্ফিং করা সেখানে অনেকটা ঝুঁকিপূর্ণ। শরীর কেটে যায়। সার্ফিংবান্ধব হিসেবে কক্সবাজার সৈকত পরিচিতি পেলে বিদেশি সার্ফাররা দলে দলে ছুটে আসবেন সার্ফিং করতে। তবে বাংলাদেশে কোথাও সার্ফিংবোর্ড পাওয়া যায় না। বিদেশ থেকে কিনে আনতে হয়। সার্ফিংবোর্ড ঢেউয়ের আঘাতে ভেঙে গেলে মেরামতও করা যায় না। বড় আকৃতির সার্ফবোর্ড ২৮- ৩০ হাজার টাকা, ছোট ২৩-২৪ হাজার টাকা। দেশে সার্ফিংবোর্ড সহজলভ্য করা গেলে পর্যটকেরাও সার্ফিংয়ে উৎসাহিত হবেন।