এই বল সেই বল

বুলি মাটির বল
ক্রিকেটের ২২ গজ মাপের পিচ তৈরিতে ব্যবহৃত হয় বিশেষ কিছু মাটি। অস্ট্রেলিয়ার সিডনি ক্রিকেট গ্রাউন্ডের পিচ তৈরি হয় বুলি মাটি দিয়ে। শুরুতে কিছু বলও তৈরি হয়েছিল বুলি মাটি দিয়ে। এই মাটি আসে অস্ট্রেলিয়ার উলংগং অঞ্চলের উত্তরের শহরতলি বুলি থেকে। ছবির এ বলটিও বুলি মাটি দিয়ে তৈরি। স্মৃতিচিহ্ন হিসেবে এটা সংরক্ষণ করেছিলেন স্বয়ং স্যার ডন ব্র্যাডম্যান। ১৯৩০ সালে এই বলটা পিটিয়েই তো অপরাজিত ৪৫২ রানের ইনিংস খেলেছিলেন এই কিংবদন্তি।

লাল বল
এই বলটাই ক্রিকেটের প্রতীক হয়ে উঠেছে। সাদা বলের খেলা বেশি হলেও এখনো ক্রিকেটের বল বললে লাল বলের কথাই চোখে ভাসে বেশির ভাগ ক্রিকেটপ্রেমীর। ছবির এই বলটি ১৯৪৭-৪৮ সালে অনুষ্ঠিত অস্ট্রেলিয়া-ভারত টেস্ট সিরিজের। এতে সই আছে অজি দলপতি ডন ব্র্যাডম্যান এবং ভারতীয় অধিনায়ক লালা অমরনাথের। মাত্র মাস দুয়েক আগে ব্রিটিশদের হটিয়ে স্বাধীনতা অর্জনের পর সেটাই ছিল ভারতীয় ক্রিকেট দলের প্রথম অস্ট্রেলিয়া সফর।

বলের ভেতর-বাহির
বাজারে অনেক কিছুই ‘অরগানিক’ বলে বিকোচ্ছে আজকাল। তবে ক্রিকেট বল যে মোটামুটি অরগানিক বা প্রাকৃতিক উপাদানে তৈরি তা সন্দেহাতীত। দেখুন প্রমাণ—
কর্ক: ক্রিকেট বলের ভেতরটা তৈরি হয় কর্ক দিয়ে। বলের আকার আর ঘনত্ব আসে এই কর্ক থেকেই।
পাকানো সুতার স্তর: বলের বাইরের অংশটা তৈরি হয় চামড়া দিয়ে। কর্কের সঙ্গে এই চামড়ার আচ্ছাদন ধরে রাখতে ব্যবহৃত হয় পাকানো সুতার স্তর।
চামড়া: টেকসই এবং গতিময় একটা পৃষ্ঠ তৈরি করা হয় চামড়া দিয়ে। আর চামড়া যখন ঘষা খেয়ে খেয়ে রুক্ষ হয়ে যায়, বদলে যায় বলের গতি আর গতিপথ!
সিম: এই সিম বা বলের দুই পাশের চামড়ার জোড়মুখই বোলারকে দেয় সুইং।

ময়লাটে সাদা বল
একে আপনি সাদা বলবেন? নাকি জলদস্যুর বহুদিন না-মাজা দাঁতের রঙের সঙ্গে তুলনা করবেন? সে যা-ই বলুন, এটিও একসময় ছিল ঝকঝকে সাদা বল। ৫০ ওভারের ম্যাচে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৯ দলের ব্যাটসম্যানদের মার খেয়ে এর এই দশা! ২০০৩ সালের ওই ম্যাচের বলের রংটাই কেমন পাল্টে গেছে, দেখুন! ফলে এটাই ময়লা সাদা বলের অন্যতম উদাহরণ।

ঝকঝকে সাদা বল
দিবা-রাত্রির ম্যাচের প্রচলন হওয়ার পর বিপাকে পড়লেন ব্যাটসম্যানরা। রাতের বেলা লাল রঙের বল চোখেই দেখা যায় না এমন অবস্থা! ফলে ক্রিকেট মাঠে ইনিংস শুরু করল সাদা বল; এখনকার স্বল্পদৈর্ঘ্যের ক্রিকেটের প্রতীক যেটা। তবে সাদা বলের বড় সমস্যা হলো এটা দ্রুতই ময়লা হয়ে যায়। একটি ম্যাচে অন্তত দুটি সাদা বল তো লাগেই। ছবির এ বলটি ১৯৯২ সালের ২৩ ফেব্রুয়ারির। অস্ট্রেলিয়ার ব্র্যাডম্যান ওভাল মাঠে সেদিন হয়েছিল দক্ষিণ আফ্রিকা বনাম ব্র্যাডম্যান একাদশের প্রীতি ম্যাচ। প্রথমে ব্যাট করেছিল দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ইনিংসে ব্র্যাডম্যান একাদশ দুই ওভার খেলতে না খেলতেই বাগড়া বাধায় বৃষ্টি। ফলে এই বলটা রয়ে যায় একদম ঝকঝকে সাদা!

দৃষ্টিপ্রতিবন্ধীদের ক্রিকেট বল
দৃষ্টিপ্রতিবন্ধীদের ক্রিকেটের চল শুরু ১৯২০ সাল থেকে। প্রথম বিশ্বযুদ্ধে চোখ হারানো যোদ্ধাদের জন্যই সেই আয়োজনের শুরু। বেতের তৈরি বল দিয়ে খেলা চলেছিল ১৯৭২ সাল পর্যন্ত। ২০০৩ সালে শুরু হয় প্লাস্টিক বলের চল। শব্দ উৎপন্ন করার জন্য বলগুলোর ভেতরে ব্যবহার করা হয় বোতলের ছিপি ও ধাতব বস্তু। দৃষ্টিপ্রতিবন্ধীদের ক্রিকেট বিশ্বকাপ শুরু হয় ১৯৯৮ সালে, দিল্লিতে। এখন প্রতি চার বছর পরপর এই আসর বসে।

নারী ক্রিকেট দলের বল
ক্রিকেট বল সংরক্ষণ করা হয় নানা উপলক্ষে। ছবির এ বলটি স্মারক হিসেবে শোকেসে ঠাঁই পেয়েছে অস্ট্রেলীয় উইকেট কিপার কিট রেমন্ডের অভিষেক স্মরণে। ১৯৫৭ সালের জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে অ্যাডিলেডে টেস্ট ম্যাচ দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন কিট। বলটিতে দুই দলেরই একাধিক ক্রিকেটারের সই আছে। নারীদের ক্রিকেটে যে বল ব্যবহৃত হয়, সেগুলো পুরুষদের ক্রিকেটে ব্যবহৃত বলের তুলনায় খানিকটা ছোট, ওজনেও হালকা।
বল কেন ঘষে?
ক্রিকেটের নবীন দর্শকদের মনে একটা প্রশ্ন উঁকি দেওয়া স্বাভাবিক—বোলাররা কেন বল ঘষেন? উত্তরটা হলো—বল যত মসৃণ হবে, গতি হবে তত বেশি। স্বাভাবিকভাবেই ঝকঝকে তকতকে বলই ফাস্ট বোলারদের প্রিয়। তবে ক্রিকেটের আইনে কড়াকড়িভাবেই বল ‘বিকৃত’ করার ব্যাপারে বারণ আছে। বোলাররাও কম যান না, বল মসৃণ করতে অনেক কসরত করেন তাঁরা। থুতু দিয়ে ভিজিয়ে কাপড়ে ঘষলেই বল আরও মসৃণ হয়ে ওঠে।
মাহফুজ রহমান
সূত্র: ইন্টারন্যাশনাল ক্রিকেট হল ডটকম